ছবিঃ সংগৃহীত
দেবতা, প্রাণী বা যন্ত্রের বিপরীতে মানুষের গুণ, ত্রুটি আর অনুভূতির অধিকারী হওয়া—এই অর্থের শব্দ ‘হিউম্যান’-কে ২০২৬ সালের বর্ষসেরা শব্দ বেছে নিয়েছে কেমব্রিজ ডিকশনারি।
কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের বোর্ড সদস্য ফ্রান্সেসকা উডওয়ার্ড জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত ছড়িয়ে পড়া আর তার জেরে মানবজাতি বিলুপ্ত হওয়ার শঙ্কার মধ্যে শব্দটি ‘২০২৬ সালের সময়ের চেতনা’ ধরে রেখেছে। লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি খবরটি দিয়েছে।
উডওয়ার্ড বলেন, গত ১২ মাসে বিশেষ করে এআই মানুষের কাজ কেড়ে নিতে পারে—এমন দুশ্চিন্তা থেকে মানুষ ‘মানুষ হওয়ার প্রকৃত অর্থ’ নিয়ে গভীরভাবে ভাবছে।
তিনি বলেন, ‘মানুষ আসলে কী, তা নিজেদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে।’
তাঁর ভাষ্য, এআই ও অনলাইন দুনিয়ার আরও কয়েকটি শব্দকে টপকে ‘হিউম্যান’ এই স্বীকৃতি পেয়েছে। প্রযুক্তি আমাদের জীবন কীভাবে বদলে দিচ্ছে, তা নিয়ে বিশ্বজুড়ে মানুষের বিপুল আগ্রহেরই প্রতিফলন এটি।
‘হিউম্যান-মেইড’ (মানুষের তৈরি) বা ‘হিউম্যান অথর’ (মানব লেখক)-এর মতো যৌগিক শব্দেও ‘হিউম্যান’-এর ব্যবহার বাড়তে দেখেছেন কেমব্রিজ ডিকশনারির শব্দবিশারদেরা।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের দর্শন ও বিজ্ঞান বিভাগের অধ্যাপক টম ম্যাকক্লেল্যান্ডের কাছে ‘হিউম্যান’ ‘খুবই আকর্ষণীয় একটি নির্বাচন’। তিনি মনে করেন, এ সময়ে মানবতা নিয়ে আমাদের ধারণা পাল্টে যাচ্ছে।
ম্যাকক্লেল্যান্ড বলেন, ‘আমরা মানুষের মন ও কৃত্রিম মনের মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করছি। একইভাবে আমাদের মতো জীবিত সত্তা এবং আমাদের তৈরি কৃত্রিম সত্তার মধ্যেও পার্থক্য খুঁজছি। আমাদের আলাদা করে কী—চেতনা, সৃজনশীলতা, নাকি সহমর্মিতা?’
মানুষ হওয়ার মানে কী, এ নিয়ে চলমান বিতর্কে বিশ্বনেতারা তো বটেই, পোপ চতুর্দশ লিও, বিল গেটস, ধ্রুপদি সাহিত্য ও সংস্কৃতির গবেষক মেরি বিয়ার্ড এবং অভিনেত্রী কেট ব্ল্যানচেটের মতো বিশিষ্টজনেরাও মত দিয়েছেন।
দৌড়ে ছিল ‘এজেন্ট’ শব্দটিও। এর মানে এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা, যা মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই জটিলভাবে কাজ করতে পারে।
প্রতিযোগিতায় ছিল ‘হোলসাম’-ও, যা বোঝায় শারীরিক ও নৈতিক বা মানসিকভাবে মানুষের উপকারে আসে এবং জীবনকে উন্নত করতে পারে এমন কিছু।
বিবেচনায় ছিল ‘ডাসকিং’। এটি অবসর কাটানোর একটি ধরন, যেখানে দিনের আলো ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাওয়ার দৃশ্য উপভোগ করা হয়। নেদারল্যান্ডসের এই ঐতিহ্যবাহী চর্চা প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক নতুন করে গড়ার উপায় হিসেবে আবার জনপ্রিয় হচ্ছে।
২০২৬ সালে ডিকশনারিতে যোগ হওয়া নতুন শব্দের মধ্যে আছে ‘অরা ফার্মিং’। এর মানে এমন কিছু করা, যাতে নিজের ব্যক্তিত্বের এমন দিক সামনে আসে, যা অন্যদের চোখে প্রশংসনীয়। আরেকটি শব্দ ‘লুকসম্যাক্সিং’, অর্থাৎ নিজেকে শারীরিকভাবে যতটা পারা যায় আকর্ষণীয় করার চেষ্টা।
কেমব্রিজ ডিকশনারির ওয়েবসাইটে কোন শব্দ বেশি খোঁজা হচ্ছে, সেটিসহ নানা মানদণ্ড দেখে বর্ষসেরা ও নতুন শব্দ বাছাই করা হয়।
আগামী বছর যে শব্দগুলোর দিকে নজর রাখতে বলা হয়েছে, তার একটি ‘ফোবো’—কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কাজ করে দিতে পারায় কর্মক্ষেত্রে নিজে অপ্রয়োজনীয় হয়ে পড়ার ভয়। আরেকটি ‘ওয়েদার হুইপল্যাশ’, অর্থাৎ আবহাওয়ার এক চরম অবস্থা থেকে দ্রুত আরেক চরম অবস্থায় চলে যাওয়া।
গত বছরের বর্ষসেরা শব্দ ছিল ‘প্যারাসোশ্যাল’। ব্যক্তিগতভাবে চেনা নন এমন কোনো বিখ্যাত মানুষ বা কাল্পনিক চরিত্রের সঙ্গে এক ধরনের সম্পর্ক বা ঘনিষ্ঠতা অনুভব করা বোঝাতে শব্দটি ব্যবহার হয়।