ছবিঃ সংগৃহীত
বিজিবির টহল দলের চ্যালেঞ্জের মুখে হাতের ব্যাগ ফেলে ভারতের ভেতরে পালিয়ে গেছে এক ব্যক্তি। পরে সেই ব্যাগ খুলে মিলেছে বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও গুলি। গতকাল রাতে জেলার ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব উদ্ধার করে ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়ন।
বিজিবি সূত্র জানায়, মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে নামে বিজিবি মধুগ্রাম বিওপির একটি বিশেষ টহল দল। অভিযানের সময় সীমান্তে একজনকে চ্যালেঞ্জ করা হলে ওই ব্যক্তি ব্যাগটি ফেলে পালিয়ে যায়। টহল দল ব্যাগ খুলে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় ছাগলনাইয়া থানায় মামলা করেছে বিজিবি।
৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসিবুল ইসলাম বাসসকে বলেন, ‘সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক, সজাগ, দৃঢ় ও সদা প্রস্তুত এবং অঙ্গীকারবদ্ধ। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং জনগণের জানমালের সুরক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।’
সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের কার্যক্রম সামনেও চলবে বলে জানান তিনি।