রাঙামাটিতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেপ্তার
সংগৃহীত ছবি
দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি : রাঙামাটি শহরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাঙামাটি পৌর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক চন্দন দাশ (৩৮)। ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সদস্য হিসেবে চিহ্নিত মো. পারভেজ মোশারফ হোসেন (২৫), আরিয়ান রিয়াজ (২৪), যিশু চৌধুরী (৩০), মো. রাকিব (১৯) ও নাজমুল সাকিব রাফি (২৪)।
এ ছাড়া রাঙামাটি পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. হানিফ (৩৬), শ্রমিক কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সেলিম (৫৫), ছাত্রলীগের রাঙামাটি জেলা শাখার সহসভাপতি মো. নুর উদ্দিন সোহাগ এবং পৌর যুবলীগের ৭ নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি মো. সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
কোতোয়ালি থানা পুলিশের ভাষ্য, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। তবে পুলিশের বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, তাঁদের সংশ্লিষ্ট কার্যক্রমের বিস্তারিত বিবরণ কিংবা পৃথক মামলার তথ্য জানানো হয়নি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হবে। রাঙামাটি শহরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান এবং নজরদারি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।
কমেন্ট বক্স