১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

আয়ের ৬ শতাংশ পর্যন্ত জরিমানার বিধান রেখে ‘ডিজিটাল ফেয়ারনেস অ্যাক্ট’ আনছে ইইউ, আসক্তিকর ফিচার বন্ধের সুযোগ পাবেন ব্যবহারকারীরা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১১-১১-২০২৬
আয়ের ৬ শতাংশ পর্যন্ত জরিমানার বিধান রেখে ‘ডিজিটাল ফেয়ারনেস অ্যাক্ট’ আনছে ইইউ, আসক্তিকর ফিচার বন্ধের সুযোগ পাবেন ব্যবহারকারীরা ছবিঃ সংগৃহীত

অনলাইন প্ল্যাটফর্মে যেসব ফিচার ব্যবহারকারীদের আসক্ত করে তোলে, সেগুলো বন্ধ রাখার সুযোগ দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সেই সঙ্গে ইনফ্লুয়েন্সারদের দিয়ে পণ্যের প্রচার কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং ব্যবহারকারীকে প্রতারণার ফাঁদে ফেলে এমন অনলাইন ফিচারে নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে বুধবার জোটটি নতুন বিধিমালা ঘোষণা করবে।

ব্রাসেলস থেকে খবরটি দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অনলাইন কনটেন্ট নিয়ে ইইউতে আগে থেকেই বেশ কয়েকটি আইন আছে। কিন্তু ব্রাসেলস ও ভোক্তা অধিকারকর্মীরা মনে করেন, এসব আইনে কিছু ফাঁক রয়ে গেছে, যে কারণে গ্রাহকেরা ক্ষতিকর ডিজিটাল কার্যক্রমের শিকার হচ্ছেন।

বুধবার ‘ডিজিটাল ফেয়ারনেস অ্যাক্ট’ (ডিএফএ) নামে ভোক্তা অধিকারবিষয়ক নতুন বিধিমালা প্রকাশ করার কথা ইইউর নির্বাহী সংস্থার। এই আইনে বড় ধরনের লঙ্ঘনের দায়ে কোম্পানিগুলোকে তাদের বার্ষিক আয়ের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত জরিমানা করতে পারবে সংস্থাটি।

ডিজিটাল সেবার ক্ষতিকর চর্চায় ইউরোপের ভোক্তারা আর্থিকভাবেও বড় ক্ষতির মুখে পড়ছেন। সরকারি হিসাবে, এমন ‘সমস্যাজনক’ ডিজিটাল কার্যক্রমে ব্যক্তিপর্যায়ে বছরে ক্ষতি দাঁড়াচ্ছে ১০ দশমিক ৩ বিলিয়ন ইউরো (১১ দশমিক ৫ বিলিয়ন ডলার) পর্যন্ত।

এএফপির হাতে আসা নথি বলছে, প্রস্তাবিত বিধিমালায় থাকছে—

প্রতারণামূলক নকশা নিষিদ্ধ: ব্যবহারকারীকে না জানিয়ে তাঁকে অনিচ্ছায় কোনো পণ্য কেনানো বা বিশেষ কোনো সেটিংস চালু করানোর কৌশল আর চলবে না। ‘ডার্ক প্যাটার্ন’ নামে পরিচিত এসব কৌশল নিষিদ্ধ হবে।

ইনফ্লুয়েন্সারদের প্রচারে কড়াকড়ি: ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে কোনো ব্র্যান্ডের পণ্যের প্রচারে কঠোর নিয়ম থাকবে; এমন পোস্টে স্পষ্ট করে ‘বিজ্ঞাপন’ লিখতে হবে।

অপ্রাপ্তবয়স্কদের জন্য টাকায় সুবিধা কেনা নিষিদ্ধ: শিশু-কিশোরদের জন্য অর্থ দিয়ে গেমে জেতা বা দ্রুত পরের ধাপে ওঠার ব্যবস্থা রাখা যাবে না। গেমের ভার্চুয়াল মুদ্রার প্রকৃত আর্থিক মূল্যও পরিষ্কারভাবে দেখাতে হবে।

ফ্রি ট্রায়াল শেষ হওয়ার আগেই সতর্কবার্তা: বিনা মূল্যে ব্যবহারের পরীক্ষামূলক মেয়াদ ফুরানোর আগে গ্রাহককে তা জানাতে হবে, সঙ্গে মেয়াদ শেষের তারিখ এবং সেবা চালু রাখতে কত খরচ পড়বে, তা-ও জানাতে হবে।

মানুষের মাধ্যমে গ্রাহকসেবা: ব্যবহারকারী চাইলে তাঁকে সরাসরি একজন গ্রাহকসেবা প্রতিনিধির সঙ্গে কথা বলতে দিতে হবে।

ইইউর ভোক্তা অধিকারবিষয়ক প্রধান মাইকেল ম্যাকগ্রাথ আগেই বলেছিলেন, অন্যায্য বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে লড়াই আরও জোরালো করাই নতুন বিধিমালার উদ্দেশ্য। তাঁর তথ্যমতে, ডার্ক প্যাটার্নের ব্যবহার আছে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মগুলোর ৯৭ শতাংশেই।

ইউরোপীয় ভোক্তা সংগঠনের কর্মকর্তা অগাস্টিন রেইনার মতে, অনলাইনে কতটা সময় আর অর্থ খরচ করবেন, সে নিয়ন্ত্রণ ভোক্তাদের হাতে ফিরিয়ে দিতে এ প্রস্তাব খুবই প্রয়োজনীয় একটি হাতিয়ার।

‘সুরক্ষার জাল’

১৩ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার পরিকল্পনা এবং অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় কোম্পানিগুলোকে অনলাইন প্ল্যাটফর্ম নিরাপদ করতে বাধ্য করার পদক্ষেপের পর ইইউর ক্রমেই বাড়তে থাকা ডিজিটাল বিধিমালা নিয়ে প্রশ্ন উঠেছে। ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টের আওতায় এরই মধ্যে ব্যাপক বিধিনিষেধও রয়েছে।

স্পেনের ইইউ আইনপ্রণেতা লরা বালারিন সেরেজা অবশ্য বলছেন, শিশু হোক বা প্রাপ্তবয়স্ক—সবার জন্য নিরাপদ অনলাইন পরিবেশ তৈরিই এ প্রস্তাবের উদ্দেশ্য। তাঁর কথায়, ভোক্তা অধিকার আইনের কাজ করার কথা একটি ‘সুরক্ষার জাল’ হিসেবে, আর নতুন বিধিমালা বিদ্যমান আইনের ফাঁকগুলো পূরণ করবে।

কেনাকাটার শেষ ধাপে পৌঁছানোর আগেই গ্রাহক যাতে মোট দাম জানতে পারেন, ইইউ সেটিও নিশ্চিত করতে চায়। এ জন্য ‘ড্রিপ প্রাইসিং’ নামের পদ্ধতি নিষিদ্ধ হবে, যেখানে একেবারে শেষ ধাপে গিয়ে বাড়তি ফি দেখানো হয়।

ইইউর ডিজিটাল কার্যক্রম দেখভালকারী সংস্থা ইউরোপীয় কমিশন অনলাইন কনটেন্ট ও প্রতিযোগিতা সংক্রান্ত বিধিমালা ঠিকমতো প্রয়োগ করতে পারছে না—এমন অভিযোগ তুলেছেন ইইউর আইনপ্রণেতা ও ভোক্তা অধিকারকর্মীরা। এ নিয়ে চাপে আছে কমিশন।

ইউরোপের বিভিন্ন দেশে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ইউরোকনজিউমার্সের মন্তব্য, ‘শক্তিশালী আইন তখনই কার্যকর হয়, যখন তা যথাযথভাবে প্রয়োগ করা হয়।’

বেসরকারি সংস্থা ফাইন্যান্স ওয়াচের মূল্যায়ন, ডার্ক প্যাটার্ন নিষিদ্ধের প্রস্তাব সঠিক দিকে এগোলেও আর্থিক সেবায় ভোক্তাদের যথেষ্ট সুরক্ষা দেওয়ার মতো উচ্চাকাঙ্ক্ষা এতে নেই।

খসড়ায় বেশ কিছু ‘গুরুত্বপূর্ণ ফাঁকফোকর’ রয়ে গেছে বলেও সতর্ক করেছে সংগঠনটি। তাদের ভাষায়, ‘প্রতিষ্ঠানগুলো এখনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগের প্রচারে ইনফ্লুয়েন্সারদের অর্থ দিতে পারবে।’

আর্থিক খাতের ইনফ্লুয়েন্সারদের কর্মকাণ্ড এবং তাঁদের বিভ্রান্তিকর তথ্যের কারণে ভোক্তাদের ঝুঁকি নিয়ে গত সেপ্টেম্বরে উদ্বেগ জানিয়েছিল ফাইন্যান্স ওয়াচ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ