ছবিঃ সংগৃহীত
দেশজুড়ে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা মোটামুটি একই রকম থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সিনপটিক অবস্থা নিয়ে পূর্বাভাসে বলা হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকার গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে সরে ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। আজ সকাল ৬টায় এটির অবস্থান ছিল দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায়। আরও উত্তর-উত্তরপশ্চিমে এগিয়ে ও ঘনীভূত হয়ে আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ এটি অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র উপকূল পার হতে পারে।
ঢাকায় আজ বাতাস বইছে উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে, ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার গতিতে। সকাল ৬টায় রাজধানীর বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।
ঢাকায় আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে, আর আগামীকাল সূর্য উঠবে ভোর ৬টা ১৫ মিনিটে।
গতকাল দেশে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল টেকনাফে, ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে রংপুরের তেঁতুলিয়ায়।