ছবিঃ সংগৃহীত
টেস্ট ক্রিকেটে ১১ মাস পর ফেরার সুযোগ তৈরি হয়েছে পেসার জ্যাকব ডাফির। চলতি মাসে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত নিউজিল্যান্ডের ১৪ সদস্যের দলে রাখা হয়েছে তাঁকে।
প্রায় এক বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে জেতা সিরিজে ২৩ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন ডাফি। কিন্তু এ বছর প্রথম সন্তানের জন্ম হওয়ায় দলের ইংল্যান্ড সফরে তিনি ছিলেন না।
একাদশে জায়গা পেতে ডাফিকে লড়তে হবে ম্যাট হেনরি, কাইল জেমিসন, ন্যাথান স্মিথ ও ব্লেয়ার টিকনারের সঙ্গে। গত মাসে উরুর পেশিতে চোট পাওয়া হেনরি এখন সেরে উঠেছেন।
ব্যাটিং লাইনআপের চেহারা অবশ্য ঠিক হবে কয়েকজন ক্রিকেটারের ফিটনেস দেখে।
দল ঘোষণার বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানায়, ‘টম ব্লান্ডেল (উরুর পেশি), ডেভন কনওয়ে (কনকাশন) ও রাচিন রবীন্দ্র (কাঁধ) নিজেদের চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। প্রথম টেস্টে খেলার লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা।’
২০২৪ সালে ভারতের মাটিতে ৩-০ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর এই সিরিজেই আবার লাল বলের ক্রিকেটে মুখোমুখি হচ্ছে দুই দল।
নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টারের ভাষায়, ‘এই সিরিজের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটের রোমাঞ্চকর গ্রীষ্মের সূচনা হচ্ছে। চলতি বছরের শুরুতে ইংল্যান্ড সফরে খেলা দলের সঙ্গে এই স্কোয়াডের বেশির ভাগ সদস্যই রয়েছেন। তাই আবারও একসঙ্গে হয়ে নিজেদের মাঠে সেই সাফল্যের পুনরাবৃত্তির চেষ্টা করতে পারাটা দারুণ হবে।’
প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৯ নভেম্বর, ওয়েলিংটনে; দ্বিতীয়টি ২৭ নভেম্বর থেকে ক্রাইস্টচার্চে।
নিউজিল্যান্ড দল: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।