১৫ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

জীবাশ্ম জ্বালানি বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবিতে বাগেরহাটে তরুণদের ক্লাইমেট স্ট্রাইক

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ১৪-১১-২০২৬
জীবাশ্ম জ্বালানি বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবিতে বাগেরহাটে তরুণদের ক্লাইমেট স্ট্রাইক ছবিঃ সংগৃহীত

জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ, কয়লা ও তেলের ওপর নির্ভরতা কমানো এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি উঠেছে বাগেরহাটে আয়োজিত ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ থেকে।

আজ শনিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘জীবাশ্ম জ্বালানিমুক্ত পৃথিবী ও ন্যায্য রূপান্তর’।

অংশগ্রহণকারীদের হাতে ছিল রঙিন ফেস্টুন, হাতে লেখা ব্যানার ও প্ল্যাকার্ড। মাস্ক পরে জীবাশ্ম জ্বালানির দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তুলে ধরে একটি প্রতীকী প্রদর্শনীও করেন তারা।

রামপালের বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাক্টিভিস্টা জেলা এর আয়োজন করে, সহযোগিতায় ছিল অ্যাকশনএইড। আটটি যুব সংগঠন কর্মসূচির সঙ্গে সংহতি জানায়। শতাধিক তরুণ জলবায়ু কর্মী ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি এতে অংশ নেন।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সবার সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলেন বক্তারা। তাদের মতে, জ্বালানি খাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে এবং নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করে সমতাভিত্তিক ভবিষ্যৎ গড়তে হবে।

জলবায়ু কর্মী নিপা সাহা বলেন, জীবাশ্ম জ্বালানির নিঃসরণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। জলবায়ু বিপর্যয়ের ঝুঁকি থেকে বাংলাদেশকে বাঁচাতে কয়লা ও তেলের ওপর নির্ভরতা কমিয়ে দ্রুত নবায়নযোগ্য জ্বালানির পথে হাঁটতে হবে।

বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কর্মসূচিতে ছিলেন রবিউল ইসলাম, সুমিত ভট্টাচার্য, অমিত শীল, আব্দুল্লাহ আল ইমরান, সাজ্জাদুল ইসলাম রাকিব, সুমাইয়া ইসলাম মিম, মিম ঈশিতা দেবনাথ, মেহেদী হাসান ফাহিম, অর্পিতা বিশ্বাস, সামিয়া ইসলাম রাফা, অর্ণব মিস্ত্রি, আবিদা ইসরাত জয়া, সাব্বির শেখ ও শেখ মো. রোমান।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ