ছবিঃ সংগৃহীত
অর্থের টানাটানি আর ভূরাজনৈতিক উত্তেজনায় জলবায়ু প্রশ্নে বৈশ্বিক সহযোগিতা যখন কঠিন হয়ে পড়েছে, ঠিক তখনই আজ সোমবার তুরস্কে শুরু হচ্ছে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ-৩১। অথচ বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়তে থাকায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি পদক্ষেপের তাগিদ ক্রমেই জোরালো হচ্ছে।
বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
ভূমধ্যসাগর তীরের শহর আন্তালিয়ার একটি বিশাল প্রদর্শনী কেন্দ্রে আগামী দুই সপ্তাহ ধরে চলবে এ সম্মেলন, যেখানে ১ লাখের বেশি মানুষের অংশ নেওয়ার কথা।
জ্বালানি ব্যবস্থায় দ্রুত রূপান্তর এবং জলবায়ু সংকটের বাড়তে থাকা প্রভাব সামলাতে উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়া নিয়ে কঠিন দর-কষাকষিতে বসবেন প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা।
তবে বড় কোনো অগ্রগতির আশা দেখছেন না পর্যবেক্ষকেরা। তাঁদের মতে, বিশ্বজুড়ে জ্বালানি তেলের দামের হঠাৎ লাফ এবং ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ও ইউক্রেনে রাশিয়ার সংঘাত ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক সহযোগিতার পথ আটকে দিচ্ছে।
চলতি বছরও জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেমে থাকেনি। তীব্র তাপপ্রবাহে ইউরোপের নানা অঞ্চল বিপর্যস্ত হয়েছে, ইন্দোনেশিয়ায় দাবানল ছড়িয়েছে, আর হিমবাহ ধসে নেপালে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা।
পূর্বাভাস বলছে, বছরের শেষ দিকে অত্যন্ত শক্তিশালী এল নিনো পরিস্থিতি চূড়ায় পৌঁছাতে পারে। তাতে চরম আবহাওয়ার ঘটনা আরও বাড়তে পারে, এমনকি ২০২৬ বা ২০২৭ সাল রেকর্ডকৃত ইতিহাসের উষ্ণতম বছর হয়ে উঠতে পারে।
সামনের দিনগুলো নিয়ে দুশ্চিন্তাও বাড়ছে। জাতিসংঘ গত সেপ্টেম্বরে সতর্ক করেছে, শিল্পায়ন-পূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়ার পথে রয়েছে। তা হলে প্যারিস জলবায়ু চুক্তির সবচেয়ে উচ্চাভিলাষী তাপমাত্রা নিয়ন্ত্রণের লক্ষ্য ভেঙে পড়তে পারে।
ইউনিয়ন অব কনসার্নড সায়েন্টিস্টসের জলবায়ু কর্মসূচির পরিচালক র্যাচেল ক্লিটাসের মতে, বিশ্বনেতাদের অবশ্যই পৃথিবীকে এই বিপর্যয়ের কিনারা থেকে ফিরিয়ে আনতে হবে এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর অঙ্গীকার করতে হবে। তিনি বলেন, চলমান জ্বালানি ব্যয়ের সংকটও এ উদ্যোগের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তুলেছে।
কপ-৩১-এর সভাপতি তুরস্ক হলেও আলোচনার নেতৃত্বে রয়েছে অস্ট্রেলিয়া। আয়োজক দেশ নিয়ে বিরোধ মেটাতে নজিরবিহীন এক সমঝোতার ভিত্তিতে এমন ব্যবস্থা করা হয়েছে।
তুরস্ক ও অস্ট্রেলিয়া এবারের আসরকে ‘বাস্তবায়নের সম্মেলন’ হিসেবে তুলে ধরছে। এর মানে, বছরের পর বছর ধরে দেওয়া প্রতিশ্রুতি আর উচ্চাভিলাষী ঘোষণাগুলোকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়াই হবে মূল লক্ষ্য।
আনুষ্ঠানিক আলোচনার বাইরে তুরস্ক একটি ‘কর্মপরিকল্পনা’ নিয়েও এগোচ্ছে। এর অধীনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে বর্জ্য ব্যবস্থাপনা পর্যন্ত নানা বিষয়ে বাধ্যতামূলক নয়, এমন কিছু অঙ্গীকারে যুক্ত হতে দেশগুলোর প্রতি আহ্বান জানানো হচ্ছে।
বিশ্বজুড়ে বিদ্যুতের ব্যবহার বাড়ানো এ কর্মপরিকল্পনার অন্যতম প্রধান উদ্যোগ। এখন বিশ্বের মোট জ্বালানি চাহিদার প্রায় ২০ শতাংশ মেটে বিদ্যুৎ দিয়ে; ২০৩৫ সালের মধ্যে এ হার ৩৫ শতাংশে তোলার লক্ষ্য ধরা হয়েছে।
তবে মতবিরোধের সূত্রপাত হতে পারে এই উদ্যোগ থেকেই।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ‘পরিচ্ছন্ন বিদ্যুতায়নের’ ডাক দিয়েছে। তুরস্কের প্রস্তাবে জীবাশ্ম জ্বালানির ভূমিকা কী হবে, সে প্রশ্নে এই শব্দবন্ধ নতুন বিতর্ক উসকে দিতে পারে।
২০২৩ সালে দুবাইয়ের কপ-২৮ সম্মেলনে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার ঐতিহাসিক অঙ্গীকার করেছিল দেশগুলো। কিন্তু সে প্রতিশ্রুতি বাস্তবায়নের পথ নিয়ে এখনো তারা একমত হতে পারেনি।
কপ-৩০ শেষ হয়েছিল এমন এক চুক্তিতে, যাতে জীবাশ্ম জ্বালানির কথা সরাসরি উল্লেখই ছিল না; তেল উৎপাদনকারী দেশগুলোর আপত্তিতে এ নিয়ে স্পষ্ট ভাষা রাখা যায়নি।
তার বদলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধাপে ধাপে বন্ধের লক্ষ্যে একটি স্বেচ্ছামূলক ‘রোডম্যাপ’ বা পথনকশা তৈরি করে ব্রাজিল, যেখানে প্রতিটি দেশ নিজের পরিস্থিতি বুঝে পদক্ষেপ নিতে পারবে।
উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং চরম আবহাওয়াজনিত দুর্যোগের ক্ষতি সামলাতে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি রক্ষায় ইউরোপীয় ইউনিয়নসহ উন্নত দেশগুলোর ওপর চাপ বাড়ছে।
তবে বাড়তি অর্থসহায়তার প্রতিশ্রুতি দেওয়ার রাজনৈতিক সদিচ্ছা থাকবে না বলে সতর্ক করেছেন ইইউর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য বরাদ্দ অর্থ তিন গুণ করার বিষয়টি কপ-৩১-এর আলোচ্যসূচিতে রাখার দাবি তুলেছে আফ্রিকার দেশগুলো।
এ অর্থ পেলে দরিদ্র দেশগুলো সমুদ্রের পানি ঠেকাতে বাঁধ তৈরি, খরাসহিষ্ণু ফসল চাষসহ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
জলবায়ু কূটনীতিতে এখনো একটি গুরুত্বপূর্ণ দেশ অনুপস্থিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন, কপ-৩১-এ দেশটির কোনো সরকারি প্রতিনিধিও পাঠাননি।
তবে আন্তালিয়ায় যাচ্ছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি প্রতিনিধিদল। গত সপ্তাহের ঐতিহাসিক মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর ডেমোক্র্যাট প্রতিনিধিরা বেশ উচ্ছ্বসিত।
সামনে দুই সপ্তাহের কঠিন আলোচনা থাকলেও সম্মেলনের পরিবেশ বেশ ইতিবাচক বলে জানিয়েছেন আজারবাইজানের প্রধান আলোচক ইয়ালচিন রাফিয়েভ।
এএফপিকে তিনি বলেন, ‘আলোচনার পরিবেশ বেশ ভালো।’ তাঁর মতে, অনুকূল পরিবেশে তৈরি হওয়া এই ইতিবাচক মনোভাবকে এখন বাস্তব ও সফল ফলাফলে রূপ দিতে হবে।