১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

কর্মশালায় ৬১ পৌরসভার ১৭ প্রশাসক ও ১৯ পৌর নির্বাহী কর্মকর্তা অনুপস্থিত, সেবা ব্যাহত হলে তাৎক্ষণিক বরখাস্তের হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ১১-১১-২০২৬
কর্মশালায় ৬১ পৌরসভার ১৭ প্রশাসক ও ১৯ পৌর নির্বাহী কর্মকর্তা অনুপস্থিত, সেবা ব্যাহত হলে তাৎক্ষণিক বরখাস্তের হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর ছবিঃ সংগৃহীত

পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা কিংবা নাগরিক সেবায় ব্যাঘাত ঘটলে দায়িত্বে থাকা কর্মকর্তাকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হবে—এমন কঠোর সতর্কবার্তা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব উদ্যোগ নিশ্চিত করতে না পারলে সংশ্লিষ্ট পৌরসভার দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে জাতীয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন প্রতিমন্ত্রী। কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান।

নগর ব্যবস্থাপনার মূল সমস্যার কথা তুলে মীর শাহে আলম বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনা শহরের অন্যতম প্রধান কাজ হলেও অধিকাংশ পৌরসভায় নির্দিষ্ট কোনো ল্যান্ডফিল নেই। বর্জ্য খোলা জায়গায় ফেলে রাখলে মাস্টারপ্ল্যানের উদ্দেশ্য ব্যাহত হয় এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে। দ্রুত ম্যানহোল ও বাউন্ডারি ওয়ালসহ আধুনিক ল্যান্ডফিল তৈরি করতে হবে, যাতে আধুনিক প্রযুক্তির সাহায্যে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদন করা সম্ভব হয়।’

এমন গুরুত্বপূর্ণ কর্মশালায় বহু কর্মকর্তা না আসায় ক্ষোভ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার মোটা অঙ্কের অর্থ ব্যয় করে এই কর্মশালার আয়োজন করেছে। অথচ ৬১টি পৌরসভার মধ্যে ১৭ জন প্রশাসক এবং ১৯ জন পৌর নির্বাহী কর্মকর্তা অনুপস্থিত। দায়িত্বপ্রাপ্তদের এই ধরনের উদাসীনতা সেমিনারের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করে।’ প্রকৌশলীরা অবশ্য উপস্থিত ছিলেন; এটিকে ইতিবাচক বলে প্রশংসা করেন তিনি।

পৌরসভার মাস্টারপ্ল্যান প্রসঙ্গে প্রতিমন্ত্রীর মন্তব্য, ‘পৌরসভার মাস্টারপ্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে তালিকায় বড় ধরনের অনিয়ম হয়েছে। ফলে অনেক গুরুত্বপূর্ণ ও যোগ্য পৌরসভা মাস্টারপ্ল্যানের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। মূলত জেলাভিত্তিক এবং ‘ক’ শ্রেণির পৌরসভাগুলোকে শুরুতেই এই তালিকায় অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।’

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার বিভাগের আওতায় অবকাঠামোর মান বাড়াতে এলজিইডির মাধ্যমে দেশজুড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন চলছে। শুধু রাস্তাঘাট নয়, শিশু পার্ক, কবরস্থান, সুপেয় পানি সরবরাহ, খাল ও জলাশয় সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণেও জোর দিতে উপস্থিত কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ নাগরিক সেবায় প্রশাসনিক হয়রানি একেবারেই সহ্য করা হবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘কিছু পৌরসভায় পরিকল্পিতভাবে সার্ভিস স্থগিত রেখে বা দুর্নীতির মাধ্যমে নাগরিকদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এগুলো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এছাড়া সোলার প্যানেল বাবদ পাঠানো বরাদ্দ অব্যবহৃত ফেলে রাখা পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের প্রসঙ্গ টেনে তিনি জানান, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে আগামী চার বছরে ৪ কোটি পরিবারের গৃহকর্তীর হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে; ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে এ বছরই ৪১ লাখ নারী এ সুবিধা পাবেন। পিছিয়ে পড়া যুবকদের দক্ষতা উন্নয়নের (স্কিল ডেভেলপমেন্ট) মাধ্যমে কর্মসংস্থান তৈরির জন্য ইংরেজির বাইরে তৃতীয় ভাষা হিসেবে আরবি, মালয়, কোরিয়ান বা জাপানি ভাষার প্রশিক্ষণ যুক্ত করার আহ্বানও জানান তিনি। সেই সঙ্গে সাড়ে ৩ লক্ষাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানকে রাষ্ট্রীয় সম্মানীর আওতায় আনা এবং প্রতিটি ইউনিয়নে ধর্মীয় উপাসনালয় সংস্কারে ৩০ লাখ টাকা করে বরাদ্দের কথাও তিনি তুলে ধরেন।

স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এলজিইডির অতিরিক্ত প্রধান ও নির্বাহী প্রকৌশলীরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের শিক্ষকেরা এবং নানা পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকৌশলীরা কর্মশালায় অংশ নেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ