১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সরকারি গুদামে চালের মজুত, তবু বাজারে চড়া দাম

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১০-১১-২০২৬
সরকারি গুদামে চালের মজুত, তবু বাজারে চড়া দাম ছবিঃ সংগৃহীত

ধান থেকে চাল উৎপাদন, এরপর মিল থেকে আড়ত ও পাইকারি বাজার ঘুরে খুচরা দোকান—প্রতিটি ধাপেই বাড়ছে চালের দাম। উত্তরাঞ্চলের অন্যতম চাল উৎপাদন ও বিপণনকেন্দ্র বগুড়ার শেরপুরে মিলগেট থেকে খুচরা বাজারে পৌঁছাতে কোনো কোনো চালের দাম কেজিতে আট টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে। এতে বাড়তি অর্থ গুনতে হচ্ছে ক্রেতাদের। তবে উৎপাদন ও সরবরাহের বিভিন্ন পর্যায়ে ঠিক কত টাকা খরচ হচ্ছে এবং ব্যবসায়ীদের মুনাফা কত, তার সুস্পষ্ট হিসাব পাওয়া যাচ্ছে না।

রোববার (৮ নভেম্বর) দিনভর শেরপুর ও আশপাশের বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। অথচ চালের বাজার নিয়ন্ত্রণে সরকারি নজরদারি, বাজারদর পর্যবেক্ষণ ও খাদ্যশস্যের মজুত ব্যবস্থাপনা রয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ৪ নভেম্বর পর্যন্ত সরকারি গুদামে চালের মজুত ছিল ১৭ লাখ ৯৬ হাজার ৪১৬ টন। চাল, গম ও ধান মিলিয়ে মোট খাদ্যশস্যের মজুত ছিল ২১ লাখ ৭ হাজার ৩৫২ টন। ভাসমান মজুতসহ এর পরিমাণ ২১ লাখ ১৭ হাজার ৩১৬ টন। এত মজুত থাকার পরও খুচরা বাজারে চালের উচ্চমূল্য এবং সরবরাহব্যবস্থার বিভিন্ন পর্যায়ে দামের বড় ব্যবধান প্রশ্ন তৈরি করেছে। শেরপুর ও বৃহত্তম মোকাম তালোড়ার চাল ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, গত এক মাসে মাঝারি ও সরু জাতের ধানের দাম মণপ্রতি ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। এর প্রভাব পড়েছে চালের বাজারেও। এ সময়ে মাঝারি চালের দাম কেজিতে চার থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। সরু চালের দামও ঊর্ধ্বমুখী। ধানের মূল্যবৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ, শ্রমিকের মজুরি ও পরিবহন ব্যয় বাড়াকেও দাম বৃদ্ধির কারণ হিসেবে দেখাচ্ছেন মিলমালিক ও ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দেওয়া তথ্য বলছে, এক মাস আগে শেরপুরে মাঝারি চালের কেজি ছিল ৪৫ থেকে ৪৬ টাকা। বর্তমানে মানভেদে তা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৬ টাকায়। সরু কাটারি চালের দাম আগে ছিল ৭৫ থেকে ৭৬ টাকা। এখন মিল পর্যায়েই তা বেড়ে ৭৮ থেকে ৭৯ টাকায় উঠেছে। খুচরা বাজারে একই চাল কিনতে হচ্ছে ৮৪ থেকে ৮৫ টাকায়।

হিসাব অনুযায়ী, মাঝারি চাল মিলগেটের তুলনায় খুচরা পর্যায়ে কেজিতে চার থেকে পাঁচ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। সরু চালের ক্ষেত্রে এ ব্যবধান পাঁচ থেকে আট টাকা। ফলে ৩০ কেজির এক বস্তা চাল কিনতে মিলগেট ও খুচরা বাজারের দামের পার্থক্য দাঁড়াচ্ছে ১২০ থেকে ২৪০ টাকা। কোনো পরিবার মাসে ৩০ কেজি চাল কিনলে শুধু এই ব্যবধানের সমপরিমাণ অর্থই অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে। তবে এই পার্থক্যের পুরোটাই ব্যবসায়ীদের মুনাফা নয়; এর মধ্যে পরিবহন, শ্রমিকের মজুরি, বস্তা, দোকানভাড়া ও অন্যান্য পরিচালন ব্যয়ও রয়েছে।

চাল ব্যবসায়ী আমির হোসেন বলেন, মিল থেকে চাল কিনে বাজারে পৌঁছানো পর্যন্ত কয়েকটি ধাপে খরচ হয়। পরিবহন, ওঠানো-নামানো, বস্তা ও দোকান পরিচালনার ব্যয় রয়েছে। এসব খরচ মেটানোর পর ব্যবসায়ীদেরও কিছু মুনাফা রাখতে হয়।

শেরপুরের বাজারে মাঝারি জাতের ধানের মণ এক মাস আগে বিক্রি হয়েছে এক হাজার ১০০ টাকায়। বর্তমানে তা বেড়ে এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকায় উঠেছে। সরু জাতের ধানের দাম আগে মণপ্রতি এক হাজার ৮০০ টাকা থাকলেও এখন বিক্রি হচ্ছে এক হাজার ৯০০ থেকে দুই হাজার টাকায়। মাঝারি চাল উৎপাদনে ব্যবহৃত ব্রি ধান-২৯, বিনা-৭ ও বিনা-১৭ জাতের ধানের দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কাটারিসহ অন্যান্য সরু জাতের ধানের দামও ঊর্ধ্বমুখী।

ধানের দাম বাড়ার পাশাপাশি উৎপাদন ব্যয় বৃদ্ধির কথাও বলছেন মিলমালিকরা। তাঁদের দাবি, শ্রমিকের মজুরি বাড়ায় চাল প্রক্রিয়াজাতকরণে কেজিপ্রতি অতিরিক্ত এক থেকে তিন টাকা ব্যয় হচ্ছে। পরিবহন খরচ বেড়েছে কেজিতে ৫০ পয়সা থেকে এক টাকা পর্যন্ত। শেরপুরের মিলমালিক আকরাম হোসেনের দাবি, তাঁর উৎপাদিত চালের কেজিপ্রতি ব্যয় ৭০ থেকে ৭২ টাকা পর্যন্ত। অথচ কোনো কোনো ক্ষেত্রে উৎপাদন খরচের চেয়ে তিন থেকে চার টাকা কমে চাল বিক্রি করতে হচ্ছে।

শুধু শেরপুর নয়, বগুড়া শহরের বাজারেও বিভিন্ন জাতের চাল উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। শহরের ফতেহ আলী বাজারের চাল ব্যবসায়ী নিরঞ্জনের দেওয়া তথ্য অনুযায়ী, সেখানে রঞ্জিত চাল কেজিপ্রতি ৫০ থেকে ৫২ টাকা, আটাশ ৫৪ থেকে ৫৫ টাকা, মিনিকেট ৭০ থেকে ৭৫ টাকা এবং কাটারি চাল ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে পোলাওয়ের চালের দাম কিছুটা কমেছে। ব্যবসায়ীদের হিসাবে, আগে যে চাল কেজিতে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হতো, তার কিছু ধরন এখন ১৫০ থেকে ১৬০ টাকায় পাওয়া যাচ্ছে। আরেক ব্যবসায়ী খলিলুর রহমান জানান, কাটারি চালের দাম কেজিতে ৮০ টাকার আশপাশে ওঠানামা করছে। উন্নতমানের সরু চাল কিনতে ক্রেতাদের বেশি খরচ করতে হলেও পোলাওয়ের চালের দাম আগের তুলনায় কিছুটা কমেছে।

চালের বাজারের এই অস্থিরতায় সবচেয়ে বেশি চাপে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার। বিশেষ করে নির্দিষ্ট আয়ের মানুষ ও দিনমজুরদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। খাবারের তালিকা থেকে মাছ, মাংস কিংবা অন্য পণ্য কমানো সম্ভব হলেও চালের ব্যবহার কমানোর সুযোগ সীমিত। ফলে চালের দাম বাড়লে সংসারের অন্য খরচ কমিয়ে হিসাব মেলাতে হচ্ছে অনেক পরিবারকে।

নির্মাণশ্রমিক জাহিদুল ইসলাম, ওমর ফারুক ও সবুজ মিয়া জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও সেই অনুপাতে তাঁদের আয় বাড়েনি। সংসারের প্রয়োজনীয় খরচ মেটাতেই তাঁরা হিমশিম খাচ্ছেন। তাঁদের ভাষ্য, চাল ছাড়া সংসার চলে না। দাম যতই বাড়ুক, কিনতেই হয়। অথচ কাজ করে যে আয় হয়, তা দিয়ে সব খরচ মেটানো কঠিন। অনেক সময় ধারদেনা করেও চলতে হচ্ছে। ৩০ কেজি চালের সংসারে কেজিপ্রতি পাঁচ টাকা দাম বাড়লে শুধু চাল কিনতেই মাসে অতিরিক্ত ১৫০ টাকা খরচ হয়।

সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) সম্পাদক কেজিএম ফারুক বলেন, বাজারদর নির্ভর করে নতুন ধানের সরবরাহ, চালের মান, ব্যবসায়ীদের মজুত, উৎপাদন খরচ ও বিতরণব্যবস্থার ওপর। এ পরিস্থিতিতে সরকারি মজুত থেকে বাজারে চাল সরবরাহের পরিমাণ, খোলাবাজারে বিক্রির প্রভাব এবং মিল থেকে খুচরা বাজার পর্যন্ত দামের ব্যবধান পর্যালোচনা করা জরুরি। বিশেষ করে শেরপুর ও তালোড়ার মতো গুরুত্বপূর্ণ চাল উৎপাদন ও বিপণনকেন্দ্রে মিলগেট ও খুচরা বাজারের দামের ব্যবধান যৌক্তিক কি না, তা যাচাই করা প্রয়োজন।

তাঁর মতে, ধান কেনা থেকে শুরু করে চাল উৎপাদন, মিলগেট, পাইকারি ও খুচরা পর্যায়ে কী দামে পণ্য বেচাকেনা হচ্ছে, তার নিয়মিত তথ্য প্রকাশ করা দরকার। এতে দামের পার্থক্য ও ব্যয়ের প্রকৃত চিত্র স্পষ্ট হবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ