১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

​সৈয়দপুরে সড়ক সংস্কারে বাঁধা ২৭ বৈদ্যুতিক খুঁটি, বিদ্যুৎ বিভাগের গাফিলতি

আপলোড সময় : ১৭-১১-২০২৬
​সৈয়দপুরে সড়ক সংস্কারে বাঁধা ২৭ বৈদ্যুতিক খুঁটি, বিদ্যুৎ বিভাগের গাফিলতি সংগৃহীত ছবি
তৈয়ব আলী সরকার, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর শহরজুড়ে পৌরসভার সড়কের মাঝখানে থাকা ২৭টি বৈদ্যুতিক খুঁটি সড়ক সংস্কারে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। এসব খুঁটি অপসারণ না করায় কাজে দেখা দিয়েছে ধীরগতি। আর এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

জানা গেছে, শহরের শের-ই বাংলা সড়ক ও শহীদ জহুরুল হক সড়ক মিলে মোট সাত কিলোমিটার সড়ক সংস্কার কাজ হাতে নেয় পৌরসভা। ২০২৫ সালের ১৯ অক্টোবর বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ‘রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল প্রজেক্ট’ (আরইউডিপি)-এর আওতায় এ কাজে ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৭৫ লাখ টাকা। উভয় সড়কে প্রথম ৬০০ মিটার হবে আরসিসি ঢালাই এবং বাকি ২ হাজার ৯০০ মিটার করা হবে কার্পেটিং।

২০২৭ সালের জানুয়ারির মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। কাজটির দায়িত্ব পায় ‘এমএ-কেই-এসবি-জেভি’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কাজটি করছে রংপুরের মেসার্স শাম্মি বিল্ডার্স’। কাজ শুরুর ১৩ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত ৪০ শতাংশ শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি।

ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি তুহিন জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারার প্রধান অন্তরায় শের-ই বাংলা সড়কের তামান্না মোড় থেকে ওয়াপদা মোড় পর্যন্ত ২৭টি খুঁটি। এরমধ্যে তামান্না হল মোড় থেকে থানা পর্যন্ত ১০টি স্টিল খুঁটি ও আতিয়ার কলোনি হতে ওয়াপদা মোড় পর্যন্ত ১৭টি এসপিসি খুঁটি বসানো আছে। এসব খুঁটি দিয়ে ১১ হাজার ভোল্টের লাইন সরবরাহ করা হচ্ছে। খুঁটির কারণে সম্প্রসারিত কাজের ঢালাই বা কার্পেটিং কাজ করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্ঠান।

তিনি বলেন, এসব খুঁটি সরানোর জন্য আমরা ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগকে ২৩ লাখ টাকা পরিশোধ করেছি। তারা খুঁটি না সরানোর কারণে আমরা সময়মতো সড়কের কাজ শেষ করতে পারছি না। এতে জনদুর্ভোগের পাশাপাশি আমরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।

নর্থবেঙ্গল ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) সৈয়দপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আলিমুল ইসলাম সেলিম বলেন, গত ৮ সেপ্টেম্বর পৌরসভা থেকে ২২ লাখ ৯৩ হাজার টাকা পেয়েছি। ওইসব খুঁটি সরানোর জন্য আমরা ইতোমধ্যে টেন্ডারিং কার্যক্রম শেষ করেছি।

দিনাজপুরের মেসার্স সুমি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান কাজটি পেয়েছে। তারা কাজও শুরু করেছে। তবে খুঁটির পাশ দিয়ে মাটির নিচ পৌরসভার পানির লাইন ও টেলিফোন লাইন থাকায় খুঁটি স্থানান্তর করতে সমস্যা হচ্ছে। তবে শত সমস্যার মধ্যেও ডিসেম্বরের মধ্যে সবকটি খুঁটি সরানো হবে বলে তিনি জানান।

এ ব্যাপারে, মেসার্স সুমি এন্টারপ্রাজের স্বত্বাধিকারী বাপ্পি চক্রবর্ত্তী বলেন, ১৭-১৮টি টাওয়ার পোল সরায়ে এসপিসি পোল বসাতে হবে কিন্তু বগুড়া থেকে এসপিসি পোল এখনো পাইনি। তাছাড়া মাটির ৭ ফুট গভীরে ঢালাই করা বিভিন্ন সেবাখাতের লাইন থাকায় খুঁটি সরানো সমস্যা হচ্ছে। তাদের সাথে খুঁটি সরানো বাবদ ৫ লাখ ১ হাজার ২৭০ টাকার চুক্তি করেছে সৈয়দপুর নেসকো।

সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আইয়ুব আলী জানান, খুঁটি না সরানোর কারণে পথচারীসহ শহরবাসীর সমস্যা হচ্ছে। আমরা বিদ্যুৎ বিভাগকে নিয়মিত তাগাদা দিচ্ছি যাতে খুঁটিগুলো দ্রæত সরানো হয়। তবে মাটির নিচে পানির লাইন ও টেলিফোন লাইন থাকার বিষয়টি তিনি স্বীকার করেন।
উল্লেখ্য, সড়কের একাধিক স্থানে অর্ধেক অংশ ঢালাই ও অর্ধেক অংশ খোয়া বিছানো থাকায় সড়ক যেন গলিপথ আকার ধারণ করেছে। ফলে ওই সড়কে যান চলাচলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। তীব্র যানজটে পড়ে বিমানও মিস করছেন কেউ কেউ। সব দপ্তরের সমন্বিত চেষ্টায় সড়ক সংস্কার দ্রæত বাস্তবায়নের দাবী ভুক্তভোগীদের।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ