ছবিঃ সংগৃহীত
অমর কথাশিল্পী মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিয়ে সভা করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন। সোমবার সকাল ১০টায় এ সভা হয়।
জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন পুলিশ সুপার আমিনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন-কেইউজের সভাপতি মোহা. আব্দুর রাজ্জাক বাচ্চু এবং কুমারখালী শিল্পকলার সাধারণ সম্পাদক কে এম আলম।
বক্তারা মীর মশাররফ হোসেনকে বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, যুগস্রষ্টা ও কালজয়ী কথাশিল্পী হিসেবে স্মরণ করেন। তাঁদের ভাষায়, উনবিংশ শতাব্দীর মুসলিম সাহিত্যিকদের মধ্যে তিনি ছিলেন আলোকবর্তিকা; অসাধারণ লেখনী দিয়ে বাঙালি মুসলিম সমাজে সাহিত্যচর্চার নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন তিনি। সে সময়ের সমাজে মুসলিম সাহিত্যিকের উপস্থিতি যখন বিরল, তখনই শক্তিশালী লেখনীতে বাংলা সাহিত্যের ভান্ডার সমৃদ্ধ করেন মীর মশাররফ হোসেন।
বক্তারা বলেন, তাঁর নাম এলেই সবার আগে মনে পড়ে মহাকাব্যিক উপন্যাস ‘বিষাদ-সিন্ধু’র কথা। কারবালার বিষাদময় ঐতিহাসিক ঘটনা নিয়ে লেখা এ গ্রন্থ বাংলা সাহিত্যের অনন্য সম্পদ। এর ভাষা, আবেগ আর কাহিনির গভীরতা এতটাই হৃদয় ছুঁয়ে যায় যে কেবল মুসলিম সমাজে নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক বাঙালি পাঠকের মনে বইটি স্থায়ী জায়গা করে নিয়েছে।
জন্মবার্ষিকীটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক সিদ্ধান্ত ও কর্মসূচি নিয়ে সভায় আলোচনা হয়।
বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও সভায় অংশ নেন।