ছবিঃ সংগৃহীত
বল টেম্পারিংয়ের ঘটনার তদন্ত নতুন করে শুরুর দাবি যখন জোরালো হচ্ছে, তখন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজা জানালেন, ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি নিয়ে কাউকে নতুন করে হেনস্তা করার কোনো উদ্দেশ্য তাঁর নেই।
মঙ্গলবার প্রকাশিত আত্মজীবনীতে খাজা লিখেছেন, ২০১৮ সালের বল টেম্পারিংয়ের পরিকল্পনার কথা পুরো দলই জানত; ব্যাপারটি হাতে গোনা কয়েকজন খেলোয়াড়ের মধ্যে আটকে ছিল না।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বলের গতিপথ বদলাতে স্যান্ডপেপার ব্যবহার করতে গিয়ে অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা ধরা পড়লে দেশটির ক্রিকেটে বড় বিতর্কের জন্ম হয়। খাজার বই বের হওয়ার পর সেই বিতর্ক আবার মাথাচাড়া দিয়েছে।
মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসিকে দেওয়া এক উত্তপ্ত সাক্ষাৎকারে বল টেম্পারিংয়ের কথা আগে থেকে আর কে কে জানতেন, তাঁদের নাম প্রকাশ করেননি খাজা।
তিনি বলেন, “আমি শুধু আমার দিক থেকে সত্যটা তুলে ধরছি।” তাঁর কথায়, “আমি আমার গল্প বলেছি, আমার সত্য তুলে ধরেছি।”
কোনো পদক্ষেপের আহ্বানও যে জানাচ্ছেন না, সেটি বোঝাতে খাজা বলেন, “আমি কোনো কিছুর দাবি জানাচ্ছি না।” তিনি যোগ করেন, “দল হিসেবে আমাদের কাছ থেকে আমি সব সময় শুধু দায়বদ্ধতা চেয়েছি।”
খাজার ভাষ্য, “আমার কাছে এটি কখনোই কাউকে খুঁজে বের করে হেনস্তা করার বিষয় ছিল না। দীর্ঘদিন ধরে শুধু ওই তিনজনকেই সমালোচনা ও চাপ সহ্য করতে হয়েছে।” এখানে তিনি এই ঘটনায় শাস্তি পাওয়া ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটের কথা বলেন। বল টেম্পারিংয়ের ঘটনা ফাঁস হওয়ার পর অসম্মানজনকভাবে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়েছিল।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে উঠে এসেছিল, পরিকল্পনাটির কথা আগে থেকে জানতেন কেবল এই তিন খেলোয়াড়।
কিন্তু ৮৮টি টেস্ট খেলে চলতি বছর অবসরে যাওয়া খাজা তাঁর ‘সাবর’ বইয়ের কেলেঙ্কারি নিয়ে লেখা একটি অধ্যায়ে ভিন্ন কথা বলেছেন।
বই প্রকাশের আগে গত সপ্তাহে সিডনি মর্নিং হেরাল্ডকে তিনি বলেছিলেন, “আমরা সবাই বিষয়টি জানতাম। শুধু ব্যাটাররা নয়, শুধু বোলাররা নয়, শুধু কর্মকর্তারাও নয়- আমরা সবাই।”
মঙ্গলবারই কেলেঙ্কারির নতুন তদন্তের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গ। তাঁর মতে, নতুন তদন্তের পক্ষে ‘জোরালো কোনো কারণ’ নেই।
গ্রিনবার্গ বলেন, একই দলের সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার সোমবার খাজার বক্তব্যকে ‘শতভাগ সঠিক’ বলে সমর্থন দিলেও প্রকাশিত তথ্যগুলো তিনি বিবেচনা করবেন। তবে এ নিয়ে নতুন কোনো পদক্ষেপের দরকার দেখছেন না তিনি।
অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স এবং বোলার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন ২০২১ সালে প্রকাশ্যে বলেছিলেন, ওই পরিকল্পনার কথা তাঁরা জানতেন না।
খেলোয়াড়দের মধ্যে বিষয়টি ব্যাপকভাবে জানাজানি ছিল—এ কথা মানেননি তৎকালীন প্রধান কোচ ড্যারেন লেহম্যানও।
তবে খাজার ঘনিষ্ঠ বন্ধু ওয়ার্নার সোমবার ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে ৩৯ বছর বয়সী সতীর্থের বক্তব্যের সঙ্গে একমত হন।
ওয়ার্নার বলেন, “উজি, আমি তোমাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। তুমি যা করেছ, তার জন্য তোমাকে ধন্যবাদ।”
কেলেঙ্কারিতে জড়িত থাকায় ক্রিকেট থেকে ১২ মাস নিষিদ্ধ হওয়া এবং ভবিষ্যতে অধিনায়কত্ব বা কোনো নেতৃত্বের দায়িত্ব পালনে আজীবন নিষেধাজ্ঞা পাওয়া ওয়ার্নার আরও বলেন, “তুমি যা বলেছ, তা শতভাগ সঠিক। এখন সবাই সত্যটা জানে। বিষয়টি প্রকাশ্যে এসেছে। মানুষ সত্যটা জানতে চেয়েছিল। তুমি তা সামনে এনেছ।”