১৩ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

​ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ উন্নয়ন প্রকল্পে চেক বিতরণ করলেন মন্ত্রী

আগামী চার বছরে উন্নয়নের দৃশ্যমান পরিবর্তন আসবে: রশিদুজ্জামান মিল্লাত

আপলোড সময় : ১২-১১-২০২৬
আগামী চার বছরে উন্নয়নের দৃশ্যমান পরিবর্তন আসবে: রশিদুজ্জামান মিল্লাত সংগৃহীত

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: আগামী চার বছরে দেশের উন্নয়নের দৃশ্যমান পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, গ্রামীণ অবকাঠামো ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। প্রকল্পের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহ জেলা পরিষদের সম্মেলনকক্ষে জেলার ১০ উপজেলায় জেলা পরিষদের বাস্তবায়নাধীন ৬৮টি উন্নয়ন প্রকল্পের বিপরীতে প্রকল্প কমিটির প্রতিনিধিদের হাতে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতে উন্নয়নের নামে অর্থ লুটপাট হয়েছে। বর্তমান সরকার প্রকাশ্যে উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করছে, যাতে কোথায় কত টাকার কাজ হচ্ছে, তা সবাই জানতে পারেন। ভবিষ্যতেও স্বচ্ছতার সঙ্গে উন্নয়ন বরাদ্দ দেওয়া হবে এবং বরাদ্দ বাড়ানোর চেষ্টা থাকবে। উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করতে হবে, কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, মেয়েদের শিক্ষার ব্যয়মুক্ত সুযোগ নিশ্চিত করা, সড়ক প্রশস্তকরণ, খাল খনন, বৃক্ষরোপণ ও কৃষকদের উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে সরকারের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করতে হবে।

আলোচনা শেষে জেলার ১০ উপজেলায় বাস্তবায়নাধীন ৬৮টি উন্নয়ন প্রকল্পের বিপরীতে প্রকল্প কমিটির প্রতিনিধিদের হাতে চেক হস্তান্তর করেন মন্ত্রী।

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহর সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-৫, ময়মনসিংহ-৭ ও ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, ১০ উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ