মুক্তির প্রথম দিন শেষে ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (Grand Theft Auto 6) বা ‘জিটিএ ৬’-এর আয় প্রায় ২ দশমিক ৩৬ বিলিয়ন (২৩৬ কোটি) মার্কিন ডলারে পৌঁছেছে। বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘সেন্সর টাওয়ার’ এই হিসাব দিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, প্রি-অর্ডার ও প্রথম দিনের বিক্রি একসঙ্গে ধরলে গেমটির ২ কোটি ৪৫ লাখের বেশি কপি বিক্রি হয়েছে।
ওপেন-ওয়ার্ল্ড অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার এই ভিডিও গেমের জন্য গেমারদের অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ১৩ বছর। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গেমটি বিশ্বজুড়ে মুক্তি পায়। প্রথম দিনের এই ব্যবসাকে বিনোদন জগতের ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্যের রেকর্ড বলে ধারণা করা হচ্ছে।
চলচ্চিত্রের সঙ্গে মিলিয়ে দেখলে অঙ্কটা আরও স্পষ্ট হয়। চলতি বছর এ পর্যন্ত সর্বোচ্চ আয় করা ছবি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ প্রেক্ষাগৃহে তার পুরো প্রদর্শনী শেষ করে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার আয় করেছিল।
গেমটির বিক্রির আনুষ্ঠানিক পরিসংখ্যান এখনো প্রকাশ করেনি নির্মাতা প্রতিষ্ঠান ‘রকস্টার গেমস’। এর মূল কোম্পানি ‘টেক-টু ইন্টারঅ্যাকটিভ’ও কোনো হিসাব দেয়নি। দুই প্রতিষ্ঠানের ভাষ্য অবশ্য একটাই: গেমটির চাহিদা ছিল ‘নজিরবিহীন’। বিষয়টি নিয়ে মন্তব্য চেয়ে প্রতিষ্ঠান দুটির সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।
প্রায় তিন দশক ধরে চলা রকস্টারের ক্রাইম সিমুলেটর সিরিজের সবশেষ সংস্করণ হলো ‘জিটিএ ৬’। গেমটিতে আমেরিকান ড্রিমকে দেখানো হয়েছে ব্যঙ্গের চোখে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আদলে গড়া কাল্পনিক অঙ্গরাজ্য ‘লিওনিডা’য় খেলোয়াড়েরা থাকবেন পেশাদার অপরাধীর ভূমিকায়। নতুন পর্বের কাহিনি এগিয়েছে দুই অপরাধীকে নিয়ে, তারা হলো লুসিয়া ও তার সঙ্গী জেসন।
ধারণা করা হচ্ছে, জিটিএ ৬ বানাতে ১ বিলিয়ন (১০০ কোটি) ডলারের বেশি খরচ হয়েছে। সেই হিসাবে এটি এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেম।
সেন্সর টাওয়ারের তথ্যে দেখা যায়, মোট বিক্রির প্রায় তিন-চতুর্থাংশ হয়েছে ‘প্লেস্টেশন ৫’-এর জন্য। বাকি অংশ গেছে ‘এক্সবক্স’ কনসোলের ভাগে। প্রতিষ্ঠানটি আরও পূর্বাভাস দিয়েছে যে জিটিএ ৬ জনপ্রিয় হওয়ায় অন্য সিঙ্গেল-প্লেয়ার গেমের পেছনে গেমাররা ১০ শতাংশ কম সময় দেবেন।
চলতি বছর শেষ হওয়ার আগেই বিশ্বজুড়ে জিটিএ ৬-এর বিক্রি ৩ বিলিয়ন (৩০০ কোটি) ডলার ছাড়িয়ে যাবে বলে মনে করছে গেমিং বাজার নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান ‘নিকো পার্টনার্স’। তবে সর্বকালের হিসাবে গেমটিকে এখনো কিছুটা পথ পাড়ি দিতে হবে। মুদ্রাস্ফীতি সমন্বয় করলে ১৯৩৯ সালের ক্ল্যাসিক চলচ্চিত্র ‘গন উইথ দ্য উইন্ড’-এর আয় দাঁড়ায় ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে একেক টাইম জোনে গেমটি মুক্তি পায়, আর তখন থেকেই বিশ্বজুড়ে গেমারদের মধ্যে উন্মাদনা শুরু হয়। অনেকে সারা রাত জেগে খেলেছেন। কেউ কেউ শুক্রবার অফিস থেকে ছুটিও নিয়েছেন। কনসোলে গেমটির ২১২ গিগাবাইটের ফাইল ডাউনলোড করতে গিয়ে যুক্তরাজ্যের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ‘ভার্জিন মিডিয়া ও২’-এর সন্ধ্যার ইন্টারনেট ট্রাফিক আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
সমালোচকেরাও গেমটির ব্যাপক প্রশংসা করছেন। বিনোদন ও গেমিং মাধ্যম ‘আইজিএন’ গেমটিকে ‘আপসহীনভাবে নির্মিত’ মাস্টারপিস বলেছে।
কম্পিউটার বা পিসি সংস্করণ কবে মুক্তি পাবে, নিউইয়র্কভিত্তিক স্টুডিও রকস্টার তা এখনো জানায়নি। মাল্টিপ্লেয়ার সংস্করণের তারিখও ঘোষণা করা হয়নি। ২০১৩ সালে আসা ‘জিটিএ ৫’-এর ক্ষেত্রে দেখা গেছে, মাল্টিপ্লেয়ার চালুর পর গেমাররা গেমের ভেতরে বাড়ি, গাড়িসহ নানা সুবিধা কিনতে আসল টাকা খরচ করতে শুরু করেন, তখন রকস্টারের আয় কয়েক গুণ বেড়ে যায়।
গেমটিতে মাত্রাতিরিক্ত সহিংসতা ও গ্রাফিক দৃশ্য থাকায় জাপানে এর কিছু অংশ সেন্সর করা হয়েছে। চীনের মূল ভূখণ্ডে সিরিজের আগের গেমগুলো বিক্রির অনুমোদন পায়নি, জিটিএ ৬-ও সেখানে অনুমোদন পায়নি।