১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

​কবরস্থান থেকে হাসপাতাল — এক সেতুতেই বদলে গেল রাঙামাটির দুই পাড়ের জীবন

আপলোড সময় : ১৫-১১-২০২৬
​কবরস্থান থেকে হাসপাতাল — এক সেতুতেই বদলে গেল রাঙামাটির দুই পাড়ের জীবন সংগৃহীত ছবি

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙামাটি : একসময় খাল পার হতে নৌকার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, রাত ৯টার পর নৌকা না পাওয়ার ভোগান্তি, অসুস্থ রোগী কিংবা মরদেহ নিয়ে ঘুরপথে যাওয়ার কষ্ট। সেই দুর্ভোগের অবসান ঘটিয়েছে একটি সেতু। রাঙামাটি শহরের কেন্দ্রীয় কবরস্থান থেকে পুলিশ হাসপাতাল সংযোগ সেতু নির্মাণের ফলে এখন ২০-৩০ মিনিটের পথ মাত্র ৫-৭ মিনিটে পাড়ি দিচ্ছেন স্থানীয়রা।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রাঙামাটি সদর উপজেলার কেন্দ্রীয় কবরস্থান থেকে পুলিশ হাসপাতাল পর্যন্ত সংযোগ সেতুটি ২০২১-২০২৬ সাল মেয়াদি প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে। ১৩০ মিটার দৈর্ঘ্য ও ৩ দশমিক ৬০ মিটার প্রস্থের এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪ কোটি ৯৫ লাখ টাকা।

সেতুটির আশপাশে রয়েছে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়, পুলিশ হাসপাতাল, পুরাতন পুলিশ লাইন ও পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে প্রতিদিন শিক্ষার্থীসহ শত শত মানুষ এ সেতু দিয়ে যাতায়াত করছেন। এতে প্রায় দুই শতাধিক পরিবারের হাজারো মানুষের যাতায়াত সহজ হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সেতু চালু হওয়ার পর এলাকার মানুষের চলাচলে এসেছে স্বস্তি। বিশেষ করে পুরাতন পুলিশ লাইন, পুলিশ হাসপাতাল ও আশপাশের এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি কমেছে। বিকেল হলেই সেতুতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার মানুষের আনাগোনা বাড়ে। অনেকে সেতুতে হাঁটতে ও সময় কাটাতে আসছেন।

রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাঈম বলেন, সেতুটি হওয়ায় তারা খুব কম সময়ে যাতায়াত করতে পারছেন। আগে অনেক ঘুরে যেতে হতো। এখন স্কুলে আসা-যাওয়া অনেক সহজ হয়েছে। একই কথা জানালেন আরেক শিক্ষার্থী রকি। তিনি বলেন, আগে স্কুল থেকে বাসায় যেতে ২০ থেকে ৩০ মিনিট সময় লাগত। এখন মাত্র ৫ থেকে ৭ মিনিটেই বাসায় পৌঁছে যাওয়া যায়। স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, সেতু হওয়ার আগে পায়ে হেঁটে বাসায় পৌঁছাতে ২০ থেকে ৩০ মিনিট সময় লাগত। এখন খুব সহজেই যাতায়াত করতে পারছেন।

পুলিশ লাইন এলাকার বাসিন্দা কাজল বেগম বলেন, আগে নদীর ঘাটে নৌকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এখন সেতু হওয়ায় বাচ্চাদের স্কুলে যাওয়া এবং বাজারে যাতায়াতে অনেক সময় বেঁচে যাচ্ছে। পুলিশ হাসপাতাল এলাকার বাসিন্দা তারিকুল ইসলাম তন্ময় বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তাদের জন্য সেতু নির্মাণ করে দেওয়ায় তারা অনেক উপকৃত হয়েছেন। আগে খাল পার হতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। বিশেষ করে রাতের বেলায় অনেক সময় নৌকা পাওয়া যেত না। এখন মাত্র ৫ থেকে ৭ মিনিটের মধ্যে সেতু দিয়ে গন্তব্যে পৌঁছানো যাচ্ছে।

পুলিশ লাইন এলাকার বাসিন্দা জনি দাশ বলেন, সেতুটি নির্মাণের জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবি পূরণ হওয়ায় তারা এখন খুব সহজেই যাতায়াত করতে পারছেন। এ জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। তবে শহরের বিভিন্ন এলাকা থেকে যানবাহন নিয়ে সরাসরি এখানে আসার জন্য একটি সংযোগ সড়ক নির্মাণের দাবি জানান তিনি।

এলাকার আরেক বাসিন্দা মাঝি হোসেন বলেন, তিনি এ এলাকায় ১৯ বছর ধরে বসবাস করছেন। সেতু হওয়ার আগে খাল পার হতে খুব কষ্ট হতো। রাত ৯টার পর নৌকা পাওয়া যেত না। কেউ মারা গেলে কিংবা অসুস্থ হলে অন্য পথ ঘুরে হাসপাতালে বা কবরস্থানে নিতে হতো। সেতু নির্মাণের ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হয়েছে।

পুলিশ হাসপাতাল এলাকার বাসিন্দা সুমি আক্তার বলেন, সেতু হওয়ায় তাদের অনেক সুবিধা হয়েছে। বিশেষ করে রাতের বেলায় জরুরি প্রয়োজনে এখন খুব সহজেই যাতায়াত করতে পারছেন। এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা বলেন, রাঙামাটি পৌরসভার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সদর উপজেলার কেন্দ্রীয় কবরস্থান থেকে পুলিশ হাসপাতাল সংযোগ সেতু নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এ সেতু নির্মাণের ফলে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সহজ হয়েছে। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নেও সেতুটি সহায়ক ভূমিকা পালন করছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ