১৫ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

​পাহাড়ে কোটা ও উন্নয়ন বৈষম্য দূরীকরণের দাবি পিসিসিপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে

আপলোড সময় : ১৪-১১-২০২৬
​পাহাড়ে কোটা ও উন্নয়ন বৈষম্য দূরীকরণের দাবি পিসিসিপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগৃহীত ছবি

​রাঙামাটি প্রতিনিধি :  পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, চাকরি এবং উন্নয়ন কর্মকাণ্ডে বিদ্যমান বৈষম্য দূর করে সকল জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাঙামাটিতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় পিসিসিপি’র নেতৃবৃন্দ এ দাবি জানান।

​পিসিসিপি’র কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাবীব আজমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান।

​আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড়ে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বিরাজমান কোটা পদ্ধতির কারণে একটি বড় জনগোষ্ঠী পিছিয়ে পড়ছে। কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে বঞ্চিত রেখে পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে তারা মন্তব্য করেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে উপজাতি কোটার কারনে একটি গোষ্ঠী বিশেষ সুবিধা পাচ্ছে, অন্যদিকে বাঙালি সহ কিছু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে, এছাড়াও পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে চাকরি ও শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা বণ্টনে বাঙালি এবং কয়েকটি প্রান্তিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছে।

​দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সভায় পিসিসিপি নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রামে আলাদা বিশেষ মর্যাদা বা ফেডারেল কাঠামোর স্বায়ত্তশাসনের যে দাবি তোলা হচ্ছে, তা বাংলাদেশের একক রাষ্ট্র কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। তারা এ ধরনের দাবিকে পাহাড়ে কথিত ‘জুম্মল্যান্ড’ প্রতিষ্ঠার ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিহিত করেন।

​এছাড়া, সাজেকে অবরোধের নামে জনজীবনে অস্থিরতা সৃষ্টির তীব্র প্রতিবাদ জানানো হয় সভা থেকে। পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সশস্ত্র তৎপরতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান ও আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান বক্তারা।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও খাগড়াছড়ি জেলা আহ্বায়ক আব্দুল মজিদ, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক এম এ আমিন, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার এবং যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূর হোসেন।

​সভায় আরও বক্তব্য রাখেন পিসিসিপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, রাঙামাটি জেলা আহ্বায়ক আলমগীর হোসেন, খাগড়াছড়ি জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. মেহেদী। এ সময় রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, ঢাকা মহানগরীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ