১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

পার্কিং নিয়ে বিরোধ: সিঙ্গাপুর থেকে ফেরার পরদিনই প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল পরমজিতের

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১২-১১-২০২৬
পার্কিং নিয়ে বিরোধ: সিঙ্গাপুর থেকে ফেরার পরদিনই প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল পরমজিতের ছবিঃ সংগৃহীত

পার্কিং নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধের জেরে গুলিতে নিহত হয়েছেন ৪২ বছর বয়সী পরমজিৎ ধনখর। ভারতের হরিয়ানার ফরিদাবাদের এ ঘটনার চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ এখন প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, খোলা রাস্তায় একের পর এক গুলি ছুড়ছেন তার প্রতিবেশী মনু শর্মা। গুলি খেয়েও বাঁচতে দৌড়ানোর চেষ্টা করেছিলেন পরমজিৎ, কিন্তু রক্ষা পাননি। সেখানে থাকা তার ছেলেকেও আতঙ্কে দৌড়ে পালাতে দেখা গেছে।

হত্যার সময় অভিযুক্তকে বলতে শোনা যায়, ‘হ্যাপি দিওয়ালি, মুবারক’ এবং ‘সবাইকে মেরে ফেলব, সবাইকে মেরেই যাব।’

ঘটনাটি ঘটে গত ৬ নভেম্বর ধনতেরাসের সন্ধ্যায়, ফরিদাবাদের সেক্টর ২১সি এলাকায়। পরমজিৎ সিঙ্গাপুরে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করতেন; এর আগে ছিলেন টেক মাহিন্দ্রার কর্মকর্তা। পরিবারের এক বিয়েতে যোগ দিতে তিনি সিঙ্গাপুর থেকে ভারতে আসেন, পৌঁছান ঘটনার মাত্র এক দিন আগে। ফেরার পরদিনই প্রতিবেশীর গুলিতে তার প্রাণ যায়।

প্রকাশ পাওয়া ফুটেজে খুনের ভয়ংকর মুহূর্তগুলো ধরা আছে। পার্কিং সমস্যা নিয়ে কথা বলার অজুহাতে মনু শর্মা পরমজিৎকে তার ফ্ল্যাট থেকে ডেকে বের করেন। পরমজিতের ছেলেও তখন সেখানে ছিল। এরপর দুজনের মধ্যে উত্তপ্ত কথাবার্তা শুরু হয়।

কথার একপর্যায়ে মনু জানতে চান, ‘বিধবা’ বলতে কী বোঝায়, পরমজিৎ তা জানেন কি না। তাকে মারধর করতে তিনজন লোক পাঠানোর অভিযোগও তোলেন তিনি। এসব শুনে পরমজিৎকে বেশ বিভ্রান্ত দেখাচ্ছিল। কী হয়েছে, জানতে চান তিনি; দুই হাত জোড় করে নিজের জড়িত থাকার কথা অস্বীকার করেন, আর সমস্যার কারণ জানতে বারবার মনুকে প্রশ্ন করেন।

তর্ক চলতে চলতেই পরিস্থিতি ভয়ংকর মোড় নেয়। টি-শার্ট ও ট্রাউজার পরা মনু হঠাৎ ডান পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করেন। কোনো সুযোগ না দিয়েই পরমজিৎকে লক্ষ্য করে গুলি শুরু করেন তিনি; মাত্র পাঁচ সেকেন্ডে ছোড়েন একাধিক গুলি। অভিযোগ উঠেছে, সব মিলিয়ে পরমজিতের দিকে ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি চালানো হয়।

ফুটেজে দেখা যায়, গুলির পর বাঁচার জন্য দৌড় দেন পরমজিৎ। মনুও পিছু নিয়ে গুলি চালিয়ে যান। একসময় পরমজিৎ ভবন থেকে বেরিয়ে গেট বন্ধ করার চেষ্টা করেন, কিন্তু পেছনে আসা মনু সেখানেও তাকে রেহাই দেননি।

রক্তাক্ত, গুলিবিদ্ধ অবস্থায়ও অভিযুক্তকে ধরে ফেলার চেষ্টা করেন পরমজিৎ। মনুর কলার চেপে ধরতেই কয়েক মুহূর্ত দুজনের ধস্তাধস্তি হয়। তখন ভবন থেকে এক নারীকে সাহায্যের জন্য চিৎকার করতে করতে ছুটে আসতে দেখা যায়।

এ পর্যায়ে মনে হচ্ছিল, মনু হয়তো পালিয়ে যাবেন। তা না করে তিনি আবার অস্ত্রে গুলি ভরতে থাকেন। অস্ত্র প্রস্তুত করে পরমজিতের দিকে এগিয়ে গিয়ে আরও চার রাউন্ড গুলি ছোড়েন, তারপর অকথ্য গালিগালাজ করতে করতে চলে যান।

গুলি চালানোর সময় চিৎকার করে মনু বলছিলেন, ‘হ্যাপি দিওয়ালি, মুবারক।’ এর পরই তার হুমকি, ‘সবাইকে মেরে ফেলব, সবাইকে মেরেই যাব।’ উৎসবের রাতের এই হত্যাকাণ্ডের দৃশ্য সামনে আসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

ঘটনার পরপরই মনু শর্মাকে গ্রেফতার করে পুলিশ। সুরজকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) প্রহ্লাদ কুমার জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে অপরাধ দমন শাখার (ক্রাইম ব্রাঞ্চ) সব দলকে সঙ্গে সঙ্গে সক্রিয় করা হয়। দ্রুত অভিযানে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা যায়।

পুলিশ বলছে, ভাতিজার বিয়েতে যোগ দিতে ঘটনার মাত্র এক দিন আগে সিঙ্গাপুর থেকে ভারতে আসেন পরমজিৎ। তিনি ও মনু থাকতেন একই ভবনে—পরমজিৎ প্রথম তলায়, মনু তৃতীয় তলায়।

প্রতিবেশী হলেও পার্কিং নিয়ে দুজনের প্রায়ই মতবিরোধ হতো; ছোটখাটো নানা বিষয়েও বিরোধ চলছিল। পুলিশের ধারণা, দীর্ঘদিনের এই বিরোধই শেষমেশ হত্যাকাণ্ডে গড়ায়। ৬ নভেম্বরের সেই বিরোধের জেরেই মনু আগ্নেয়াস্ত্র নিয়ে পরমজিতের ওপর হামলা চালান।

পার্কিংয়ের মতো তুচ্ছ বিষয়ে এমন নৃশংস খুন আর সিসিটিভিতে ধরা পড়া একের পর এক গুলির দৃশ্য নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। উৎসবের রাতে পরিবারের সদস্যদের সামনে একজন মানুষকে এভাবে হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

সূত্র: এনডিটিভি



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ