ছবিঃ সংগৃহীত
হাজারীবাগ থেকে সাভার চামড়া শিল্পনগরীতে সরে যাওয়ার পরও যেসব ট্যানারি এখনো উৎপাদনে যেতে পারেনি, সেগুলো চালু করতে প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার—এমনটাই জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে পরিবেশগত বিধিবিধান মানতে ব্যর্থ কোনো ট্যানারিকে কাজ চালাতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।
মন্ত্রীর ভাষ্য, আন্তর্জাতিক বাজারে চামড়াশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে পরিবেশগত মান নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক করা এবং আন্তর্জাতিক সনদ অর্জনের ওপর।
বুধবার রাজধানীর শেরাটন হোটেলে ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই) ও লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে।
বাণিজ্যমন্ত্রী মনে করেন, চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে বাংলাদেশের সম্ভাবনা বিপুল। গত বছর লেদার ও নন-লেদার মিলিয়ে দেশ থেকে প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য বিদেশে গেছে। বাংলাদেশের জন্য ইউরোপীয় ইউনিয়ন গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার; আর প্রতিবেশী ভারতও এখন বাংলাদেশের চামড়াজাত পণ্যের প্রধান ক্রেতাদের একটি হয়ে উঠেছে।
এই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে তিনি পণ্যের মান, পরিবেশগত কমপ্লায়েন্স এবং আন্তর্জাতিক বাজারের চাহিদামাফিক উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন।
মন্ত্রী বলেন, হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি সরাতে দীর্ঘ সময় লাগায় চামড়াশিল্পের অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। এখন খাতটির বিদ্যমান সমস্যা সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরিত হয়েও যেসব ট্যানারি উৎপাদনে যেতে পারেনি, সেগুলোর জন্য থাকবে কারিগরি ও আর্থিক সহায়তা।
মন্ত্রীর তথ্যমতে, আয়তনে ৫০ হাজার বর্গফুট বা তার চেয়ে বড় প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) বসানো বাধ্যতামূলক করা হবে। সাভারের সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদও নিতে হবে। পরিবেশগত মান ও বিধিবিধান মানার প্রশ্নে কোনো ছাড় থাকবে না।
বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করতে সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা বাড়ানো এবং উন্নত ক্রোমিয়াম রিকভারি ইউনিট বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। তাঁর মতে, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাজারে দেশের চামড়াশিল্প আরও শক্ত অবস্থান গড়তে পারবে।
অর্থনীতিতে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের গুরুত্ব ব্যাখ্যা করে বাণিজ্যমন্ত্রী বলেন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, কর্মসংস্থান তৈরি ও আয়বৈষম্য কমানোর জন্য এ খাতের বিকাশ অপরিহার্য। মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সিএমএসএমই খাতের হিস্যা এখনো এক-চতুর্থাংশেরও কম। বৈষম্য কমাতে এই হিস্যা অন্তত ৬০ শতাংশে তোলা দরকার বলে উল্লেখ করেন তিনি।
ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নের বাধা দূর করার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ব্যাংকঋণ নিতে গিয়ে জটিল কাগজপত্র আর প্রক্রিয়াগত বাধায় বহু সম্ভাবনাময় উদ্যোক্তা প্রয়োজনীয় অর্থ পান না। এ সমস্যা দূর করতে এসএমই ফাউন্ডেশনকে নতুন করে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে প্রাতিষ্ঠানিক সহায়তা ও ঋণ পাওয়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ হয়।
তাঁর তথ্যমতে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এসএমই খাতের ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বেড়ে ২ হাজার কোটি টাকা হয়েছে। এ কর্মসূচিতে ঋণ আদায় হচ্ছে ৯৮ শতাংশ হারে—ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যে সক্ষম ও আর্থিকভাবে শৃঙ্খলাবদ্ধ, এটি তারই ইতিবাচক দৃষ্টান্ত।
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করার কথা বলে বাণিজ্যমন্ত্রী জানান, টেকসই শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার বাড়াতে দুই দেশের সহযোগিতা নতুন সম্ভাবনা খুলে দিতে পারে। নেদারল্যান্ডস প্রযুক্তি ও প্রতিষ্ঠান পরিচালনায় যে অভিজ্ঞতা অর্জন করেছে, বিশেষ করে হোম টেক্সটাইল ও চামড়াশিল্পের মতো রপ্তানিমুখী খাতে তা দেশের শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করতে বড় ভূমিকা রাখতে পারে।
দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং চামড়াশিল্পের উন্নয়নে নেদারল্যান্ডস সরকার, সিবিআই ও সংশ্লিষ্ট উন্নয়ন অংশীদারদের সহযোগিতার প্রশংসা করেন তিনি। টেকসই উৎপাদন, পরিবেশবান্ধব শিল্পায়ন ও রপ্তানি বহুমুখীকরণের মধ্য দিয়ে বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় করার প্রত্যয়ও জানান মন্ত্রী।
অনুষ্ঠানে দুই দেশের মধ্যে টেকসই বাণিজ্য বাড়ানো, শিল্প খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং হোম টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক বাজার উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা হয়। সেখানে সিবিআইয়ের হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচিরও উদ্বোধন হয়। নতুন এ কর্মসূচিতে সংশ্লিষ্ট খাতের সক্ষমতা বাড়ানো, আন্তর্জাতিক বাজারের মানদণ্ড মেনে চলা এবং রপ্তানির সম্ভাবনা বাড়ানোর বিষয়গুলো প্রাধান্য পায়।
বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন। সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই)-এর ম্যানেজিং ডিরেক্টর জুডিথ আরেন্ডসও বক্তব্য রাখেন।
সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, শিল্পোদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনেরা অনুষ্ঠানে অংশ নেন।