১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

​হাঁটতে পারেন না, তবুও ককটেল মামলার আসামি মাছ ব্যবসায়ী তানভীর

পরিবারের প্রশ্ন, অসুস্থ মানুষটি কীভাবে আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণে জড়িত হলেন?

আপলোড সময় : ১৭-১১-২০২৬
পরিবারের প্রশ্ন, অসুস্থ মানুষটি কীভাবে আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণে জড়িত হলেন? সংগৃহীত ছবি

মোশারফ করিম, যশোর : পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। ছোট্ট মাছের ব্যবসা করে কোনো রকমে চলে সংসার। কিন্তু ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় এখন ঠিকমতো হাঁটাচলাও করতে পারেন না। শুয়ে-বসে কাটছে দিন। নিজের চিকিৎসার ব্যয় মেটানোই কঠিন হয়ে পড়েছে। এরই মধ্যে যশোর আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আসামি হয়েছেন মাছ ব্যবসায়ী জহিরুল ইসলাম তানভীর। পরিবারের দাবি, রাজনীতির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। গুরুতর অসুস্থ অবস্থায় থাকা একজন মানুষ কীভাবে ওই ঘটনায় জড়িত হলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তানভীরের স্ত্রী মোছা. রানী বেগম। স্বামীর বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের হয়রানি বন্ধের দাবি জানান তিনি।
লিখিত বক্তব্যে রানী বেগম বলেন, চাঁচড়া-বাবলাতলা সড়কের পাশে ছোট পরিসরে মাছ বিক্রি করে সংসার চালান তাঁর স্বামী। ২০২৫ সালের ৫ আগস্টের পর থেকে তাঁকে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। ওই সময় একটি বিশেষ বাহিনীর সদস্যরা বাড়ির সামনে থেকে তাঁকে আটক করে মারধর করেন। পরে থানায় নেওয়া হলেও অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

রানী বেগম জানান, গত ১৪ অক্টোবর এলাকার একটি পুকুরপাড় দিয়ে হাঁটার সময় গর্তে পা পড়ে তাঁর স্বামীর ডান হাঁটুর পেছনের পিসিএল লিগামেন্ট ছিঁড়ে যায়। চিকিৎসার পেছনে ইতিমধ্যে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা ব্যয় হয়েছে। এখনো চিকিৎসা চলছে। অথচ মাছের ব্যবসা বন্ধ থাকায় সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে।

এর মধ্যে গত ১২ নভেম্বর যশোর আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাঁর স্বামীকে আসামি করা হয়েছে। রানী বেগমের প্রশ্ন, যে মানুষটি গুরুতর অসুস্থতার কারণে ঠিকমতো হাঁটতেই পারেন না, তিনি কীভাবে আদালত প্রাঙ্গণে গিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত হলেন?

সংবাদ সম্মেলনে পরিবারের অসহায়ত্ব তুলে ধরে তিনি বলেন, তানভীরই তাঁদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর মা অসুস্থ, বাবাও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। দুই সন্তানের লেখাপড়া, স্বামীর চিকিৎসা এবং পরিবারের ভরণপোষণ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁদের। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে সহযোগিতা চেয়েও কোনো সমাধান পাননি বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে তানভীরের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর নিরপেক্ষ তদন্ত, ককটেল বিস্ফোরণের ঘটনায় তাঁর সম্পৃক্ততা যাচাই, শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় নেওয়া এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। এ সময় তানভীরের শিশু সন্তান ফাইআন, মা জেসমিন সুলতানা, চাচি রেখা বেগম, খালা ওহিদা বেগম এবং প্রতিবেশী লামিয়া সুলতানা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ