১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

খাতুনগঞ্জ থেকে টেরিবাজার: শীত ঘনাতেই জমে উঠেছে আমদানি করা পুরোনো কাপড়ের মোকাম

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৩-১১-২০২৬
খাতুনগঞ্জ থেকে টেরিবাজার: শীত ঘনাতেই জমে উঠেছে আমদানি করা পুরোনো কাপড়ের মোকাম ছবিঃ সংগৃহীত

খাতুনগঞ্জ, টেরিবাজার, জহুর হকার্স মার্কেট আর মহল মার্কেটের পাইকারি পুরোনো কাপড়ের মোকাম এখন সরগরম। শীত সামনে রেখে বন্দরনগরীর পুরোনো কাপড় আমদানির গুদামগুলো এরই মধ্যে ভরে উঠেছে।

প্রকৃতি রূপ বদলাচ্ছে, দুয়ারে শীত। চট্টগ্রামে সন্ধ্যা নামলেই পাল্টে যাচ্ছে তাপমাত্রা, আর তাতেই গরম হয়ে উঠেছে শীতবস্ত্রের বাজার।

ব্যবসায়ী সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, পাইকারি ও খুচরা মিলিয়ে এবার চট্টগ্রামে আমদানি করা পুরোনো শীতবস্ত্রের বেচাকেনা হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

পাইকারি মোকামগুলোতে এখন ব্যাপক ব্যস্ততা। শীতের বাজার ধরতে দেশের নানা প্রান্তের খুচরা ব্যবসায়ীরা এখান থেকে বেলের পর বেল পুরোনো কাপড় নিয়ে যাচ্ছেন। খুচরা আর ফুটপাতের দোকানেও ক্রেতার আনাগোনা বেড়েছে।

চট্টগ্রাম বন্দর দিয়ে আসা বিপুল চালানের মূল বিপণনকেন্দ্র খাতুনগঞ্জের আমীর মার্কেট, আছাদগঞ্জ ও মাঝিরঘাট, জহুর হকার্স মার্কেট, মহল মার্কেট এবং টেরিবাজার এলাকা। এসব পাইকারের কাছ থেকে প্রতিদিন শত শত বেল কাপড় যায় ঢাকার সদরঘাট, বাংলাবাজার ও বায়তুল মোকাররমসহ রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও পঞ্চগড়ের মতো উত্তরের তীব্র শীতপ্রবণ এলাকায়। শীত ঘনিয়ে আসায় সারা দেশের পাইকারদের উপস্থিতিতে মোকামগুলো এখন পুরোপুরি জমজমাট।

পাইকারি ব্যবসায়ীরা জানান, ঋণপত্রের (এলসি) বিপরীতে চীন, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়া থেকে জাহাজভর্তি কাপড় বন্দরে আসছে। বন্দর থেকে সরাসরি খালাস করে বেলগুলো তোলা হচ্ছে বিভিন্ন গুদামে। তবে আন্তর্জাতিক বাজারে ডলারের বিনিময় হার বাড়ায় এবার আমদানিপণ্যের দামে কিছুটা ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে।

ব্যবসায়ীদের ভাষ্য, আন্তর্জাতিক বাজারে পুরোনো কাপড়ের দাম বাড়ার পেছনে আছে বৈশ্বিক অর্থনীতির প্রভাব। ভূরাজনৈতিক অস্থিরতায় সমুদ্রপথে জাহাজভাড়া ও কনটেইনারের ফ্রেইট চার্জ বেড়েছে; ওজনে ভারী আর আকারে বিশাল এই পণ্য আনতে তাই সরাসরি বাড়তি খরচ হচ্ছে।

অন্যদিকে উন্নত দেশগুলোতে মূল্যস্ফীতি এবং অনলাইন রিসেল প্ল্যাটফর্মের জনপ্রিয়তায় সেখানকার অভ্যন্তরীণ বাজারেই সেকেন্ড-হ্যান্ড বা পুরোনো পোশাকের ব্যবহার বেড়েছে। এতে রপ্তানির জন্য ভালো মানের বা ‘ক্রিম গ্রেড’ কাপড়ের সরবরাহ কমেছে, বেড়েছে দাম। সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, ভারত ও পূর্ব ইউরোপের প্রধান সর্টিং হাবগুলোতে শ্রম, প্যাকিং ও পরিচালন খরচ বাড়ায় প্রক্রিয়াজাতকরণের ব্যয়ও বেড়েছে।

ফলে বাজারে চীনের বড় সরবরাহ থাকার পরও এশিয়া ও আফ্রিকার বিপুল আমদানির চাপে চাহিদাসম্পন্ন ভালো কাপড়ের দাম আন্তর্জাতিক পর্যায়ে বেড়েছে।

জহুর হকার্স মার্কেটের পাইকারি ব্যবসায়ী মো. ইউনুছ জানান, শীত জেঁকে বসবে নভেম্বরের শেষ দিকে। আগামী ফেব্রুয়ারিতে রমজান শুরু। ব্যবসা যা হওয়ার, এই দুই মাসেই হবে।

দূর-দূরান্তের ক্রেতারা এরই মধ্যে শীতের কাপড় নিতে শুরু করেছেন। বিদেশি সেকেন্ড-হ্যান্ড কম্বলের প্রতি বেল বিক্রি হচ্ছে ১২ হাজার থেকে ২৮ হাজার টাকায়; প্রতি বেলে থাকে ২৮ থেকে ৩০টি কম্বল। নতুন কম্বলের প্রতি পিস ২০০ টাকা থেকে ৪ হাজার টাকা পর্যন্ত। মান ও সাইজভেদে দামে তারতম্য হয়।

জ্যাকেটের প্রতি বেলের দাম ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা। কম দামি জ্যাকেটের বেলে থাকে ১৫০ থেকে ২০০ পিস, আর ৩০ হাজার টাকার বেলে ৮০ থেকে ১০০টি। এর মধ্যে এডিডাস বা পুমার মতো নামিদামি ব্র্যান্ডের ফ্রেশ জ্যাকেটও সহজেই মিলে যায়।

ইউনুছ জানান, সোয়েটারের প্রতি বেলের দাম শুরু ৭ হাজার টাকা থেকে, এক বেলে থাকে ২০০টি সোয়েটার। একটি বেলে কাপড় থাকে ৮০ থেকে ১০০ কেজি।

আমদানিকারক জসিম উদ্দিনের তথ্যমতে, পুরুষের চীনা সোয়েটারের প্রতি বেল বিক্রি হচ্ছে ৭ হাজার টাকায়, ফুলহাতা মিক্সড গেঞ্জি সাড়ে ৬ হাজারে। থাইল্যান্ডের লেডিস সোয়েটার ৮ হাজার এবং ১০০ কেজির লেডিস জিন্স ও গ্যাবার্ডিন প্যান্টের বেল ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

খাতুনগঞ্জের ব্যবসায়ীরা সারা বছর ভোগ্যপণ্যের পাইকারি ব্যবসা নিয়েই থাকেন। তবে শীত এলে এখানকার আমীর মার্কেটের ৫০ থেকে ৬০টি দোকানের ব্যবসায়ীরা পুরোনো শীতের কাপড় আমদানি করেন।

খাতুনগঞ্জের ব্যবসায়ী মো. মহিউদ্দিনের কথায়, আমদানি করা এসব কাপড়ের মূল ক্রেতা দেশের নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষ। সাধারণ মানুষের কাছে এগুলো কম দামে শীত সামলানোর বড় ভরসা। তবে বেলগুলোতে আন্তর্জাতিক ব্র্যান্ডের আকর্ষণীয় পোশাক মেলায় শহরের তরুণ ও মধ্যবিত্তরাও এখন এসব কাপড়ের বড় ক্রেতা।

চট্টগ্রামের মধ্যবিত্ত ও নিম্নবিত্তের কাছে জহুর হকার্স মার্কেট খুব চেনা নাম। গরম কাপড়ের পাইকারি ও খুচরা বাজার হিসেবে মার্কেটটির ঐতিহ্য আছে।

হকার্স মার্কেটের বিনিময় স্টোরের স্বত্বাধিকারী টিপু সুলতান বলেন, ‘শীত আসার আগে এই দোকানে শার্ট-প্যান্ট ও টি-শার্ট বিক্রি হতো। কিন্তু শীতের সময় আমরা গরম কাপড় বিক্রি শুরু করেছি।’

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, হকার্স মার্কেটে মেয়েদের সোয়েটার ও জ্যাকেট মানভেদে ২০০ থেকে ৮০০ টাকা, ছেলেদের সোয়েটার ১০০ থেকে ৫০০ টাকা, ছেলেদের জ্যাকেট ৩০০ থেকে ৩০০০ টাকা, বাচ্চাদের সোয়েটার ৫০ থেকে ৬০০ টাকা, মাফলার ৪০ থেকে ২০০ টাকা এবং গরম টুপি ৫০ থেকে ২৫০ টাকায় মিলছে।

ব্যবসায়ী ইলিয়াস উদ্দিন বলেন, ‘জহুর হকার্সের তিনটি মার্কেটে ৮০০ এর বেশি দোকান আছে। এর মধ্যে বড় দোকানের সংখ্যা ২০০, মাঝারি ৩৫০ এবং এর বাইরের দোকানগুলো ছোট।’

তিনি আরও বলেন, ‘এই শীতে প্রতিদিন ছোট দোকানে ১০ থেকে ১২ হাজার, মাঝারিতে ২০ থেকে ২৫ হাজার ও বড় দোকানে ৫০ থেকে ৬০ হাজার টাকার ব্যবসা চলবে। সব মিলিয়ে এই মার্কেটে আগামী তিনমাসে প্রায় ২০০ কোটি টাকার ব্যবসার আশা করছি।’

নগরীর রিয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি লেইনের ব্যবসায়ী মোজাম্মেল হক বলেন, ‘আমাদের তামাকুমন্ডি লেইনে ১১০টি মার্কেটে প্রায় ১৫ হাজার দোকান রয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ দোকান শীতের কাপড়ের ব্যবসা করছে। বিশাল এই আয়োজনে কত টাকার ব্যবসা হচ্ছে তা বলা মুশকিল, তবে প্রতিদিন ১ কোটি টাকার বেশি বিকিকিনি হয় বলে আমাদের ধারণা।’

একই লেইনের পাইকারি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, ‘১১০টি মার্কেটের প্রায় ৫০ শতাংশ দোকান এই শীতে ব্যবসা করছে। সে হিসেবে, প্রায় সাড়ে ৭ হাজার পাইকারি ও খুচরা দোকান যদি দৈনিক ১০ হাজার টাকার ব্যবসাও করে, তিন মাসে এ পরিমাণ দাঁড়ায় ৪৫০ কোটি টাকা। আমাদের ধারণা দেশে কাপড়ের অন্যতম প্রধান পাইকারি এই বাজারে আগামী তিনমাসে অন্তত ৭০০ কোটি টাকার বিকিকিনি হবে।’

প্রতিদিন সন্ধ্যায় পাইকারি মার্কেট থেকে কেনা কাপড়ের পসরা বসছে নগরীর ফুটপাতে। বিশেষ করে নিউমার্কেট, কেসিদে রোড, লালদীঘির পাড়, আন্দরকিল্লা, বন্দরটিলা, দুই নম্বর গেট, বহদ্দারহাট, আগ্রাবাদ ও বায়েজিদ বোস্তামি এলাকার ফুটপাতে আমদানি করা পুরোনো শীতের পোশাকের বেচাকেনা জমে উঠেছে।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী কাপড়ের বাজার টেরিবাজারে মোট ৮২টি মার্কেটে প্রায় তিন হাজার দোকান আছে। সেখানকার ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, ‘এখানে গরম কাপড়ের মধ্যে শিশুদের কাপড়ই বেশি পাওয়া যায়।’



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ