ছবিঃ সংগৃহীত
প্রাথমিক শিক্ষার বাইরে অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতেও সহযোগিতার পরিধি বাড়ানোর আগ্রহ দেখিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়ানো ও চলমান সংস্কারে সংস্থাটির সহযোগিতাও চলবে।
এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর ঝাং কিংফেং আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানেই তিনি এ আগ্রহের কথা জানান। প্রাথমিক শিক্ষার মান বাড়ানো, শ্রেণিকক্ষে শিখন কার্যক্রম আরও কার্যকর করা, পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) এবং ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতার নানা দিক নিয়ে বৈঠকে বিস্তারিত কথা হয়।
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষায় দীর্ঘদিন ধরে নানা খাতে বিনিয়োগ হচ্ছে—অবকাঠামো নির্মাণ, শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্যক্রম ও শিক্ষক নির্দেশিকা তৈরি, শিক্ষা উপকরণ সরবরাহ, বিদ্যালয় উন্নয়ন অনুদান। কিন্তু এর সত্যিকারের সুফল নিশ্চিত করতে হলে শ্রেণিকক্ষে পড়ানো কতটা কাজে আসছে আর শিক্ষার্থীরা প্রত্যাশিত দক্ষতা পাচ্ছে কি না, সেটা সরাসরি দেখা জরুরি। তাই সরকার এখন শ্রেণিকক্ষের বাস্তব অবস্থা, শিক্ষকদের পড়ানোর ধরন আর শিক্ষার্থীদের শিখন অগ্রগতিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
পিইডিপি-৫ নিয়ে তিনি বলেন, কর্মসূচির কাজ ও অর্থায়ন আরও সুনির্দিষ্ট, বাস্তবায়নযোগ্য ও ফলাফলভিত্তিক করতে এটিকে একাধিক আলাদা প্রকল্পে ভাগ করার সিদ্ধান্ত হয়েছে। শুরুতে ছয়টি আলাদা প্রকল্পে অবকাঠামো উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণসহ বিভিন্ন কাজ বাস্তবায়নের পরিকল্পনা আছে। এতে উন্নয়ন সহযোগীদের অর্থায়ন, প্রকল্পের কার্যক্রম ও প্রত্যাশিত ফল আরও স্পষ্টভাবে চিহ্নিত করা যাবে। তবে বিদ্যমান উন্নয়ন সহযোগিতায় নেওয়া কার্যক্রম ও প্রতিশ্রুত সহযোগিতা এ প্রক্রিয়ায় বহাল থাকবে বলে আশ্বাস দেন তিনি।
অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নেও উন্নয়ন সহযোগীদের আরও বেশি যুক্ত হওয়ার আহ্বান জানান ববি হাজ্জাজ। তাঁর কথায়, দেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়ন ও জীবনব্যাপী শিক্ষার আওতায় আনতে সরকারি উদ্যোগের সঙ্গে উন্নয়ন সহযোগীদের দীর্ঘমেয়াদি বিনিয়োগও দরকার। এডিবিসহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরা যুক্ত হলে এ খাতে বড় পরিসরের প্রকল্প নেওয়ার সুযোগ আছে বলে উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রীর নেতৃত্বে প্রাথমিক শিক্ষায় চলমান সংস্কার, মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের প্রশংসা করেন ঝাং কিংফেং। শ্রেণিকক্ষে পাঠদান ও শিক্ষার্থীদের শিখনফল নিশ্চিত করতে প্রতিমন্ত্রীর এই সরাসরি উদ্যোগ এডিবির দৃষ্টিভঙ্গির সঙ্গে মেলে বলে মন্তব্য করেন তিনি। প্রাথমিক শিক্ষায় সহযোগিতা চালিয়ে যাওয়ার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নেও তা সম্প্রসারণের আগ্রহের কথা আবারও জানান এডিবির কান্ট্রি ডিরেক্টর।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া, এডিবির পরিচালক (মানব ও সামাজিক উন্নয়ন) গি সুন সং, প্রজেক্ট অফিসার ফায়জা আহমেদ, প্রোগ্রামস অফিসার ফারিন ইসলামসহ এডিবি প্রতিনিধিদলের অন্য সদস্যরাও সাক্ষাতে উপস্থিত ছিলেন।