১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

টানা পঞ্চম শনিবার রাজপথে ফরাসিরা, ‘হত্যার লাইসেন্স’ বিল ও শিশু সুরক্ষার দাবি সামনে

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৪-১১-২০২৬
টানা পঞ্চম শনিবার রাজপথে ফরাসিরা, ‘হত্যার লাইসেন্স’ বিল ও শিশু সুরক্ষার দাবি সামনে ছবিঃ সংগৃহীত

পুলিশের ক্ষমতা বাড়ানোর নতুন আইনের বিরোধিতা থেকে শুরু করে মূল্যস্ফীতি—নানা ইস্যুতে ক্ষোভ জানিয়ে শনিবার আবারও ফ্রান্সের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।

ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশে উচ্চবিদ্যালয় অবরোধ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে এক মাসের বেশি সময় ধরে বিক্ষোভ চলছে। আগামী বছর সেখানে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। কট্টর ডানপন্থিদের ধারণা, ক্ষমতা দখলের এটাই তাদের সবচেয়ে বড় সুযোগ।

বার্তা সংস্থা এএফপি প্যারিস থেকে এ খবর দিয়েছে।

বেশির ভাগ জায়গায় বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও কোথাও কোথাও বিচ্ছিন্ন সহিংসতা হয়েছে। পুলিশের বিরুদ্ধে উঠেছে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগও।

এ নিয়ে টানা পঞ্চম শনিবার রাস্তায় নামলেন বিক্ষোভকারীরা। প্যারিসে মূল বিক্ষোভ স্থানীয় সময় দুপুর ১টায় শুরুর কথা ছিল। এর বাইরে দেশজুড়ে আরও কয়েক ডজন জায়গায় সমাবেশের আয়োজন হয়।

রাজধানীতে ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরা যোগ দেন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী, শ্রমিক ইউনিয়ন, শিশু অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন এবং অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে পুলিশকে আরও সুরক্ষা দিতে প্রস্তাবিত বিলের বিরোধীদের সঙ্গে।

শিশু ও কিশোর-কিশোরীদের ওপর সহিংসতা প্রতিরোধে কাজ করা একটি সংগঠনের প্রতিনিধি ক্লেয়ার বুর্দিয় বলেন, ‘সমাজের অবস্থা ভালো নয়। আমরা একটি বিষয়কে অন্যটির চেয়ে বেশি গুরুত্ব দিতে পারি না।’

শিশুদের যৌন নির্যাতন থেকে আরও ভালোভাবে রক্ষার দাবিতে গত কয়েক মাস ধরে নানা কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। আবার অনেকে পথে নেমেছেন সংসদে তোলা নতুন একটি বিলের বিরোধিতায়, যাতে পুলিশের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে বৈধ আত্মরক্ষার বিষয়টি ধরে নেওয়ার বিধান যুক্ত করার কথা বলা হয়েছে।

বিলটির সমর্থকদের মধ্যে আছে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে আগ্রহী মেরিন ল্য পেনের কট্টর ডানপন্থি দল ন্যাশনাল র‍্যালি। তাদের যুক্তি, পুলিশের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ ওঠা ঠেকাতে এ আইন দরকার।

‘হত্যার লাইসেন্স’

বিরোধীদের মতে, বিলটি কার্যত ‘হত্যার লাইসেন্স’ দেওয়ার শামিল। নিম্নকক্ষে পাস হওয়ার পর শিগগিরই এটি উচ্চকক্ষ সিনেটে ওঠার কথা।

এ আইন কার্যকর হলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জবাবদিহির আওতায় আনা আরও কঠিন হবে বলে আশঙ্কা তাদের। ফ্রান্সে পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে হওয়া বেশির ভাগ মামলা ফৌজদারি আদালত পর্যন্তই যায় না।

সাম্প্রতিক বিক্ষোভে পুলিশের কথিত সহিংসতার নিন্দা জানিয়েছেন আইনজীবীরা, গত সপ্তাহে। তাদের অভিযোগ, এসব ঘটনায় হাত, পা ও চোখে আঘাতসহ গুরুতর অঙ্গহানি ঘটেছে।

শ্রমিক ইউনিয়ন সিজিটির প্রতিনিধি কার্ল গাজি জানান, দেড় মাস ধরে বিক্ষোভ চলায় আন্দোলনকারীদের মধ্যে সত্যিই ক্লান্তি এসেছে। তাই শনিবার প্যারিসের বিক্ষোভের চেহারা কিছুটা আলাদা হতে পারে। তিনি বলেন, ‘মূলত একদিকে শিশু অধিকারকর্মীরা থাকবেন, অন্যদিকে তথাকথিত হত্যার লাইসেন্সের বিরোধিতাকারীরা থাকবেন।’

কর্তৃপক্ষের হিসাবে, গত শনিবার সারা ফ্রান্সে প্রায় ১ লাখ ৪৬ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন, যা আগের কয়েক সপ্তাহের চেয়ে অনেক কম।

সাম্প্রতিক সপ্তাহগুলোর সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছিল গত বৃহস্পতিবার, শ্রমিক ইউনিয়নগুলোর ডাকা ধর্মঘটের দিন। সরকারি হিসাবে সেদিন দেশজুড়ে পাঁচ লক্ষাধিক মানুষ রাস্তায় নামেন।

ন্যূনতম মজুরি ০ দশমিক ৬ শতাংশ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে সরকার। তবে শ্রমিক ইউনিয়নগুলো একে ‘নগণ্য’ বলে প্রত্যাখ্যান করেছে এবং প্রতিবাদে আগামী মঙ্গলবার আবার দেশব্যাপী ধর্মঘট ডেকেছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ