১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

নতুন প্রজন্মকে নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান

​'তোমাদের হাত ধরেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে’: পর্যটনমন্ত্রী

আপলোড সময় : ১২-১১-২০২৬
​'তোমাদের হাত ধরেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে’: পর্যটনমন্ত্রী সংগৃহীত

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: ‘তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ, তোমরাই একদিন এ দেশের নেতৃত্ব দেবে। তোমাদের জ্ঞান, মেধা ও অর্জনের মধ্য দিয়েই বিনির্মিত হবে মাতৃভূমি। এই দেশ আবারও উজ্জীবিত হবে তোমাদের দ্বারা।’ শিক্ষার্থীদের উদ্দেশে এমন আশাবাদ ব্যক্ত করে তাদের নীতি, আদর্শ ও নৈতিকতায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, আজকের শিক্ষার্থীদের হাত ধরেই বাংলাদেশ উন্নতির শিখরে পৌঁছাবে। তাদের মেধা ও মননে গড়ে উঠবে পরিকল্পিত গ্রাম-শহর, দূষণমুক্ত পরিবেশ এবং একটি টেকসই বাংলাদেশ। তাই শিক্ষার্থীদের জ্ঞান, যুক্তিবোধ ও নৈতিকতার সমন্বয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ‘জেলা প্রশাসক আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিতর্ক চর্চার গুরুত্ব তুলে ধরে পর্যটনমন্ত্রী বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তাশক্তি, যুক্তিবোধ ও আত্মবিশ্বাস বাড়ায়। একই সঙ্গে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জনে অনুপ্রাণিত করে। এমন আয়োজন শিক্ষার মানোন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রতিযোগিতায় ‘গ্রামকে শহরে রূপান্তর নয়, বরং গ্রামকে স্বাবলম্বী করে গড়ে তোলাই টেকসই উন্নয়নের একমাত্র পথ’ শীর্ষক বিতর্কে পক্ষ দল হিসেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহী এবং বিপক্ষ দল হিসেবে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অংশ নেয়। প্রতিযোগিতায় নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলকে এক লাখ টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ পুরস্কার দেওয়া হয়।

ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-৫, ময়মনসিংহ-৭ ও ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পুলিশ সুপার, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, বিতর্ক প্রতিযোগিতার মডারেটর ও বিচারক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ