ছবিঃ সংগৃহীত
২০১৪-১৫ অর্থবছর থেকে প্রতিবছর দেশের জিডিপি প্রবৃদ্ধি দশমিক ৭ থেকে গড়ে ১ দশমিক ৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখাত বিগত ফ্যাসিস্ট সরকার। আজ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ, গণমাধ্যম নীতিমালা, গঙ্গা পানি চুক্তি ও দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ চলমান নানা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।
স্বৈরাচারী সরকারের সময়ে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ের তথ্য বিকৃত করার প্রসঙ্গ টেনে উপদেষ্টা জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই বর্তমান সরকার মানুষের সামনে সঠিক ও নির্মোহ তথ্য-উপাত্ত হাজির করার কাজ শুরু করেছে। কারণ, বিগত স্বৈরাচারী আমলে প্রবৃদ্ধির তথ্যে ব্যাপক কারচুপি হয়েছিল।
তিনি বলেন, দেশে গণতন্ত্র না থাকলেও বিপুল উন্নয়ন হচ্ছে—এমন চিত্র দেখাতে স্বৈরাচারী সরকার কৃত্রিমভাবে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখাত। মাথাপিছু আয় বেশি দেখাতে মোট জনসংখ্যা কম দেখানোর প্রবণতাও ছিল। এতে আসল অর্থনৈতিক চিত্র ঢাকা পড়ে উন্নয়নের একটি ভুল ধারণা তৈরি হয়েছিল।
এখন প্রকৃত তথ্য প্রকাশ পাওয়ায় অতীতের বানোয়াট পরিসংখ্যানের সঙ্গে বর্তমান প্রবৃদ্ধি মিলিয়ে দেখার একটা প্রবণতা দেখা দিতে পারে বলে মনে করিয়ে দেন উপদেষ্টা। মানুষের কাছে আসল সত্য পৌঁছে দিতেই সরকার সঠিক পরিসংখ্যান তৈরিতে জোর দিচ্ছে।
অনিবন্ধিত অনলাইন পোর্টালে অপতথ্য ও বিকৃত খবর ছড়ানো নিয়ে প্রশ্ন করা হলে ডা. জাহেদ উর রহমান বলেন, কপি-পেস্ট করে উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার কোনোভাবেই চলতে পারে না। ঢাকাসহ দেশজুড়ে অনিবন্ধিত পোর্টালগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবশ্য নিয়ম মেনে আবেদন করা যোগ্য প্রতিষ্ঠানগুলো দ্রুতই নিবন্ধন পাবে।
অংশীজনদের সঙ্গে আলোচনা করে খুব শিগগির একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে এখন যেকোনো সভা, সমাবেশ বা মিছিল পুরোপুরি বেআইনি বলে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা। গোপালগঞ্জসহ নানা জায়গায় অগ্নিসংযোগ বা বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার মতো সহিংসতা সরকার কোনোভাবে সহ্য করবে না। তবে পুলিশকে সবচেয়ে কম ও অনুপাতসম্মত বল প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। স্বৈরাচারী সরকারের সময়ে এই বল প্রয়োগ ছিল মাত্রাতিরিক্ত।
বিদেশে পলাতক নেতাদের নির্দেশে দেশে থাকা ‘নন-পলাতক’ আওয়ামী লীগ কর্মীরা যা করছেন, তা ফৌজদারি অপরাধ বলে মন্তব্য করেন উপদেষ্টা। এমন অপরাধে জড়ালে চরম মাশুল তাদেরই দিতে হবে।
গোপালগঞ্জে যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানান ডা. জাহেদ উর রহমান। ভিডিও ফুটেজ ও ছবি দেখে নাশকতাকারীদের শনাক্ত করা হচ্ছে। জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।
গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ নিয়ে প্রশ্নে তথ্য উপদেষ্টা বলেন, চুক্তি নিয়ে এখনো নতুন কোনো তথ্য নেই, তবে বাংলাদেশ সব রকম প্রস্তুতি সেরে রেখেছে। আমরা কী চাই এবং কীভাবে চাই, তা সময়মতো গণমাধ্যমকে জানানো হবে। প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে চুক্তির আলোচনার কোনো সম্পর্ক নেই জানিয়ে তিনি বলেন, এ ধরনের চুক্তি কূটনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে আগেই চূড়ান্ত হয়ে থাকে।
শেখ হাসিনার বিচার নিয়ে এক প্রশ্নে জাহেদ উর রহমান জানান, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই সরকার আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত চেয়েছে, আর তার বিচার হবে বাংলাদেশের প্রচলিত আইনে। কোনো বিদেশি রাষ্ট্র এ ক্ষেত্রে শর্ত দেবে—এটা তিনি মোটেই বিশ্বাস করেন না বলে উল্লেখ করেন।
উপদেষ্টার ভাষায়, ‘৫ আগস্টের পর বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কোনো অন্যায় চাপ বা শর্ত দিয়ে বাংলাদেশের কাছ থেকে কিছু আদায় করা যাবে না।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন বর্তমান সরকার আরও স্বচ্ছ ও যুগোপযোগী করেছে বলে জানান তিনি। মানবতাবিরোধী অপরাধের বিচার ও সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের আইনেই নিশ্চিত করা হবে।
ঐতিহ্যবাহী যাত্রা ও সার্কাস শিল্পে নতুন প্রাণ ফেরানোর উদ্যোগের কথাও তুলে ধরেন উপদেষ্টা। এ খাতের সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। সুস্থ বিনোদন হিসেবে যাত্রা ও সার্কাস চললে সরকার সব রকম সহযোগিতা দেবে। কিন্তু এর আড়ালে অশ্লীলতা, মাদক বা জুয়ার মতো অবৈধ কিছু চললে সেই দলগুলোর অনুমতি স্থায়ীভাবে বাতিল হবে। এ নিয়ে জেলা প্রশাসকদের (ডিসি) কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
‘তৌহিদী জনতা’র নাম ভাঙিয়ে যারা সুস্থ সাংস্কৃতিক আয়োজনে বাধা দিচ্ছে, সরকার তাদেরও কঠোরভাবে প্রতিহত করবে বলে জানান তিনি।
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।