ছবিঃ সংগৃহীত
মালায়লাম সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পরিচিতি পেলেও এখন তেলেগু চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত করতে ব্যস্ত অভিনেত্রী অনস্বরা রাজন। বর্তমানে তার হাতে রয়েছে চারটি তেলেগু সিনেমা। ভিন্ন ভাষা ও সংস্কৃতির চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি তেলেগু ইন্ডাস্ট্রির বড় পরিসর, উন্নত প্রযুক্তি এবং দর্শকদের সিনেমার প্রতি ভালোবাসা তাকে এই ইন্ডাস্ট্রির প্রতি আরও আগ্রহী করে তুলেছে। কেন মালায়লাম সিনেমার তুলনায় তেলেগু চলচ্চিত্রে বেশি সময় দিচ্ছেন, সে বিষয়েও নিজের অবস্থান জানিয়েছেন এই অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে অনস্বরা বলেন, ভিন্ন ভাষা ও চলচ্চিত্রশিল্পে কাজ করার আগ্রহ থেকেই তেলেগু সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। শুরুতে ভাষা ও সংস্কৃতির পার্থক্য কিছুটা বিভ্রান্তিকর মনে হলেও ধীরে ধীরে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন। তার মতে, মালায়লাম ইন্ডাস্ট্রির তুলনায় তেলেগু চলচ্চিত্রের পরিসর অনেক বড়। একজন অভিনেত্রী হিসেবে বিভিন্ন ধরনের গল্প ও ভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তেলেগু ইন্ডাস্ট্রি ও দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসা তাকে আরও অনুপ্রাণিত করেছে।
তেলেগু ভাষা এখনো পুরোপুরি আয়ত্ত করতে পারেননি অনস্বরা। তবে ভাষাগত সীমাবদ্ধতা তার কাজের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। শুটিং সেটে সহকর্মী ও কলাকুশলীদের সহযোগিতায় কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। অভিনেত্রীর ভাষায়, তেলেগু দর্শকদের সিনেমার প্রতি ভালোবাসা সত্যিই অসাধারণ।
দুই ইন্ডাস্ট্রির কাজের পরিবেশের তুলনা করতে গিয়ে অনস্বরা জানান, তেলেগু সিনেমার শুটিংয়ের সময়সূচি মালায়লাম চলচ্চিত্রের তুলনায় কিছুটা কম ব্যস্ততাপূর্ণ। তবে সেখানে কলাকুশলীর সংখ্যা অনেক বেশি।
বর্তমানে অনস্বরার হাতে থাকা চারটি তেলেগু সিনেমার মধ্যে রয়েছে চিরঞ্জীবীর ‘কাকা’ ও রবি তেজার ‘তুলাভারম’। ‘কাকা’ সিনেমায় চিরঞ্জীবীর মেয়ে আম্মুলু পাপার চরিত্রে অভিনয় করছেন তিনি। ববি পরিচালিত সিনেমাটি ২০২৭ সালের সংক্রান্তি উৎসবে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
চিরঞ্জীবীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনস্বরা। তিনি জানান, চিরঞ্জীবী শুটিং সেটে অত্যন্ত পেশাদার। অভিনয়ের পাশাপাশি একজন মানুষ হিসেবেও তার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। এই তারকার সঙ্গে কাজ করতে পেরে নিজেকে গর্বিত মনে করেন তিনি।
অন্যদিকে, রবি তেজার ‘তুলাভারম’ সিনেমায় নিজের চরিত্র নিয়ে প্রচলিত ভুল ধারণা পরিষ্কার করেছেন অভিনেত্রী। বিবেক আত্রেয়া পরিচালিত এবং ব্রিজ প্রোডাকশনস প্রযোজিত এই অপরাধনির্ভর সিনেমায় তাকে নায়িকার ভূমিকায় দেখা যাবে না। তবে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমাটির প্রধান নারী চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা মোহন। এতে আরও অভিনয় করছেন জে ডি চক্রবর্তী।
এ ছাড়া ‘অন্ত রামুলোরু চুসুকুনতারু’ সিনেমায় সংগীত শোভনের বিপরীতে প্রধান চরিত্রে দেখা যাবে অনস্বরা রাজনকে। গ্রামীণ পটভূমিতে নির্মিত প্রেমের গল্পের সিনেমাটি পরিচালনা করছেন পালানাটি সূর্য প্রতাপ। এর আগে ‘কুমারী ২১এফ’ ও ‘১৮ পেজেস’ সিনেমা পরিচালনা করেছেন তিনি। নতুন সিনেমায় অনস্বরার চরিত্রের নাম সিরিশা। অন্যদিকে সংগীত অভিনয় করছেন মারুতির ভূমিকায়। সিনেমাটির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন মিকি জে মেয়ার।
অভিনয়ের ক্ষেত্রে রোমান্টিক কমেডির প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে অনস্বরার। তবে তার মতে, এ ধরনের সিনেমায় অভিনয় যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়। বিশেষ করে প্রেমের গল্পে আবেগ প্রকাশের ক্ষেত্রে সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখা জরুরি। সামান্য বাড়াবাড়িও দর্শকের কাছে অস্বস্তিকর মনে হতে পারে।