১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

খাজাকে ‘বাসের নিচে ছুড়ে ফেলেছেন’ কামিন্স, অভিযোগ ওয়ার্নারের

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ১৩-১১-২০২৬
খাজাকে ‘বাসের নিচে ছুড়ে ফেলেছেন’ কামিন্স, অভিযোগ ওয়ার্নারের ছবিঃ সংগৃহীত

উসমান খাজার পক্ষ নিয়ে ডেভিড ওয়ার্নার অভিযোগ তুলেছেন, অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স খাজাকে ‘বাসের নিচে ছুড়ে ফেলেছেন’। ‘স্যান্ডপেপার-কাণ্ড’ সম্পর্কে পুরো দল জানত—খাজার এই দাবিকে কামিন্স ১০০ শতাংশ ভুল বলার পরই এল ওয়ার্নারের এ প্রতিক্রিয়া।

অবসর নেওয়া খাজা চলতি সপ্তাহে তাঁর আত্মজীবনী প্রকাশ করেছেন। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে সেখানে একটি অধ্যায় আছে। বিশ্ব ক্রিকেটে আলোড়ন তোলা ওই ঘটনা নিয়ে তাঁর বক্তব্যে পুরোনো ক্ষত নতুন করে সামনে এসেছে।

খাজা বইয়ে অভিযোগ করেছেন, সুইং বাড়াতে স্যান্ডপেপার দিয়ে বলের পৃষ্ঠ ঘষার পরিকল্পনার কথা পুরো দলই জানত; কামিন্সও তাঁদের একজন বলে দাবি তাঁর। কেলেঙ্কারির সূত্রপাত কেপটাউনে সিরিজের তৃতীয় টেস্ট ঘিরে হলেও পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টেও একই কৌশল ব্যবহার করা হয়েছিল বলে দাবি করেছেন খাজা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে অবশ্য বলা হয়েছিল, বিষয়টি জানতেন শুধু ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। ঘটনার পর তিনজনকেই অসম্মানের সঙ্গে দেশে ফেরত পাঠানো হয়, পরে দেওয়া হয় নিষেধাজ্ঞা। স্মিথকে অধিনায়কত্ব থেকে সরানোর পর দায়িত্ব পান টিম পেইন; পরে তাঁর জায়গায় আসেন কামিন্স।

এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, ‘যখন সে বলে আমরা সবাই জানতাম, যদি এর অর্থ হয় মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়টি আমরা জানতাম, তাহলে সে ১০০ শতাংশ ভুল।’

তাঁর কথায়, ‘গত আট বছর ধরে আমি একই কথা বলে আসছি। এমন কিছু ঘটছে, তা আমি জানতাম না।’

কামিন্স আরও বলেন, ‘তবে আমার মনে হয়, উসমান এর চেয়েও অনেক গুরুতর অভিযোগ করেছে। সে বলেছে, স্যান্ডপেপার দিয়ে বল টেম্পারিংয়ের পরিকল্পনার নেপথ্যে আমি ও অন্যরা ছিলাম। এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্ভট কথা।’

২০২১ সালে এক বিবৃতিতে কামিন্স এবং তাঁর সতীর্থ বোলার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন পরিকল্পনার বিষয়ে কিছু জানার কথা প্রকাশ্যে অস্বীকার করেছিলেন।

খাজার নতুন বক্তব্যকে জোরালো সমর্থন দিয়েছেন ওয়ার্নার, কামিন্সের সর্বশেষ প্রতিক্রিয়ারও কঠোর সমালোচনা করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে ম্যাচের আগে টেলিভিশন ধারাভাষ্যে তিনি বলেন, ‘আজ সকালে প্যাট কামিন্স খুব ভালো প্রস্তুতি নিয়ে এসেছিল। তবে আমি এখনো উজির (খাজার) পাশে আছি এবং তার বইয়ে লেখা বক্তব্যকে সমর্থন করছি।’

ওয়ার্নার যোগ করেন, ‘ওটাই সত্যি। আমি তাকে পুরোপুরি সমর্থন করি।’ তাঁর ভাষায়, ‘আমার মনে হয়েছে, আজ অধিনায়ক উজিকে বাসের নিচে ছুড়ে ফেলেছে। এতে আমি খুবই হতাশ।’ সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত এ নিয়ে কথা বলা থামাবেন না বলেও জানান তিনি।

তখনকার প্রধান কোচ ড্যারেন লেহম্যানও বিষয়টি জানার কথা অস্বীকার করেছেন। সাবেক ব্যাটিং কোচ গ্রায়েম হিক খাজার অভিযোগকে বলেছেন ‘সম্পূর্ণ মিথ্যা’। স্টার্কও চলতি সপ্তাহে আগের অবস্থানের পুনরাবৃত্তি করে বলেছেন, ‘মাঠে কিছু নিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়ে আমরা অবগত ছিলাম না।’

লায়ন ও হ্যাজেলউড অবশ্য এ নিয়ে চুপ। স্মিথ ও ব্যানক্রফটও কোনো মন্তব্য করেননি।

আট বছর পর এমন বিস্ফোরক অভিযোগ তোলায় খাজার আচরণকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে সমালোচনা করেছেন কামিন্স। তিনি বলেন, ‘উসমান আমার বন্ধু। কিন্তু বন্ধুরা একে অপরের জীবন ও সুনাম নিয়ে হালকাভাবে কথা বলে না।’

‘তার বইয়ে সে আমার জীবন, আরও অনেকের জীবন এবং অস্ট্রেলীয় ক্রিকেটকে হালকাভাবে উপস্থাপন করেছে। আমার মনে হয়, নিজের বক্তব্য তুলে ধরার ক্ষেত্রেও সে বিষয়টি খুব হালকাভাবে নিয়েছে। অথচ এতে অনেক মানুষ প্রভাবিত হচ্ছে।’

এ সপ্তাহে বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খাজা বলেছেন, কেপটাউন টেস্টের পর ড্রেসিংরুমে তিনি পুরো দলকে মিলে দায় নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ওয়ার্নার, স্মিথ ও ব্যানক্রফটকে এককভাবে দায়ী করে বলির পাঁঠা বানানোর বিরোধিতাও করেছিলেন তিনি।

কামিন্স অবশ্য এমন কোনো ঘটনা মনে করতে পারছেন না। তাঁর ভাষায়, ‘সম্মিলিতভাবে দায়িত্ব নেওয়া নিয়ে কোনো আলোচনার কথা আমার মনে নেই। এমন কোনো দলীয় সভার কথাও মনে পড়ে না, যেখানে সে দাঁড়িয়ে বলেছিল, “একটি দল হিসেবে আমাদের দায় স্বীকার করা উচিত।”’

তদন্ত আবার শুরুর সম্ভাবনা নাকচ করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সংস্থাটির চেয়ারম্যান ডেভিড বুন বৃহস্পতিবার কামিন্সকে আশ্বস্ত করেছেন, অধিনায়কত্ব নিয়ে তাঁর উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

২০১৮ সালের দিকে অস্ট্রেলিয়া দলের সংস্কৃতিতে যেকোনো মূল্যে জেতার মানসিকতা ছিল—এ কথা স্বীকার করেছেন কামিন্স। তাঁর মতে, কেপটাউনের ঘটনায় এরই চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছিল। তবে এরপর দলের সংস্কৃতিতে ‘অসাধারণ পরিবর্তন’ এসেছে বলে মনে করেন তিনি।

কামিন্স বলেন, ‘আম্পায়ার ও প্রতিপক্ষের সঙ্গে আমরা যেভাবে কথা বলতাম, তা আমার ভালো লাগত না। তরুণ খেলোয়াড় হিসেবে তখন দলের মধ্যে কিছুটা ঔদ্ধত্য এবং কখনো কখনো কদর্য আচরণ দেখেছি, যা আমার কাছে গ্রহণযোগ্য ছিল না।’

‘এখন আমি অধিনায়ক। তাই বর্তমান অস্ট্রেলিয়া দলে যেন এমনটা না ঘটে, তা নিশ্চিত করতে অনেক সময় ব্যয় করেছি।’



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ