১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

‘নিষিদ্ধ এলাকায়’ ঢুকে নৌমাইনে আঘাত, হরমুজ প্রণালীতে জ্বলছে তেলবাহী ট্যাংকার: ইরানের সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১১-১১-২০২৬
‘নিষিদ্ধ এলাকায়’ ঢুকে নৌমাইনে আঘাত, হরমুজ প্রণালীতে জ্বলছে তেলবাহী ট্যাংকার: ইরানের সেনাবাহিনী ছবিঃ সংগৃহীত

সাগরে পুঁতে রাখা মাইনে আঘাত লাগার পর হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে। বুধবার এ খবর দিয়েছে ইরানের সেনাবাহিনী।

বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তেহরানের অনুমতি না নিয়ে হরমুজ প্রণালী পার হওয়া জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে ইরান। এমন প্রেক্ষাপটেই দেশটি এ দুর্ঘটনার কথা জানাল।

ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাধার পর থেকে কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের ওপর কড়া নিয়ন্ত্রণ চালিয়ে আসছে ইরান।

তেহরানের দাবি, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া প্রতিটি জাহাজকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের অনুমোদিত পথ ধরে চলতে হবে।

পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাংকার পার হতে মার্কিন বাহিনী সহায়তাও করছে।

সাধারণত বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী হয়ে পরিবহন হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর নৌবাহিনী বলেছে, ‘আজ ভোরে হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলের একটি অনিরাপদ ও নিষিদ্ধ এলাকায় প্রবেশকারী একটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত হানার পর আগুন ধরে যায়।’

হরমুজ প্রণালীতে গত কয়েক সপ্তাহে কয়েকটি জাহাজে আগুন লাগার কথা জানিয়েছে তেহরান। বেশির ভাগ ক্ষেত্রেই জাহাজগুলো মাইনের আঘাতে পড়েছিল বলে দাবি করে আসছে ইরান।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ