১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

দল ছাড়লেও রাজনীতি ছাড়ছেন না তাসনিম-সামান্তা

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ১০-১১-২০২৬
দল ছাড়লেও রাজনীতি ছাড়ছেন না তাসনিম-সামান্তা ছবিঃ সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক ধারার প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তরুণ নেতৃত্ব, রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার ও বিকল্প রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় আসা দলটিতে সম্প্রতি প্রকাশ্যে এসেছে মতাদর্শিক টানাপোড়েন। এরই মধ্যে দলটির সাবেক দুই নেতা ডা. তাসনিম জারা ও সামান্তা শারমিনকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাঁদের কেউ কি নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) বা অল্টারনেটিভসের মতো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হবেন, নাকি গড়ে তুলবেন সম্পূর্ণ নতুন কোনো উদ্যোগ—এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে।

সামান্তা শারমিনের পদত্যাগ, তাঁর প্রতি তাসনিম জারার প্রকাশ্য সমর্থন এবং অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলমের প্রশংসাসূচক ফেসবুক পোস্ট এ আলোচনাকে আরও জোরালো করেছে।

তবে এখন পর্যন্ত তাসনিম জারা বা সামান্তা শারমিন কেউই অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়া কিংবা নতুন প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দেননি। এনসিপিতে সক্রিয়ভাবে ফেরারও কোনো ইঙ্গিত মেলেনি।

এনসিপি ছাড়ার সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পাঠানো পদত্যাগপত্রে জামায়াতের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন সামান্তা শারমিন। পাশাপাশি দলে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি, নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি এবং নিজস্ব রাজনৈতিক অবস্থান হারিয়ে ফেলার বিষয়েও আপত্তি জানান তিনি। অন্যদিকে, তাসনিম জারা প্রকাশ্যে সামান্তার রাজনৈতিক সততা ও ভূমিকার প্রশংসা করেন। তাঁর এই অবস্থানকে অনেকে ব্যক্তিগত সমর্থনের পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানের সম্ভাব্য ইঙ্গিত হিসেবেও দেখছেন।

এর আগে জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনি সমঝোতার সিদ্ধান্তের বিরোধিতা করে দল ছাড়েন তাসনিম জারা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি জানান, কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী না হয়ে স্বতন্ত্রভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান। এর পরদিন এনসিপির যুগ্ম আহ্বায়কের পদ ছাড়েন তাজনূভা জাবীন। তিনিও ফেসবুক পোস্টে জামায়াতের সঙ্গে জোট গঠনের প্রক্রিয়া নিয়ে আপত্তি জানান।

এদিকে সংস্কারমুখী ও মধ্যপন্থী রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রতিষ্ঠার চেষ্টা করছে অল্টারনেটিভস। চলতি বছরের ৬ মার্চ সংগঠনটির ১৭ সদস্যের জাতীয় সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে এনসিপির সাবেক তিন নেতা রয়েছেন। সংগঠনটির কয়েকজন নেতার বক্তব্য এবং সামান্তা শারমিনকে নিয়ে ইতিবাচক মন্তব্য নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা বাড়িয়েছে। অন্যদিকে, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া বাম ও মধ্যপন্থী তরুণদের উদ্যোগে গড়ে ওঠা নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনও (এনপিএ) বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান তৈরির চেষ্টা করছে। রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, তাসনিম জারা ও সামান্তা শারমিনের রাজনৈতিক অবস্থানের সঙ্গে এই দুই প্ল্যাটফর্মের কিছু নীতিগত মিল রয়েছে। একাধিক রাজনৈতিক সূত্রের দাবি, তাঁদের সঙ্গে এনপিএ ও অল্টারনেটিভসের কয়েকজন উদ্যোক্তার যোগাযোগ রয়েছে। ভবিষ্যতে তাঁরা নতুন কোনো রাজনৈতিক উদ্যোগ নিতে পারেন—এমন আলোচনাও রয়েছে। তবে এসব বিষয়ে সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

এনসিপি গঠনের অল্প সময়ের মধ্যে পরিচিত কয়েকজন নেতার দল থেকে সরে যাওয়া দলটির জন্য রাজনৈতিকভাবে অস্বস্তিকর বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে শিক্ষিত তরুণদের মধ্যে গ্রহণযোগ্যতা থাকা নেতাদের অনুপস্থিতি দলটির ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ মতপার্থক্য রাজনৈতিকভাবে মোকাবিলা এবং সাংগঠনিক সংস্কারে গুরুত্ব দিতে পারলে পরিস্থিতি সামাল দেওয়ার সুযোগ রয়েছে। অন্যদিকে, নতুন প্রজন্মের পরিচিত ও গ্রহণযোগ্য রাজনৈতিক মুখগুলোকে যুক্ত করতে পারলে এনপিএ ও অল্টারনেটিভসও জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও দৃশ্যমান করতে পারে।

নিজের পরবর্তী রাজনৈতিক অবস্থান সম্পর্কে জানতে চাইলে সামান্তা শারমিন বলেন, আপাতত কোনো সিদ্ধান্ত নেননি। সিদ্ধান্ত নিলে সবাইকে জানিয়েই করবেন। তাসনিম জারার সঙ্গে যোগাযোগ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ব্যক্তি তাসনিম জারার সঙ্গে কথা হয়। তবে নতুন কোনো দলে যোগ দেওয়া বা রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়নি।

এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক বলেন, দল ছেড়ে যাওয়া সামান্তা শারমিন ও তাসনিম জারার জন্য তাঁর শুভকামনা রয়েছে। তাঁদের মতো নারীরা রাজনীতিতে সক্রিয় থাকলে এবং রাজনীতিকে এগিয়ে নিলে তা দেশের জন্য ইতিবাচক হবে। অন্য কোনো রাজনৈতিক দলে তাঁদের যোগ দেওয়ার গুঞ্জন সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই।

এনসিপির কমিটি গঠনের পরপরই সামান্তা শারমিনের পদত্যাগের ঘোষণা আসায় কমিটি নিয়ে কোনো মনোমালিন্য বা দ্বন্দ্ব তৈরি হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে ফরিদুল হক বলেন, কমিটি নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। সামান্তা কাউন্সিল ছাড়া কমিটি গঠনের বিষয়ে প্রশ্ন তুলেছেন। তবে এটি নতুন কমিটি গঠন নয়, বরং আগের কমিটি পুনর্গঠন ও দায়িত্ব পুনর্বিন্যাসের অংশ।

এদিকে, তাসনিম জারা ও সামান্তা শারমিনের নতুন কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে জানতে এনপিএর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু এবং অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ