২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ অনুষ্ঠানে মাহদী আমিন: ফাউন্ডেশনের কাজ থেকেই এসেছে সরকারের বহু জনমুখী নীতির প্রেরণা

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২০-১১-২০২৬
‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ অনুষ্ঠানে মাহদী আমিন: ফাউন্ডেশনের কাজ থেকেই এসেছে সরকারের বহু জনমুখী নীতির প্রেরণা ছবিঃ সংগৃহীত

জিয়াউর রহমান ফাউন্ডেশনের গত কয়েক দশকের বহুমাত্রিক কাজ থেকে সরকারের জনমুখী অনেক নীতিমালার অনুপ্রেরণা এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তাঁর ভাষ্য, ফাউন্ডেশনটি স্বনির্ভর ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন ঘিরে অনুষ্ঠানটি হয়।

মাহদী আমিন জানান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং নারী ও যুব ক্ষমতায়নে প্রতিষ্ঠানটির নানামুখী কাজ রয়েছে। করোনা মহামারির সময় খুদে বিজ্ঞানীদের নিয়ে ভার্চুয়াল বিজ্ঞান মেলা করেছিল ফাউন্ডেশন। সেখান থেকে অনুপ্রেরণা নিয়েই সরকার গঠনের পর শিক্ষা মন্ত্রণালয় সাধারণ, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ের ২৮ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় বিজ্ঞান উৎসবের আয়োজন করে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফাউন্ডেশনের এবারের আয়োজন থেকে প্রেরণা নিয়ে ভবিষ্যতে সরকারও আরও বড় পরিসরে উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, তরুণ জনশক্তি এবং শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, সৃজনশীল চিন্তাই আগামীর বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। দেশের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বা তরুণ জনশক্তিকে মাথায় রেখেই নির্বাচিত সরকার নীতিমালা তৈরি করছে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনকে একটি স্বতন্ত্র ও ভিন্নমাত্রিক প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করেন তিনি। এর প্রেসিডেন্ট হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সরাসরি নেতৃত্ব দিচ্ছেন। ফ্যাসিবাদের দীর্ঘ রক্তক্ষয়ী সময়েও সব রক্তচক্ষু উপেক্ষা করে প্রতিষ্ঠানটি মানুষের কল্যাণে কাজ করে গেছে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত বিজ্ঞানী, শিক্ষক ও শিক্ষার্থীদের দেশের সবচেয়ে বড় গৌরব আখ্যা দেন মাহদী আমিন। তিনি বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিতে বাংলাদেশিরা আজ মেধা, প্রজ্ঞা আর সৃজনশীলতার স্বাক্ষর রাখছেন। দেশের ভেতরেও সরকার এই মেধাকে ঠিকভাবে কাজে লাগাতে চায়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সম্ভাবনাময় প্রকল্পের পাশে দাঁড়াতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের আহ্বান জানান তিনি। তাঁর মতে, এসব প্রকল্প থেকেই ভবিষ্যতে পেটেন্ট তৈরি হবে, উদ্ভাবনী ধারণা বাণিজ্যিক রূপ পাবে এবং বাস্তব জীবনের সমস্যার সমাধানও বেরিয়ে আসবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স ও মেশিন লার্নিংয়ের এই যুগে প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগানো গেলে নতুন কর্মসংস্থানের অবারিত সুযোগ তৈরি হবে বলেও মনে করেন তিনি।

শিক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি স্তরে সংস্কারের কাজ চলছে। এর লক্ষ্য দুটি। একটি হলো মানবিক মূল্যবোধ ও সামাজিক শিক্ষায় সমৃদ্ধ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। অন্যটি এমন কর্মদক্ষতা তৈরি করা, যাতে তারা দেশ ও বিশ্ববাজারে নেতৃত্ব দিতে পারে বা সফল উদ্যোক্তা হতে পারে।

গণতন্ত্র সুরক্ষা ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা প্রসঙ্গে মাহদী আমিন বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকতেই পারে। তবে ফ্যাসিবাদের প্রশ্নে, গণতন্ত্র সুরক্ষার স্বার্থে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে সবাই এক ও অভিন্ন। জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য সবাই মিলে নিশ্চিত করার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র, অধিকার ও স্বাধীনতা রক্ষায় শিক্ষার্থী ও শিক্ষকদের শক্তিশালী ভূমিকা ওই গণঅভ্যুত্থানেই প্রমাণিত হয়েছে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান এবং চট্টগ্রামের ঐতিহাসিক গুরুত্বের কথাও স্মরণ করেন তিনি। মাহদী আমিন বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শহীদ জিয়ার রাষ্ট্রনায়ক হয়ে ওঠার যাত্রা এই চট্টগ্রাম থেকেই শুরু হয়েছিল। এখানেই তিনি শাহাদাত বরণ করেন।

তাঁর ভাষ্য, তৈরি পোশাকশিল্প ও বিদেশে জনশক্তি রপ্তানির সূচনা, বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি, নারী ও যুব উন্নয়নে আলাদা মন্ত্রণালয় গঠন এবং কোস্টগার্ড ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিষ্ঠা ছিল শহীদ জিয়ার দূরদর্শী উদ্যোগ। সার্ক প্রতিষ্ঠা এবং জাতিসংঘসহ বৈশ্বিক প্ল্যাটফর্মে তিনি বাংলাদেশকে মর্যাদার আসনে নিয়ে গিয়েছিলেন। ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর মাধ্যমে পাহাড় ও সমতলের সব মানুষকে এক করেছিলেন। শহীদ জিয়ার সেই আদর্শই আজ জিয়াউর রহমান ফাউন্ডেশনে অনুরণিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বিজ্ঞান মেলা-২০২৬ এর আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ও সদস্য সচিব ডা. মোস্তফা আজিজ সুমন, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী উমাশাহ্ উমায়ুন মনি চৌধুরী ও সদস্য সচিব ডা. এস এম সারোয়ার আলম প্রমুখ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ