১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

পাসপোর্ট নয়, প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে হাসিনাকে

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ১০-১১-২০২৬
পাসপোর্ট নয়, প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে হাসিনাকে ছবিঃ সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরতে হবে। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

শেখ হাসিনাকে ‘পলাতক’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে হুমায়ুন কবির বলেন, তাঁকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না। শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনকে ‘হাস্যকর’ উল্লেখ করে তিনি বলেন, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও সাজাপ্রাপ্ত আসামি এ ধরনের আবেদন করতে পারেন না। তিনি দেশে ফিরতে চাইলে ভারতকে বন্দী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে ফেরত পাঠাতে হবে।

বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতকে স্পষ্টভাবে জানানো হয়েছে বলেও দাবি করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর পক্ষে কাজ করা আইনজীবীদের সমালোচনা করে তিনি বলেন, শুধু অর্থের বিনিময়ে কোনো লবিস্ট তাঁর হয়ে কাজ করলে তাঁদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবারও সাংবাদিকদের হুমায়ুন কবির জানিয়েছিলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না।

এদিকে সোমবার ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা। তাঁর পক্ষে লন্ডনের আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বারস’-এর একজন আইনজীবী হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের মাধ্যমে শেখ হাসিনার বর্তমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবর পাওয়ার পর তাঁর জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হচ্ছে। বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোর আওতাধীন বাধ্যবাধকতা বিবেচনায় আবেদনটি দ্রুত প্রক্রিয়াকরণেরও অনুরোধ জানানো হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এই প্রথম নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করলেন শেখ হাসিনা। ভারতে অবস্থানরত সাবেক এই প্রধানমন্ত্রীর এ পদক্ষেপকে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের একটি স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা তিনি আগেই জানিয়েছিলেন।

আদালতে আত্মসমর্পণ করতেই দেশে ফিরতে চান বলে জানিয়েছিলেন তিনি।

তাঁর সহযোগীরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। তবে তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক ও আইনি পরিস্থিতি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের ১৯ নভেম্বর পর্যন্ত ৬৬৩টি মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে ৪৫৩টি ছিল হত্যা মামলা। এসব মামলার একটিতে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে ভারতে অবস্থান করে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

এদিকে সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন নতুন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। সেখানে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই সংবাদ সম্মেলনে মূলত কপ-৩১ সম্মেলন নিয়ে আলোচনা হচ্ছে। এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য নেই।

অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম শেখ হাসিনার আবেদনকে ‘রাজনৈতিক স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন। সোমবার দুপুরে ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, শেখ হাসিনা যা করছেন, তা রাজনৈতিক স্টান্ট। তিনি দেশে ফিরবেন না। শেখ হাসিনার আত্মসমর্পণের ইচ্ছার বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ