ছবিঃ সংগৃহীত
২০৩০ সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনের প্রশ্নে বাংলাদেশ দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তাঁর ভাষ্য, কে কোথায় থাকেন বা সমাজে কার অবস্থান কী—তা বিবেচনা না করে দেশের প্রত্যেক মানুষের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার।
আজ বুধবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় বিমসটেকের স্বাস্থ্যমন্ত্রীদের প্রথম সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সদস্য দেশগুলোর স্বাস্থ্য খাতের মন্ত্রী, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা সম্মেলনে যোগ দেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার কমানো, পোলিওমুক্ত অবস্থা ধরে রাখা এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নসহ নানা স্বাস্থ্য সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকার কভারেজ ২ শতাংশ থেকে বেড়ে ৮৫ শতাংশ ছাড়িয়েছে; চলতি নভেম্বরের মধ্যেই শতভাগ কভারেজের লক্ষ্যে কাজ চলছে।
মন্ত্রীর ভাষ্য, স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বাজেট দ্বিগুণ করে জিডিপির ১ দশমিক ০১ শতাংশে নিয়ে গেছে, ধাপে ধাপে তা জিডিপির ৫ শতাংশে তোলার পরিকল্পনাও আছে। পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদার, প্রাথমিক স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো এবং জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানান সাখাওয়াত হোসেন।
সাখাওয়াত হোসেনের তথ্যমতে, দেশের ৪,৬০০-এর বেশি ইউনিয়নে বহুমুখী স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, আর চলতি বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা ৫০ থেকে বাড়িয়ে ১৫১ করা হচ্ছে। এ ছাড়া বড় সরকারি স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ, ১৫টি বড় হাসপাতালে উন্নত মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা এবং ওয়ান হেলথ পদ্ধতি বাস্তবায়নের কাজ চলছে।
স্বাস্থ্যসেবার ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে সমন্বিত ইলেকট্রনিক হেলথ রেকর্ড ব্যবস্থা এবং ইউনিক ই-হেলথ আইডি চালু করা হচ্ছে বলেও স্বাস্থ্যমন্ত্রী জানান।
আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিমসটেকের আওতায় আঞ্চলিক জেনেটিক রোগ পর্যবেক্ষণ ও প্রাথমিক সতর্কতা ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেন তিনি।
সাখাওয়াত হোসেন বলেন, অসংক্রামক রোগ, জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ও মহামারি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। বিমসটেকভুক্ত দেশগুলোর পারস্পরিক সহযোগিতা, উদ্ভাবন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সবার সঙ্গে মিলে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত।