১৫ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

খাজার আত্মজীবনীর অভিযোগ ‘১০০ শতাংশ ভুল’, বললেন কামিন্স; তবু থামছে না স্যান্ডপেপার-বিতর্ক

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ১৪-১১-২০২৬
খাজার আত্মজীবনীর অভিযোগ ‘১০০ শতাংশ ভুল’, বললেন কামিন্স; তবু থামছে না স্যান্ডপেপার-বিতর্ক ছবিঃ সংগৃহীত

২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারি সহজে পিছু ছাড়ছে না অস্ট্রেলিয়ান ক্রিকেটের। অধিনায়ক প্যাট কামিন্স ‘স্যান্ডপেপার-কান্ড’ পেছনে ফেলে এগোতে চাইলেও গত এক সপ্তাহের চাঞ্চল্যকর অভিযোগ আর পাল্টা অস্বীকারে বিষয়টি নতুন করে আলোচনায়।

সাবেক সতীর্থ উসমান খাজার বিস্ফোরক আত্মজীবনী বের হওয়ার পর পুরোনো ক্ষত আবার জেগে ওঠে। এরপর শুক্রবার ৭০ মিনিটের লম্বা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রতিটি প্রশ্নের উত্তর দেন কামিন্স।

খাজা বইয়ে দাবি করেছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা বদলানোর পরিকল্পনা পুরো দলই জানত। কামিন্সও এর বাইরে ছিলেন না।

অস্ট্রেলিয়ার ক্রিকেটের সুনাম ধুলোয় মিশিয়ে দেওয়া সেই ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য দায়ী করেছিল কেবল ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটকে। অপমানজনক পরিস্থিতিতে তিনজনকেই দেশে ফেরানো হয়, নিষিদ্ধও করা হয়।

পরিকল্পনার বিষয়ে কিছুই জানতেন না বলে কামিন্স বারবার জানিয়েছেন। খাজার বর্ণনাকে তিনি ‘১০০ শতাংশ ভুল’ বলে দাবি করেন। তিনি বলেন, “আজকের পর আমি আর এ বিষয়ে কথা বলতে চাই না... কারণ, একটা সময় আমাদের সামনে এগিয়ে যেতেই হবে।”

কামিন্সের এ আহ্বানে সমর্থন দিয়েছেন জাস্টিন ল্যাঙ্গার, যিনি কেলেঙ্কারির জেরে ড্যারেন লেহম্যান পদত্যাগের পর প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন। এসইএন রেডিওকে ল্যাঙ্গার বলেন, “আশা করি, এর মধ্য দিয়ে বিষয়টির ইতি টানার একটা পথ তৈরি হবে। কারণ, আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

“অস্ট্রেলীয় ক্রিকেটের অনেক মানুষ কষ্ট পাচ্ছেন... এর মধ্যে অস্ট্রেলিয়ার সাধারণ মানুষও রয়েছেন।

“আমি যখন অস্ট্রেলীয় ক্রিকেটের কথা বলি, তখন সাধারণ মানুষ, সমর্থক, খেলোয়াড়, সংশ্লিষ্ট সবাইকে বোঝাই- সাবেক খেলোয়াড়, বর্তমান খেলোয়াড় এবং ভবিষ্যৎ প্রজন্মকেও। কোথাও না কোথাও আমাদের এ বিষয়ে ইতি টানতেই হবে।”

পারস্পরিক দ্বন্দ্ব মিটুক, চান সাবেক টেস্ট কিংবদন্তি গ্রেগ চ্যাপেলও। সাংবাদিকদের তিনি বলেন, “অস্ট্রেলীয় ক্রিকেটকে নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়তে কিংবা পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া-বিবাদে জড়াতে দেখতে চাই না।

“আশা করি, প্যাট বিষয়টির একটা ইতি টেনেছে এবং আমরা গ্রীষ্মের ক্রিকেটে মনোযোগ দিতে পারব।”

বিতর্ক থামানোর আহ্বান একের পর এক এলেও আগুন আবার জ্বলে ওঠার আশঙ্কা থেকে যাচ্ছে। স্মিথ ও ব্যানক্রফটের মতো গুরুত্বপূর্ণ কয়েকজন এখনো মুখ খোলেননি। বইয়ের প্রচারে খাজারও গণমাধ্যমে বেশ কিছু কর্মসূচি বাকি।

খাজার নতুন বর্ণনার পক্ষে জোরালোভাবে দাঁড়িয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ওয়ার্নার। সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত থামবেন না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসির এক বিশ্লেষণে বলা হয়, “কামিন্সের প্রশ্নোত্তর পর্বের সবচেয়ে বড় ভুল ছিল, তাঁর ধারণা সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে তিনি সবাইকে বিষয়টির ইতি টেনে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে পারবেন।

“কিন্তু তা হচ্ছে না। এখানে মানুষের আহত অনুভূতি, ভেঙে যাওয়া সম্পর্ক, ক্ষতিগ্রস্ত আত্মসম্মান এবং সত্য ও ন্যায়বিচার নিয়ে অস্পষ্ট ধারণার বিষয় রয়েছে।

“আপনি যদি এরই মধ্যে নিজের পক্ষ বেছে না নিয়ে থাকেন, তবে এবার বেছে নিন। কারণ, এ ঘটনা আর কখনোই শেষ হবে না।”

আসলে কী ঘটেছিল, তা কোনো দিন ঠিকঠাক প্রতিষ্ঠিত হবে কি না—সে প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিত। ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য পরিষ্কার জানিয়েছে, নতুন করে তদন্ত আর শুরু হবে না।

তবে কামিন্স, খাজা ও ওয়ার্নারের ১৫ বছরের বন্ধুত্বে চিড় ধরেছে।

আট বছর পর এমন বিস্ফোরক অভিযোগ সামনে আনায় কামিন্স খাজার বিরুদ্ধে বিষয়টি ‘হালকাভাবে ও দায়িত্বজ্ঞানহীনভাবে’ উপস্থাপনের অভিযোগ তোলেন। খাজার কিছু বক্তব্য সম্ভবত মানহানিকরও হতে পারে বলে মনে করেন তিনি।

পাল্টা জবাবে ওয়ার্নার কামিন্সের সমালোচনা করে অভিযোগ তোলেন, তিনি খাজাকে ‘বাসের নিচে ছুড়ে ফেলেছেন’। অস্ট্রেলীয় সংবাদপত্র ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর শিরোনাম ছিল, ‘অস্ট্রেলিয়ার একটি প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু হয়েছে।’

আগামী ডিসেম্বর-জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি চলছে অস্ট্রেলিয়ার। সপ্তাহজুড়ে তুমুল বিতর্ক সত্ত্বেও বর্তমান দলের ঐক্যে ফাটল ধরেনি বলে দাবি কামিন্সের। স্মিথও আছেন এই দলে।

‘স্যান্ডপেপার-কান্ডে’ অধিনায়কত্ব হারানো ও এক বছরের নিষেধাজ্ঞা পাওয়া স্মিথের সঙ্গে কথা হয়েছে বলে জানান কামিন্স। তাঁর ধারণা, অভিজ্ঞ এই ব্যাটার অতীত আর টেনে আনতে চান না। কামিন্স বলেন, “আমি স্মিথির সঙ্গে কথা বলেছি। তাঁর সঙ্গে ব্যক্তিগত কথোপকথনের গোপনীয়তা ভঙ্গ না করে বলতে পারি, তিনি এসব নিয়ে আর থাকতে চান না। তিনি সামনে এগিয়ে যেতে চান।”



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ