১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

নারী অ্যাশেজের প্রস্তুতিতে বেঙ্গালুরুতে ১০ দিনের ক্যাম্প, ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট বাতিল করল ইসিবি

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ১২-১১-২০২৬
নারী অ্যাশেজের প্রস্তুতিতে বেঙ্গালুরুতে ১০ দিনের ক্যাম্প, ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট বাতিল করল ইসিবি ছবিঃ সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ সফরের একমাত্র টেস্টটি বাদ দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী বছর নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ টেস্টের প্রস্তুতি আরও জোরদার করতেই এ সিদ্ধান্ত।

আইসিসির ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) অনুযায়ী, আগামী বছরের এপ্রিল ও মে মাসে ক্যারিবিয়ান সফরে ইংল্যান্ড নারী দলের একটি টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল।

বুধবার ইসিবির প্রকাশ করা নতুন পরিকল্পনায় সফরটি এখন শুধু সাদা বলের ক্রিকেটে সীমিত। ছয় ম্যাচের চূড়ান্ত সূচি ও ভেন্যু শিগগিরই জানাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।

ইংল্যান্ডের ঘরোয়া ওয়ানডে কাপের প্রথম রাউন্ড শেষ হলেই ক্যারিবিয়ানের পথে রওনা হবেন ইংলিশ ক্রিকেটাররা।

অ্যাশেজ সামনে রেখে লাল বলের বিশেষ ছক

মাল্টি-ফরম্যাট অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে ২০২৭ সালের জুনে হেডিংলিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। সিরিজটি ঘিরে বড় প্রস্তুতির পরিকল্পনা সাজিয়েছে ইসিবি।

জানুয়ারিতে ভারতের বেঙ্গালুরুতে ১০ দিনের বিশেষ লাল বলের অনুশীলন ক্যাম্প করবে দলটি। তারপর ইংলিশ কন্ডিশনে অস্ট্রেলিয়া 'এ' দলের সঙ্গে তিন দিনের একটি ম্যাচ, আর নিজেদের মধ্যে লাল বলের তিনটি 'বেস্ট ভার্সেস বেস্ট' প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

মাল্টি-ফরম্যাট অ্যাশেজে প্রতিটি ওয়ানডে ও টি-টোয়েন্টি জয়ে মেলে ২ পয়েন্ট, কিন্তু একমাত্র টেস্ট জিতলে মেলে ৪ পয়েন্ট। এ কারণেই টেস্টকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন ইংল্যান্ডের প্রধান কোচ শার্লট এডওয়ার্ডস।

গত অ্যাশেজে মেলবোর্ন টেস্টে ইনিংস ও ১২২ রানে হেরেছিল ইংল্যান্ড। আর এডওয়ার্ডসের অধীনেই লর্ডসে ঐতিহাসিক প্রথম নারী টেস্টে ভারতের কাছে ২৭০ রানের বড় ব্যবধানে হারে স্বাগতিকরা।

ঘরোয়া ক্রিকেটে লাল বলের ম্যাচ খেলার সুযোগ কম। তাই আন্তর্জাতিক টেস্ট বাতিল করে নিজেদের কন্ডিশনে এই বিশেষ প্রস্তুতির পথ বেছে নিয়েছে ইসিবি।

এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, “ইংলিশ ঘরোয়া মৌসুম শুরু হয়ে যাওয়ার পর এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ সফর অনুষ্ঠিত হবে। ঘরের মাঠে এই নিবিড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়নের স্বার্থেই ক্যারিবিয়ান সফরের সূচিতে পরিবর্তন আনা জরুরি হয়ে পড়েছিল। আমাদের অনুরোধে সাড়া দিয়ে সহযোগিতাপূর্ণ মনোভাব দেখানোর জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রতি আমরা কৃতজ্ঞ।”

আর্থিক সংকট, নাকি পারফরম্যান্সের ভাবনা?

আর্থিক টানাপোড়েনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এমনিতেই কঠিন সময় পার করছে। পরিচালন ব্যয় মেটাতে না পারায় গত সেপ্টেম্বরে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বেতন কমিয়েছিল সিডব্লিউআই। স্থগিত করা হয়েছিল ছেলেদের সুপার ফিফটি ও মেয়েদের টি-টোয়েন্টি ব্লেজ টুর্নামেন্টও।

ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসন গত মাসে বলেছিলেন, অ্যাশেজ প্রস্তুতির স্বার্থে দরকার হলে ক্যারিবিয়ান সফরের টেস্ট আয়োজনে অর্থ সহায়তা দিতেও তার বোর্ড প্রস্তুত।

তবে জানা গেছে, সূচি বদলের পেছনে কোনো আর্থিক কারণ নেই। অল্প সময়ে ঘরের মাঠে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লাল বলের ম্যাচ খেলার কৌশলগত সিদ্ধান্ত থেকেই এই পরিবর্তন।

ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেন, “ইংলিশ কন্ডিশনে সেরাদের বিপক্ষে সেরাদের লড়াই দলকে দারুণ সুযোগ করে দেবে। এর মাধ্যমে আমরা দলের গভীরতা যাচাই করতে পারব এবং আরও বেশি খেলোয়াড়কে লম্বা সময় ধরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলার সুযোগ দিতে পারব। অ্যাশেজ টেস্টের চ্যালেঞ্জ নিতে এটি শার্লট এডওয়ার্ডস ও তার দলকে যথাযথ প্রস্তুতি এনে দেবে।”



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ