১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

টোকিও-সিউল-তাইপে চাঙা, হংকং-সাংহাইয়ে দরপতন: মার্কিন সুদহার বৃদ্ধির শঙ্কায় এশিয়ার বাজারে মিশ্র চিত্র

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১১-১১-২০২৬
টোকিও-সিউল-তাইপে চাঙা, হংকং-সাংহাইয়ে দরপতন: মার্কিন সুদহার বৃদ্ধির শঙ্কায় এশিয়ার বাজারে মিশ্র চিত্র ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি প্রত্যাশা ছাড়িয়ে যাওয়ায় আগামী মাসে সুদের হার বড় মাত্রায় বাড়তে পারে—এমন শঙ্কায় বুধবার এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে, যদিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের ব্যবসা ঘিরে নতুন করে আশাবাদও তৈরি হয়েছে।

বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিয়ন্ত্রণ কড়াকড়ির জন্য ডেমোক্র্যাটদের উদ্যোগের আশঙ্কায় গত সপ্তাহে প্রযুক্তি খাতের শেয়ারে বড় দরপতন হয়। তবে কম দামে শেয়ার কেনার ঝোঁক এবং আগের দুশ্চিন্তা বাড়াবাড়ি ছিল—এমন ধারণায় চলতি সপ্তাহে প্রযুক্তি শেয়ারগুলো আবার ঘুরে দাঁড়াচ্ছে।

বাজারে ইতিবাচক প্রভাব রেখেছে ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠান কোরউইভের আয়ের পূর্বাভাসও।

গত মাসে কোরউইভের শেয়ারের দর অনেকটা পড়ে গিয়েছিল; নতুন আয়-প্রাক্কলনে সেই উদ্বেগ খানিকটা কমেছে।

এআই খাতে বিপুল বিনিয়োগের টাকা জোগাতে অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানকে ঋণের ওপর ভর করতে হচ্ছে। তাই ঋণের সুদ বাড়লে এসব প্রতিষ্ঠানের ওপর আর্থিক চাপ বাড়তে পারে।

অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান অ্যানথ্রপিক শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আনার যে পরিকল্পনা করেছে, তা নিয়েও বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।

আইপিও থেকে সর্বোচ্চ ৬৪ বিলিয়ন ডলার তোলার পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এআই খাতে বিনিয়োগের চলমান জোয়ার কত দিন টিকতে পারে, তা আঁচ করার জন্য অ্যানথ্রপিকের শেয়ারবাজারে আসাকে একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসেবে দেখা হচ্ছে।

প্রতিষ্ঠানটির নথিতে আরও জানানো হয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে তাদের আয় বেড়ে হয়েছে ১৭ বিলিয়ন ডলার।

ব্লুমবার্গের এক প্রতিবেদন বলছে, চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রথমবারের মতো এক প্রান্তিকে ১০ বিলিয়ন ডলার আয় করেছে।

সফটওয়্যারের চাহিদা বেড়ে যাওয়ায় এই আয় এসেছে, যা আগের প্রান্তিকের চেয়ে প্রায় ৫০ শতাংশ এবং আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় তিন গুণ বেশি।

আলোচনায় আছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াও। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের সঙ্গে এক নারীর কথিত সম্পর্ক নিয়ে চাঞ্চল্যকর তথ্য বের হওয়ার পর বিষয়টি আলোচনায় আসে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর বিরুদ্ধে চীনের গুপ্তচর হওয়ার সন্দেহ রয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটি এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের তদন্তের মধ্যে রয়েছে।

সুদের হার বাড়ার শঙ্কায় বিনিয়োগকারীদের উদ্বেগ

‘বাজারে অস্থিরতার কারণের অভাব নেই’

যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান শেয়ারবাজার সূচকই মঙ্গলবার দরপতন নিয়ে দিন শেষ করে, তাতে টানা দুই দিনের উত্থানে ছেদ পড়ে। এর ধাক্কা লাগে এশিয়ার বাজারেও।

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শীর্ষস্থানীয় বহু প্রতিষ্ঠান তালিকাভুক্ত থাকায় এশিয়ায় টোকিও, সিউল ও তাইপের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী ধারা বজায় ছিল। সূচক বেড়েছে সিঙ্গাপুর ও জাকার্তার বাজারেও।

তবে দরপতন হয়েছে হংকং, সাংহাই, সিডনি, ওয়েলিংটন ও ম্যানিলার শেয়ারবাজারে।

যুক্তরাষ্ট্রে অক্টোবরে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) আগের মাসের চেয়ে ০ দশমিক ৪ শতাংশ বেড়েছে, যেখানে সেপ্টেম্বরে বৃদ্ধির হার ছিল ০ দশমিক ৬ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, জ্বালানির দাম বাড়ার গতি বেশ কমলেও খাদ্যপণ্যের দাম বেড়েছে দ্রুত। চিকিৎসাসেবা ও গৃহস্থালি আসবাবপত্রসহ আরও কয়েকটি খাতেও দাম বেড়েছে।

যুক্তরাষ্ট্রের শিকাগো ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট অস্টান গুলসবি পিবিএস নিউজআওয়ারকে জানান, মূল্যস্ফীতির সর্বশেষ প্রতিবেদন আবারও উদ্বেগ জাগাচ্ছে, পরিস্থিতি প্রায় আতঙ্কজনক পর্যায়ে পৌঁছে গেছে।

প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টা আগেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপের পক্ষে মত দিয়েছিলেন ফেডের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার।

ফেডের আরেক কর্মকর্তা, ডালাস ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট লরি লোগানও মূল্যস্ফীতি সামলাতে দ্রুত পদক্ষেপের পক্ষে জোরালো সমর্থন দিয়েছেন।

বিনিয়োগ প্রতিষ্ঠান পেপারস্টোনের বিশ্লেষক ক্রিস ওয়েস্টনের মতে, বাজারের অংশগ্রহণকারীদের এখন দুটি বিষয় মাথায় রাখতে হচ্ছে—ডেমোক্র্যাটদের নির্বাচনী সাফল্যের রাজনৈতিক প্রভাব এবং এআই অবকাঠামো খাতের অর্থনৈতিক বাস্তবতা।

তিনি মনে করেন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ আয়, নগদ অর্থপ্রবাহ ও অর্থায়নের অবস্থা নিয়ে বিনিয়োগকারীরা নতুন করে হিসাব কষতে বাধ্য হচ্ছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ থামানো এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া নিয়ে সমঝোতার সম্ভাবনা দেখা দেওয়ায় মঙ্গলবার তেলের দাম আরেক দফা কমেছিল।

বুধবার অবশ্য আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য বেড়েছে।

বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম আন্তর্জাতিক বাজারে ব্যারেলপ্রতি প্রায় ৯২ ডলারে ছিল।

চলতি মাসের শুরু থেকে ব্রেন্ট এবং যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল—দুই ধরনের তেলেরই দাম প্রায় ২০ শতাংশ কমেছে।

প্রতিষ্ঠানভিত্তিক খবরে দেখা যায়, জাপানের প্রযুক্তি খাতের শীর্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠান সফটব্যাংকের শেয়ারের দর টোকিওর বাজারে একসময় ৮ শতাংশ পর্যন্ত পড়ে যায়।

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ৭ বিলিয়ন ডলারের বেশি লোকসান হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানানোর পরই এই দরপতন হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ