ছবিঃ সংগৃহীত
বিশ্বব্যাংকের সহযোগিতা আরও কার্যকরভাবে কাজে লাগাতে চান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়ানো, শিক্ষার্থীদের শিখনঘাটতি দূর করা, শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানো এবং শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তিনি এ আহ্বান জানিয়েছেন।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সেই বৈঠকেই আহ্বানটি আসে।
প্রতিমন্ত্রী বৈঠকে বলেন, শুধু নানা প্রকল্প বাস্তবায়ন করাই প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের মূল লক্ষ্য নয়। প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আর শিক্ষার্থীরা যেন প্রত্যাশিত শিখনফল অর্জন করে—সেটিই আসল লক্ষ্য।
এ লক্ষ্যে চলমান পিইডিপি-৫-এর কার্যক্রমগুলোকে আরও যৌক্তিক, সুনির্দিষ্ট ও ফলাফলভিত্তিক করে সাজানোর উদ্যোগ চলছে বলে জানান তিনি। তাঁর মতে, প্রকল্পের প্রতিটি অংশের লক্ষ্য কী, বাস্তবায়নের কাঠামো কেমন আর জবাবদিহিতা কার—এসব স্পষ্ট থাকা দরকার। একই ধরনের কাজ একাধিক প্রকল্পে ভাগ না করে সমন্বিত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর জোর দেন প্রতিমন্ত্রী।
সরকারি-বেসরকারি সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একই মানদণ্ডে মূল্যায়ন ও মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা প্রাথমিক শিক্ষার মান বাড়াতে প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষার্থীরা কতটা শিখছে তা নিয়মিত মূল্যায়ন, দুর্বল শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সহায়তা এবং শিক্ষক প্রশিক্ষণ ও ধারাবাহিক পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী। বিশ্বব্যাংকের আন্তর্জাতিক অভিজ্ঞতা, গবেষণা ও কার্যকর পদ্ধতিগুলোকে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে মিলিয়ে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
বিশ্বব্যাংকের প্রতিনিধিরা জানান, পিইডিপি-৫-এ প্রাথমিক শিক্ষায় প্রবেশাধিকারের সঙ্গে শিক্ষার গুণগত মান, সমতা আর শিখনফল উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অগ্রাধিকারের তালিকায় রয়েছে শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান, কাঠামোবদ্ধ শিক্ষকতা পদ্ধতি (স্ট্রাকচার্ড পেডাগজি), শিখনঘাটতি পূরণে প্রতিকারমূলক শিক্ষা (রিমিডিয়াল এডুকেশন) এবং প্রাক-প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন।
প্রতিনিধিদল জানায়, আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন গবেষণা ও মূল্যায়নের ভিত্তিতে শিখনফল বাড়ানোর কার্যকর ও ব্যয় সাশ্রয়ী উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী বিশ্বব্যাংক।
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. দাউদ মিয়া এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে ছিলেন। বিশ্বব্যাংকের পক্ষে জ্যঁ পেসমের নেতৃত্বে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।