ছবিঃ সংগৃহীত
চট্টগ্রাম রেঞ্জ পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৭৫ জনকে গ্রেপ্তার করেছে। কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ নানা অপরাধ দমনে এ অভিযান চলছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছে ৫৪৯ জন।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় আজ এক প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নিয়মিত মামলায় ৮৫ জন, পূর্ববর্তী মামলায় ১২৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৫০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১৩ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন পরোয়ানায় ধরা হয়েছে ১৩৫ জনকে, সাজা পরোয়ানায় ২০ জনকে।
মাদক মামলায় গ্রেপ্তার ৬১ জনের মধ্যে ৪ জন মাদক বহনকারী, বাকি ৫৭ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৬১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। সব মিলিয়ে এ অভিযানে ১২২ জন গ্রেপ্তার হন।
মাদকবিরোধী অভিযানে মামলা হয়েছে ৪১টি। ভ্রাম্যমাণ আদালত ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন, অর্থদণ্ড করা হয়েছে মোট ৩ হাজার ৩০০ টাকা।
উদ্ধার হয়েছে ১১ হাজার ৩৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ২১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৫০ বোতল স্কাফ সিরাপ, ২ বোতল বিদেশি মদ ও ১০ বোতল বিয়ার।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮৩ জন সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। জেলা অনুযায়ী তাদের মধ্যে চট্টগ্রামের ২৫ জন, কক্সবাজারের পাঁচজন, কুমিল্লার ২১ জন, ব্রাহ্মণবাড়িয়ার চারজন, চাঁদপুরের ১০ জন, নোয়াখালীর তিনজন, ফেনীর তিনজন, লক্ষ্মীপুরের নয়জন, খাগড়াছড়ির দুইজন এবং বান্দরবানের একজন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৪৯ জনের মধ্যে ৩৩৮ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২১১ জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থা।
জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংয়ের সদস্য আটক হয়েছে চট্টগ্রামে ৭৬ জন, কক্সবাজারে ৩০ জন, কুমিল্লায় ২২৪ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮ জন, চাঁদপুরে ২৫ জন, নোয়াখালীতে ২০ জন, ফেনীতে ৫২ জন, লক্ষ্মীপুরে ৫৩ জন, রাঙামাটিতে ১৩ জন, খাগড়াছড়িতে ১০ জন ও বান্দরবানে আটজন।
পুলিশ জানিয়েছে, জনস্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এমন বিশেষ অভিযান চলতেই থাকবে।