ছবিঃ সংগৃহীত
দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে আগামী ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হবে ‘ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০২৬’। ‘উইথ ট্রুথ, কারেজ অ্যান্ড স্ট্রাগল’ স্লোগান নিয়ে এর আয়োজক বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।
অংশ নিতে আগ্রহীরা ১৭ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। প্রত্যেকের নিবন্ধন ফি ৩৫০ টাকা। নিবন্ধনের লিংক: https://forms.gle/ymXbsYzR4LsTvQ8w6
বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন ফেস্টের সদস্য সচিব ও চবিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুনতাজ আলী। তাঁর ভাষ্য, দেশের ক্যাম্পাস সাংবাদিকদের এক জায়গায় আনা, পেশাগত দক্ষতা বাড়ানো, অভিজ্ঞতা ভাগাভাগি এবং নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
চবিসাস জানিয়েছে, দিনভর এই আয়োজনে থাকবে ‘বেস্ট ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিস্ট অ্যাওয়ার্ড’, সেমিনার, প্যানেল ডিসকাশন, স্টোরিটেলিং, সংবাদ প্রদর্শনী, পিঠা উৎসব ও কনসার্ট।
ফেস্ট বাস্তবায়নের জন্য একটি কেন্দ্রীয় পরিচালনা কমিটি ও আটটি উপ-কমিটি করা হয়েছে। পরিচালনা কমিটির সমন্বয়ক চবিসাস সভাপতি রেফায়েত উল্যাহ রুপক; আহ্বায়ক সাধারণ সম্পাদক সোহেল রানা, আর সদস্য সচিব যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মুনতাজ আলী।