১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বেশি দামে সার বিক্রি: টঙ্গিবাড়ীতে চার বিক্রেতাকে জরিমানা

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ১২-১১-২০২৬
বেশি দামে সার বিক্রি: টঙ্গিবাড়ীতে চার বিক্রেতাকে জরিমানা ছবিঃ সংগৃহীত

সার বিক্রিতে নানা অনিয়মের দায়ে জেলার টঙ্গিবাড়ী উপজেলায় চার সার বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত কামারখাড়া ইউনিয়নের কামারখাড়া বাজার ও দিঘীরপাড় ইউনিয়নের দিঘীরপাড় বাজারে এ অভিযান চলে। নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী।

জরিমানা গুনতে হয়েছে মো. শহীদুল ইসলাম, শেখ মো. আব্দুল ওয়াদুদ, মো. আরিফ ও মনির হোসেনকে। বেশি দামে সার বিক্রি, সারের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা এবং বিক্রির তথ্য ও রশিদ না রাখার অপরাধে মো. শহীদুল ইসলামকে ৫শ’ টাকা, শেখ মো. আব্দুল ওয়াদুদ ও মনির হোসেনকে ১ হাজার টাকা করে এবং মো. আরিফকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

রেজওয়ানা চৌধুরী বাসসকে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী তাদের জরিমানা করা হয়েছে। সরকার নির্ধারিত দামে সার বিক্রি, মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন এবং বিক্রির রশিদ রাখার বিষয়ে অভিযানের সময় ব্যবসায়ীদের নির্দেশনাও দেওয়া হয়।

অনিয়ম ঠেকাতে টঙ্গিবাড়ী উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালাবে বলেও জানান তিনি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ