ছবিঃ সংগৃহীত
শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর আগ্রহের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বিজ্ঞান, উদ্ভাবন, গবেষণা ও উন্নয়ন খাতে আরও বেশি অর্থ বিনিয়োগের পরিকল্পনা আছে সরকারের।
এ কাজে গবেষণা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বানও জানান মন্ত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আজ বাংলাদেশ রসায়ন সমিতি ‘কেমিক্যাল ইনোভেশন ফর ফিউচার চ্যালেঞ্জ’ শীর্ষক সম্মেলনের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে সেখানে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী।
এহছানুল হক মিলন জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধীনে হিট প্রকল্পে প্রায় ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে, আর দেশে গবেষণা ও উন্নয়নমূলক নানা প্রকল্পের কাজ চলছে। বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন এবং গবেষণায় সরকার আরও বিনিয়োগ করতে চায় বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের মানবসম্পদের সম্ভাবনার কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, দেশের শিক্ষার্থী ও গবেষকেরা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করতে সক্ষম। বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৩ জন বিজ্ঞানী জায়গা পেয়েছেন, যা দেশের জন্য গর্বের।
তাঁর মতে, মানবসম্পদকে কেবল অদৃশ্য সম্পদ হিসেবে ফেলে না রেখে উৎপাদনশীল ও দৃশ্যমান সম্পদে পরিণত করতে হবে। সে কারণেই কারিগরি শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিচ্ছে সরকার।
উদ্ভিদের আঁশে তৈরি পোশাকের ব্যবহার এবং পাটের বহুমুখী ব্যবহার ও গবেষণার প্রয়োজনের কথা তোলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পাটের আঁশ অত্যন্ত গুরুত্বপূর্ণ; অথচ এর বহুমুখী ব্যবহার ও পাটজাত পণ্যের বৈচিত্র্য বাড়াতে বাংলাদেশ প্রত্যাশিত অগ্রগতি করতে পারেনি।
পাটের আঁশ দিয়ে নতুন পণ্য উদ্ভাবনে গবেষণা বাড়ানোর তাগিদ দেন তিনি। পরিবেশবান্ধব ও পচনশীল পাটের ব্যাগের ব্যবহার বাড়ানোরও সুযোগ আছে বলে মনে করেন মন্ত্রী।
তিনি জানান, ২০২৭ সালের শুরু থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বই-খাতা বহনের জন্য তাদের পাটের ব্যাগ দেওয়ার পরিকল্পনাও সরকারের আছে।
সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল নিয়েও কথা বলেন মন্ত্রী। এবার পাসের হার ৫২ শতাংশ, যা আশানুরূপ হয়নি। উত্তরপত্র পুনর্নিরীক্ষণে এখন পর্যন্ত প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড বদলেছে। আগে অকৃতকার্য হওয়া প্রায় ৫ হাজার শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের পর পাস করেছে, আর প্রায় ৩ হাজার ৭৯০ জনের জিপিএ বেড়েছে।
এসব অনিয়ম ও ত্রুটি কেন হলো, তার কারণ খুঁজে দেখা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। এক বা দুই বিষয়ে যারা অকৃতকার্য হয়েছে, তাদের পুনঃপরীক্ষাও শিগগিরই নেওয়া হবে।
শিক্ষার্থীদের আশ্বস্ত করে এহছানুল হক মিলন বলেন, দেশে সরকারি বিশ্ববিদ্যালয় ৫৭টি, বেসরকারি ১১৬টি। মোট প্রায় ১৫ লাখ আসনের বিপরীতে পাস করা শিক্ষার্থী প্রায় সাড়ে পাঁচ লাখ। তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে বাড়তি দুশ্চিন্তার কারণ নেই।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সভাপতি ড. মো. এমরান কাইয়ূম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন সোসাইটির সাধারণ সম্পাদক ড. এ কে এম লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জয়নাল আবেদিন সিদ্দিক।