০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সন্ধ্যা নামলেই ঠান্ডা, দিনে ঝলমলে রোদ: তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন ১৫ ডিগ্রি

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০৯-১১-২০২৬
সন্ধ্যা নামলেই ঠান্ডা, দিনে ঝলমলে রোদ: তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন ১৫ ডিগ্রি ছবিঃ সংগৃহীত

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নেমে এসেছে সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াসে। সন্ধ্যা হলেই ঠান্ডার অনুভূতি বাড়ছে, কুয়াশা থাকছে ভোর পর্যন্ত। অথচ সকাল গড়িয়ে সূর্য উঠতেই পাল্টে যাচ্ছে আবহাওয়া, ঝলমলে রোদে দিনের বেলা মিলছে উষ্ণতা। দিন আর রাতের তাপমাত্রার এমন ওঠানামার মধ্যেই এ তাপমাত্রা রেকর্ড হলো।

সোমবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এই তাপমাত্রা রেকর্ড করে।

আগের দিন রোববার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৫ ডিগ্রি।

রোববার জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, ফলে দিন ও রাতের তাপমাত্রার ফারাক বেশ স্পষ্ট হয়ে উঠেছে।

শীতের মৌসুম পুরোপুরি শুরু না হলেও ধীরে ধীরে তাপমাত্রা কমে আসায় পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা স্পষ্ট হচ্ছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত শীত ভাব থাকলেও দিনে রোদের উষ্ণতায় আবহাওয়া অনেকটাই স্বাভাবিক থাকছে।

স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার পর থেকে ঠান্ডা বাড়তে থাকে এবং রাত যত গভীর হয়, শীতও তত বাড়ে। ভোর পর্যন্ত কুয়াশা দেখা যায়, অনেকে তখন গায়ে শীতের পোশাক জড়াচ্ছেন। তবে দিনের রোদে শীতের অনুভূতি অনেকখানি কমে যাচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিতেন্দ্রনাথ রায় বাসসকে জানান, সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আগের দিন একই সময়ে তা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ