২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ফতুল্লায় ‘রতন ডাইং’ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিক বার্ন ইনস্টিটিউটে, মালিক আটক

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২০-১১-২০২৬
ফতুল্লায় ‘রতন ডাইং’ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিক বার্ন ইনস্টিটিউটে, মালিক আটক ছবিঃ সংগৃহীত

ফতুল্লার একটি ডাইং কারখানায় বিস্ফোরণের পর আগুনে দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। ঘটনার পর কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত দুইটার দিকে ফতুল্লার ইসদাইর এলাকার ‘রতন ডাইং’ কারখানায় দুর্ঘটনাটি ঘটে। দগ্ধ পাশা (৪০) ও রঞ্জিতকে (৪৫) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রাত ২টার দিকে রতনের মালিকানাধীন কারখানাটিতে বিকট শব্দে বিস্ফোরণ হয়। আওয়াজ শুনে আশপাশের মানুষ ছুটে আসেন। পরে দগ্ধ অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ফতুল্লা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আবু রায়হান নূর মালিক আব্দুল বাসেত রতনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকের তথ্য নিশ্চিত করেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বাসসকে জানান, দগ্ধ দুই রোগীকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছিল। পাশার শরীরের ৮৭ শতাংশ আর রঞ্জিতের ৫২ শতাংশ পুড়ে গেছে। দুজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত। হাসপাতালে ভর্তি রেখে তাঁদের চিকিৎসা চলছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন বাসসকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল কারখানাটি পরিদর্শন করেছে। পুরো তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানানো হবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ