১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

পিছিয়ে পড়েও অ্যাথলেটিকোকে ২-১ গোলে হারাল বার্সেলোনা, ফারমিন লোপেজের জোড়া গোলে লা লিগার শীর্ষে

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ০৯-১১-২০২৬
পিছিয়ে পড়েও অ্যাথলেটিকোকে ২-১ গোলে হারাল বার্সেলোনা, ফারমিন লোপেজের জোড়া গোলে লা লিগার শীর্ষে ছবিঃ সংগৃহীত

রোববার অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে শুরুতে গোল হজম করেও ২-১ ব্যবধানে জিতেছে বার্সেলোনা, যার দুটি গোলই ফারমিন লোপেজের। এ জয়ে লা লিগার পয়েন্ট তালিকার চূড়ায় উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনা এখন তিন পয়েন্ট এগিয়ে। তিনে থাকা অ্যাথলেটিকোর ব্যবধান আরও দুই পয়েন্ট বেশি।

মেট্রোপলিতানো স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। জুলিয়ানো সিমিওনের গোলে প্রথমে এগিয়ে যায় অ্যাথলেটিকো; বিরতির খানিক আগে লোপেজ সমতা ফেরান।

৬৬ মিনিটে লামিন ইয়ামালের পাস থেকে ২৩ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডারের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয় বার্সার। সেরা ছন্দে না থেকেও গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল আর কোপা দেল রেতে বার্সেলোনাকে হারিয়েছিল অ্যাথলেটিকো। এবারের জয়ে তার কিছুটা হলেও শোধ নিল কাতালানরা।

খেলা শেষে লোপেজ বলেন, “গত মৌসুমের কথা মাথায় রেখে আমরা জানতাম তারা কী ধরনের খেলা উপহার দেবে, ম্যাচটি খুব কঠিন হবে। তাদের গোলের পর প্রথমার্ধে আমাদের জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল। তবে আমার মনে হয়, আমরা জানতাম কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি।”

সম্প্রতি পিএসজি ও রিয়াল মাদ্রিদের কাছে হেরে সমালোচনায় পড়েছিল হান্সি ফ্লিকের দল। বড় ম্যাচের চাপ সামলাতে যে তারা পারে, সেটি আবারও প্রমাণ করল দলটি।

ফ্লিক বলেন, “এই ধরনের ম্যাচ জেতার মতো সক্ষমতা আমাদের আছে। দলের ওপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে।” তিনি আরও বলেন, “বিশেষ করে দ্বিতীয়ার্ধে আমরা দারুণ খেলেছি। এখানে জয় পাওয়া মোটেও সহজ নয়।”

হারের পরও দলের খেলায় সন্তুষ্ট অ্যাথলেটিকো কোচ দিয়েগো সিমিওনে। তিনি বলেন, “অভিযোগ করার মতো কিছুই নেই। আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম, সেভাবেই খেলেছি। আমি এখান থেকে এটা জেনেই যাচ্ছি, আমরা এখনো গড়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছি। আমাদের উন্নতির আরও জায়গা আছে এবং কিছু খেলোয়াড়ের আরও বেড়ে ওঠা প্রয়োজন।”

আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের শুরুটা ছিল টানটান। শুরুর দিকেই দুই দলের একটি করে শট গোলপোস্টে লাগে।

গ্রীষ্মের দলবদলে অ্যাথলেটিকো ছেড়ে বার্সেলোনায় যাওয়ার চেষ্টায় ব্যর্থ জুলিয়ান আলভারেজ গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে কাটিয়েও জালের দেখা পাননি; রক্ষণভাগের খেলোয়াড়েরা তাঁকে আটকে দেন।

এরপর কর্নার থেকে অ্যাথলেটিকোর ডিফেন্ডার মার্ক পুবিলের হেড ক্রসবারে লেগে ফেরে।

অন্য প্রান্তে বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালের পাস থেকে পেদ্রির জোরালো শটও ফিরে আসে পোস্টে লেগে।

১০ মিনিটে বার্সেলোনার রক্ষণ ভেঙে এগিয়ে যায় অ্যাথলেটিকো। আলভারেজের ক্রসে পোস্টের কাছ থেকে বল জালে জড়ান জুলিয়ানো সিমিওনে।

ব্যবধান বাড়াতে চেষ্টা চালিয়ে যান আলভারেজ, তাঁর একটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন গার্সিয়া। বার্সেলোনা তখনো নিজেদের স্বাভাবিক ছন্দ খুঁজে পেতে লড়ছিল।

প্রথমার্ধের শেষ দিকে আচমকাই সমতায় ফেরে বার্সেলোনা। বক্সে ঢোকার মুখে বাধা পেয়ে লোপেজ বলের নিয়ন্ত্রণ হারালেও ফিরতি বল পেয়ে শট নেন এবং ইয়ান ওবলাককে পরাস্ত করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোলরক্ষককে একা পেয়েও বল ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে দেন আলভারেজ। সেই সুযোগ হাতছাড়ার মাশুল গুনতে হয় অ্যাথলেটিকোকে, কিছুক্ষণ পরই এগিয়ে যায় বার্সেলোনা।

ইয়ামালের চমৎকার পাস অ্যাথলেটিকোর রক্ষণ চিরে পৌঁছায় লোপেজের পায়ে। ঠান্ডা মাথায় ওবলাককে হারিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। চলতি লা লিগায় ১১ ম্যাচে এটি তাঁর সপ্তম গোল।

দিনের অন্য ম্যাচে চারে থাকা রিয়াল বেতিস ২-০ গোলে হারিয়েছে এলচেকে। পাঁচে থাকা রিয়াল সোসিয়েদাদ রায়ো ভায়েকানোর বিপক্ষে জিতেছে ১-০ গোলে। গেতাফেকে ২-০ গোলে হারিয়ে আটে উঠেছে ভিয়ারিয়াল। আর সেল্টা ভিগো-লেভান্তে ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ