১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড

​রাজশাহীতে বিচারকের ছেলে তাওসিফ হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড

আপলোড সময় : ১২-১১-২০২৬
​রাজশাহীতে বিচারকের ছেলে তাওসিফ হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড সংগৃহীত

মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী ব্যুরো : রাজশাহী নগরের ডাবতলা এলাকায় বাসায় ঢুকে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলায় একমাত্র আসামি লিমনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃরেজাউল করিম জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ও রাজশাহী মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলহাজ্ব আলী আশরাফ মাসুম সন্তোষ প্রকাশ করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের মামলায় আসামির উপযুক্ত শাস্তি নিশ্চিত হওয়ার মাধ্যমে রাষ্ট্রপক্ষ ও ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।

অন্যদিকে, রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী মামুনুর রশিদ বাবু। তিনি বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট নই। আসামির ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।

উল্লেখ্য, গত বছরের ১৩ নভেম্বর বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তাঁর স্কুলপড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আসামি লিমন। এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে বিচারকের স্ত্রী তাসমিন নাহারকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন। পরদিন ১৪ নভেম্বর ময়নাতদন্ত শেষে চিকিৎসকরা জানান,অতিরিক্ত রক্তক্ষরণেই তাওসিফের মৃত্যু হয়েছিল। ঘটনাটি সে সময় সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে পুলিশের তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে আজ এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করলেন আদালত।






কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ