ছবিঃ সংগৃহীত
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামী ২৮ ডিসেম্বর হবে একটি ‘নাগরিক স্মরণসভা’। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরেই এ আয়োজন।
উদ্যোগটি নাগরিক সমাজের। সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মরহুমা বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। দেশের বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকেরাও এতে অংশ নেবেন।
নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহর সই করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করতে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রন্থটির বিষয় বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব, দেশ ও জাতির প্রতি অবদান এবং তাঁর জীবনের নানা অজানা অধ্যায়।
সেজন্য দেশের বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিক, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং তাঁর সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা চাওয়া হয়েছে।
কোন কোন বিষয়ে লেখা যাবে, তা-ও ঠিক করে দেওয়া হয়েছে। তালিকায় আছে বেগম খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব; আপসহীন গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন; পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম; নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন; সংসদীয় রাজনীতির ইতিহাসে তাঁর অবদান; অর্থনৈতিক দর্শন; নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম; সংবাদপত্রের স্বাধীনতা; প্রত্যক্ষ স্মৃতিচারণ ও অজানা অধ্যায়; সরকার পরিচালনা ও সুশাসন; অন্তিম সময়ে বেগম খালেদা জিয়া এবং তাঁর নান্দনিকতা, ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা।
প্রতিটি লেখা ১২০০ থেকে ১৫০০ শব্দের হতে হবে, আর তা হতে হবে মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী। লেখকদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে ই-মেইলে (nagorikshoronshova@gmail.com) লেখা পাঠাতে বলা হয়েছে। সম্পাদকীয় বিবেচনায় যাঁদের লেখা বাছাই হবে, শুধু সেগুলোই গ্রন্থে ছাপা হবে।
স্মারকগ্রন্থের পাশাপাশি একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। এর বিষয় বেগম খালেদা জিয়ার কর্মময়, সংগ্রামী ও ঘটনাবহুল রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তাঁর অর্জন।
বিজ্ঞপ্তিতে প্রামাণ্যচিত্র ও স্মারকগ্রন্থকে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের বহুমাত্রিক মূল্যায়নের প্রয়াস হিসেবে তুলে ধরা হয়েছে। তাঁর রাজনৈতিক উত্তরাধিকার, রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশের ইতিহাসে অবদান প্রামাণ্যভাবে সামনে আনাও এর লক্ষ্য। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এগুলো মূল্যবান ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।