ছবিঃ সংগৃহীত
গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল আর দেশপ্রেমিক মানুষকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষার জন্য এই ঐক্যের ডাক দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, গুম-খুন, অগ্নিসন্ত্রাস বা ভোটাধিকার কেড়ে নেওয়ার রাজনীতিতে দেশের মানুষ আর ফিরতে চায় না। সবাইকে এক হয়ে এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। সেই জবাব হতে হবে সঠিক ও শক্ত, যাতে বাংলাদেশ ও এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ভবিষ্যতে তারা আর ছিনিমিনি খেলতে না পারে।
আজ দুপুরে লালমনিরহাট সদর উপজেলায় মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর জেলা বিএনপির আয়োজিত জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার দেশের নারী-পুরুষ, শিশু, ছাত্র-ছাত্রী, বেকার যুবক, কৃষক ও শ্রমিকদের জন্য কাজ করার চেষ্টা করছে। ঠিক এমন সময়েই একটি গ্রুপ বা মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, এই সন্ত্রাসী গ্রুপটি জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর জোর করে দেশ শাসন করেছিল।
ওই ১৬ বছরে তারা মানুষের কথা বলার অধিকার আর ভোটের অধিকার কেড়ে নিয়েছিল বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন দেশের মানুষ আর ফিরে পেতে চায় না। নিশিরাতের নির্বাচন আর আমি-ডামির নির্বাচন যারা করেছিল, তারাই এ দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।
১৬ বছর ক্ষমতা দখল করে রাখার পরও তিস্তা ব্যারাজ, তিস্তা মহাপরিকল্পনা আর পদ্মা ব্যারাজের কাজ কেন হয়নি—সে প্রশ্ন তোলেন তারেক রহমান। এই অঞ্চলে কেন গ্যাসলাইন আসেনি, কেন ইপিজেড হয়নি, তাও জানতে চান তিনি। প্রশ্নগুলো তাঁর নিজের, উপস্থিত সবারও—এ কথা বলে তিনি কারণ হিসেবে উল্লেখ করেন, দেশ বা দেশের মানুষের প্রতি তাদের কোনো দরদ ছিল না। এ কারণেই প্রতিবছর লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে, যা সবাই দেখেছে—বলেন প্রধানমন্ত্রী। দুস্থ, অসহায় ও গরিব মানুষের টাকা বিদেশে পাচার করে তারা কীভাবে আরাম-আয়েশে জীবন কাটিয়েছে, সে খবর বিশ্বের নানা আন্তর্জাতিক পত্রপত্রিকায় এসেছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশ ও মানুষের স্বার্থ তারা কখনো দেখেনি। সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু। ওই প্রভুদের খুশি করতেই তারা আবার দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে।
চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ভোট দেওয়ার অধিকার, কথা বলার অধিকার আর গুম-খুন বন্ধের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর মতে, সেই অধিকার তারা আবার কেড়ে নিতে চায়। গুম-খুন আর ভোট ও কথা বলার অধিকার হরণের রাজনীতি করার সুযোগ কি তাদের আবার দেওয়া হবে—জনসভায় উপস্থিত মানুষের কাছে এই প্রশ্ন রাখেন তিনি।
উত্তর যদি না হয়, তাহলে আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ২০২৪ সালে দেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ যেভাবে একজোট হয়ে খুনি-সন্ত্রাসীদের দেশ থেকে বিতাড়িত করেছিল, ঠিক সেভাবেই।
গত কয়েক দিনের ঘটনা সবাই দেখেছেন উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় থাকতে তারা মানুষের সহায়-সম্পত্তি লুট করেছে। মানুষকে নির্যাতন করেছে, গুম করেছে। পালিয়ে যাওয়ার পরও তারা আগুন-সন্ত্রাস শুরু করেছে; মানুষকে পুড়িয়ে মারার আর আক্রমণ করে হত্যার রাজনীতিতে আবার নেমেছে।
ভোট দখল আর গুম-খুনের রাজনীতিতে দেশের মানুষ আর ফিরতে চায় না—এ কথা আবারও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ক্ষমতা ধরে রাখতে তারা ১৪০০ মানুষকে হত্যা করেছে। ৬০ জন শিশুকেও হত্যা করেছে তারা। মানুষ মেরে যারা ক্ষমতায় টিকে থাকতে চায়, দেশ ও জনগণের প্রতি তাদের কোনো কর্তব্য থাকতে পারে না।
দেশের মানুষ এখন নিরাপত্তা, স্বস্তি আর দেশের অগ্রগতি চায় বলে উল্লেখ করেন তারেক রহমান। দেশ ও জনগণের ভাগ্য বদলাতে হলে চব্বিশে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সেই সব রাজনৈতিক দলকে আজ এক হতে হবে। সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিয়ে দিতে হবে—“এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আর নয়।”
লালমনিরহাটের মানুষ বরাবরই গণতন্ত্রের পক্ষে আর সন্ত্রাসের বিপক্ষে ছিল। ইনশাআল্লাহ আগামী দিনেও তারা একই অবস্থানে থাকবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। নিজেদের চাওয়ার কথাও তুলে ধরেন তিনি: দেশের শিল্প-কলকারখানা ঠিকভাবে গড়ে তোলা, দেশে উৎপাদন বাড়ানো, ফসলের উৎপাদন বাড়ানো, মানুষ যেন সঠিকভাবে শিক্ষা পায় সে ব্যবস্থা করা এবং মা-বোনেরা যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন।