১৫ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

পূর্বাচলের বিগ ওয়েভে ১৬১ প্রতিষ্ঠান নিয়ে কাল শুরু গ্লোবাল সোর্সিং এক্সপো

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৪-১১-২০২৬
পূর্বাচলের বিগ ওয়েভে ১৬১ প্রতিষ্ঠান নিয়ে কাল শুরু গ্লোবাল সোর্সিং এক্সপো ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা তুলে ধরতে এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক জোরদার করতে ঢাকায় আগামীকাল পর্দা উঠছে তিন দিনের ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬ ঢাকা’র।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এটি দ্বিতীয় আয়োজন। আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিগ ওয়েভ) এক্সপো চলবে।

আয়োজকেরা জানান, বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা তুলে ধরা, দেশীয় রপ্তানি পণ্যের বাজার বাড়ানো এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক আরও মজবুত করাই এর মূল লক্ষ্য।

রাজধানীতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মেলন কক্ষে আজ ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ইপিবির ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ এক্সপোর লক্ষ্য, সার্বিক প্রস্তুতি, বিদেশি ক্রেতাদের অংশগ্রহণ এবং দেশের রপ্তানি সম্ভাবনা বাড়ানোর কৌশল তুলে ধরেন।

তিনি জানান, এবারের এক্সপোতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, চীন, জাপান, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের ক্রেতা, বিনিয়োগকারী ও সোর্সিং প্রতিষ্ঠান অংশ নেবে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠান থাকছে ১৬১টি। হাসান আরিফের দেওয়া তথ্য অনুযায়ী এগুলো অ্যাপারেলস ও টেক্সটাইলস, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য ও হস্তশিল্প, কৃষি ও কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, ফার্নিচার ও হোম ডেকর, ফার্মাসিউটিক্যালস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), পেপার ও প্যাকেজিং, অটোমোবাইল ও বাইসাইকেল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সিরামিকস ও টেবিলওয়্যার খাতের।

বহুজাতিক কোম্পানি, সাপ্লাই চেইন-সংশ্লিষ্ট প্রতিনিধি এবং বিভিন্ন রপ্তানি বাজারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীরাও এক্সপোতে আসবেন বলে জানান আয়োজকেরা। তাঁদের মতে, এতে দেশের উৎপাদক ও রপ্তানিকারকদের সামনে নতুন ব্যবসার সুযোগ তৈরি হবে।

তিন দিনে থাকছে চারটি বিশেষ সেমিনার, কারখানা পরিদর্শন, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর দ্বিপক্ষীয় বৈঠক (বিজনেস-টু-বিজনেস বা বি-টু-বি), ২৪০টি স্টল, নেটওয়ার্কিং ডিনার ও ফ্যাশন শোসহ নানা আয়োজন।

আয়োজকেরা মনে করছেন, বাংলাদেশের বৈচিত্র্যময় রপ্তানি খাত ও সম্ভাবনাময় শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬ ঢাকা’।

এর মধ্য দিয়ে রপ্তানিকারকেরা নতুন বাজার খোঁজা, দীর্ঘমেয়াদি ব্যবসায়িক চুক্তি করা এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্ব গড়ার সুযোগ পাবেন। বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতেও আয়োজনটি ভূমিকা রাখবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ