ছবিঃ সংগৃহীত
পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে পটুয়াখালীর আকাশ ঘন মেঘে ঢেকে গেছে, কুয়াকাটার কাছের সাগরও কিছুটা উত্তাল হয়ে উঠেছে।
পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী আজ সকাল ১০টায় বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড়টি সামান্য উত্তর-পশ্চিমে সরে একই এলাকায় অবস্থান করছে। আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ এটি অতিপ্রবল ঘূর্ণিঝড় হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল পার হতে পারে।
গত মধ্যরাতে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এর দূরত্ব ছিল ১ হাজার ২৮০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার এবং মোংলা থেকে ১ হাজার ১৯০ কিলোমিটার, সবই দক্ষিণ-পশ্চিম দিকে।
ঘূর্ণিঝড়কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত উঠছে। কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল।
এ পরিস্থিতিতে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশও দেওয়া হয়েছে।
বরিশাল, পটুয়াখালী, খুলনা, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।