১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

‘কফি উইথ করণ’-এ ট্রোলিং নিয়ে কিয়ারা: যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি করেননি সিদ্ধার্থ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১২-১১-২০২৬
‘কফি উইথ করণ’-এ ট্রোলিং নিয়ে কিয়ারা: যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি করেননি সিদ্ধার্থ ছবিঃ সংগৃহীত

যশের সঙ্গে ‘টক্সিক’ ছবির অন্তরঙ্গ দৃশ্য নিয়ে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার প্রতিক্রিয়া কী ছিল—এবার সে প্রশ্নে মুখ খুলেছেন কিয়ারা আদভানি। বিয়ের পর ওই দৃশ্যে অভিনয় করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা আর ব্যক্তিগত আক্রমণের মুখে পড়েছিলেন তিনি। বিবাহিত ও সন্তানের মা হয়েও এমন দৃশ্যে অভিনয় করায় তাকে ঘিরে শুরু হয় নানা কটাক্ষ।

করণ জোহরের উপস্থাপনায় ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে সম্প্রতি সিদ্ধার্থকে সঙ্গে নিয়ে হাজির হন কিয়ারা। ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা প্রসঙ্গের সঙ্গে ‘টক্সিক’-এর মুক্তি, দর্শকের প্রতিক্রিয়া ও অনলাইন ট্রোলিংয়ের অভিজ্ঞতার কথাও বলেন তিনি।

কিয়ারার কথায়, মুক্তির পর প্রথম সপ্তাহান্তটা তার জন্য ছিল খুব হতাশার। ছবিটি নিয়ে পুরো দলের অনেক প্রত্যাশা ছিল। শুরুতে সাড়া ভালো মিললেও পরে দর্শকের প্রত্যাশামতো সাফল্য আসেনি, যা তাকে মানসিকভাবে আঘাত দিয়েছিল।

তার ভাষায়, ছবির প্রথম সপ্তাহান্ত ছিল হৃদয়বিদারক। চরিত্রটির জন্য নিজের স্বস্তির জায়গা থেকে বেরিয়ে নতুনভাবে নিজেকে হাজির করেছিলেন তিনি; তাই প্রত্যাশিত সাফল্য না আসায় হতাশ হন। তবে অনেকের কাছ থেকে অভিনয়ের প্রশংসাও পেয়েছেন। কিয়ারার মতে, এই চরিত্র তার অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে থাকবে।

ছবির ব্যবসার চেয়েও বেশি আলোচনা হয়েছিল যশের সঙ্গে তার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে। বিশেষ করে ‘তাবাহি’ গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকে তার ব্যক্তিগত জীবন টেনে প্রশ্ন তোলেন, বিবাহিত ও সন্তানের মা হয়েও কেন এমন দৃশ্যে অভিনয় করলেন তিনি।

বিতর্কে জড়িয়ে যায় সিদ্ধার্থ মালহোত্রার নামও। অনেকে ধরে নিয়েছিলেন, স্ত্রীর এমন দৃশ্যে নিশ্চয়ই তার আপত্তি আছে। কিয়ারা অবশ্য জানালেন একেবারে উল্টো কথা: তার স্বামী এ নিয়ে কখনো বিরূপ প্রতিক্রিয়া দেখাননি, এমনকি দুজনের মধ্যে এ বিষয়ে আলাদা করে কোনো আলোচনাও হয়নি।

কিয়ারা বলেন, সিদ্ধার্থ ব্যাপারটা নিয়ে মোটেও মাথা ঘামাননি; এতে তিনি কোনোভাবেই বিচলিত হননি। বরং পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের জন্য অভিনেত্রীদের যেভাবে প্রশ্নের মুখে পড়তে হয়, তা দীর্ঘদিনের এক বৈষম্যেরই প্রতিফলন।

করণ জোহরও আলোচনায় প্রসঙ্গটি তোলেন। তার মতে, পুরুষ অভিনেতারা পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলে সাধারণত এমন ব্যক্তিগত আক্রমণের মুখে পড়েন না; অথচ অভিনেত্রীদের বেলায় শুরু হয় নানা প্রশ্ন ও বিচার-বিশ্লেষণ।

কিয়ারা মনে করেন, এই দ্বিচারিতার বিরুদ্ধে অনেকে এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছেন। সে কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিনয় নিয়ে ওঠা প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার দরকার মনে করেননি তিনি। ঐশ্বরিয়া রাই বচ্চনসহ বহু গুণী অভিনেত্রীকে বছরের পর বছর এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

গীতু মোহনদাসের পরিচালনায় ‘টক্সিক’-এ যশ ও কিয়ারার সঙ্গে অভিনয় করেছেন তারা সুতারিয়া, নয়নতারা ও হুমা কুরেশি। ছবিটি নিয়ে দর্শকের আগ্রহের পাশাপাশি কিয়ারার অন্তরঙ্গ দৃশ্য ও তা ঘিরে বিতর্কও আলোচনায় আছে।

সূত্র: নিউজ১৮



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ