ছবিঃ সংগৃহীত
তুরস্কে তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে যোগ দেন।
প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের নিয়ে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ শুক্রবার সকাল ৫টা ৪০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। বাসসকে এ তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
ফেরার যাত্রা শুরু হয় আন্তালিয়া থেকে। বিকেল ৪টা ৩০ মিনিটে সেখান থেকে ইস্তাম্বুলের পথে রওনা দেন প্রধানমন্ত্রী। আন্তালিয়া বিমানবন্দরে তাঁকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা ও রাষ্ট্রদূত সুবুতায় ইউকসেল। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি ইস্তাম্বুলে পৌঁছান, এরপর বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দর ছাড়ে।
শাহজালাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
কপ-৩১ ও আন্তালিয়া লিডার্স সামিটে যোগ দিতে গত ১০ নভেম্বর আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একের পর এক দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। বৃহস্পতিবার কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজন মেটাতে সেখানে পাঁচটি জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।
সম্মেলনের ফাঁকে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে। ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি; সাক্ষাৎ হয় মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গেও। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।
এরদোয়ানের সঙ্গে বৈঠকে কথা হয় রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও নানা আন্তর্জাতিক প্রসঙ্গে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সম্ভাব্য ভূমিকাও ছিল আলোচনায়। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও অবদানের কথা সেখানে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
আলবানিজের কাছে প্রধানমন্ত্রী দুটি বিষয়ে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান: বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো, এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা।
হান ঝেংয়ের সঙ্গে আলোচনায় দুই পক্ষ রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের কথা বলে। জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো ও কর্মসংস্থান সৃষ্টিতে চীনা বিনিয়োগের ওপর জোর দেওয়া হয়।
এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে মিয়ানমারের ওপর কূটনৈতিক তৎপরতা বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চান তিনি। বাংলাদেশের জলবায়ু অভিযোজন কার্যক্রম, অভিবাসন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের উপায় নিয়েও দুজনের কথা হয়।
শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে বৈঠকে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয় ওঠে। উজবেক প্রেসিডেন্ট তারেক রহমানকে উজবেকিস্তান সফরের আমন্ত্রণ জানান। নতুন বছরে সফরটি করার আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নির্বাচনে ম্যান্ডেট পাওয়ায় নেতারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহও দেখান। পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থানে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে আলোচনায় আসে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্য পরিস্থিতি আর পারস্পরিক স্বার্থের বিষয়। কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহর সঙ্গে কথায় গুরুত্ব পায় দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও মজবুত করার প্রসঙ্গ।
বৈঠকগুলোতে ঘুরেফিরে এসেছে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কূটনৈতিক সহযোগিতা বাড়ানো এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়।
ডা. জুবাইদা রহমান বর্জ্যশূন্য ব্যবস্থাপনা নিয়ে একটি সাইড ইভেন্টে যোগ দেন। বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপ দিতে সরকারের নীতিগত উদ্যোগের কথা সেখানে তুলে ধরেন তিনি, জোর দেন এ খাতে কারিগরি সহযোগিতার প্রয়োজনের ওপর।
কপ-৩১-এ আসা বিশ্বনেতাদের সম্মানে প্রেসিডেন্ট এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান একটি নৈশভোজের আয়োজন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান তাতে অংশ নেন। আন্তালিয়ায় রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রী এবং অন্য বিশিষ্ট অতিথিদের সম্মানে এমিনে এরদোয়ানের দেওয়া মধ্যাহ্নভোজেও ছিলেন ডা. জুবাইদা রহমান।